শিফা আক্তার:
“যে শিক্ষার্থী এআইকে ব্যবহার করে জ্ঞান অর্জন করে, সে প্রযুক্তির সুবিধা নেয়; আর যে এআইয়ের ওপর চিন্তার দায়িত্ব ছেড়ে দেয়, সে নিজের মেধা বিকাশের সুযোগ হারায়।”

সম্পর্ক বিচ্ছেদের মরণফাঁদ যখন এআই অ্যালগরিদম
কৃত্রিম বুদ্ধিমত্তার আবির্ভাব মানবসভ্যতার ইতিহাসে এক যুগান্তকারী বৈপ্লবিক রূপান্তরের সূচনা করেছে। অজপাড়াগাঁয়ের প্রত্যন্ত অঞ্চলের ছোট্ট শিশুটি থেকে শুরু করে নগরের প্রবীণ নাগরিকটি পর্যন্ত—প্রায় সকলেই আজ কৃত্রিম বুদ্ধিমত্তার বৈপ্লবিক আবির্ভাবের সঙ্গে পরিচিত।
আজ স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীরা এই প্রযুক্তি দ্বারা অধিক মাত্রায় প্রভাবিত। তারা নোট তৈরি, অ্যাসাইনমেন্ট করা, পরীক্ষার উত্তর তৈরি, প্রবন্ধ ও সৃজনশীল লেখা, গবেষণাপত্র তৈরি, অনুবাদ, উপস্থাপনা তৈরি, গাণিতিক সমস্যা সমাধান ও ব্যক্তিগত সমস্যা সমাধানের মতো বুদ্ধিভিত্তিক, মননশীল ও সৃজনশীল কাজে এআইয়ের ওপর অধিক মাত্রায় নির্ভর করে থাকে। এখন প্রশ্ন থেকে যায়, এই প্রভাব কি আসলেই ইতিবাচক, নাকি নেতিবাচক? এআই কি তাদের বুদ্ধিভিত্তিক চিন্তার উৎকর্ষ সাধন করছে, নাকি তারা এআইয়ের ওপর অধিক মাত্রায় নির্ভরশীল হয়ে পড়ছে?
শিক্ষার্থীরা তাদের মেধা ও বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে নতুন নতুন জিনিস আবিষ্কার করবে, এটাই তাদের কাছ থেকে প্রত্যাশা করা হয়। কিন্তু তারাই যদি এই উদ্ভাবনের যুগে এসে চিন্তা ও মননকে কাজে না লাগিয়ে অধিক মাত্রায় এআইয়ের ওপর নির্ভরশীল হয়ে যায়, তাহলে নবউদ্ভাবন করবে কারা? তাই এআইকে জ্ঞান অর্জনের মাধ্যম হিসেবে ব্যবহার করতে হবে, কখনোই এর ওপর চিন্তার দায়িত্ব ছেড়ে দেওয়া যাবে না।
এআই কীভাবে শিক্ষার্থীর চিন্তার জগৎ প্রসারিত করে, তা বোঝার জন্য আমাদের বুঝতে হবে, চিন্তার জগৎ প্রসারিত হওয়া বলতে কী বোঝায়? চিন্তার জগৎ প্রসারিত হওয়া বলতে শুধু নতুন তথ্য জানা নয়; বরং নতুনভাবে চিন্তা করা, প্রশ্ন করতে শেখা, যুক্তি বিশ্লেষণ করা এবং কোনো বিষয়কে ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখার সক্ষমতা অর্জন করাকে বোঝায়।
এআই আমাদের জানার পরিধি বিস্তৃত করার মাধ্যমে আমাদের চিন্তার উৎকর্ষ সাধন করে থাকে। যখন কোনো শিক্ষার্থী কোনো বিষয় সম্পর্কে জানার জন্য এআইকে প্রশ্ন করে, তখন এআই তাকে বিভিন্ন তথ্য, ব্যাখ্যা ও উদাহরণ দিয়ে সাহায্য করে। ফলে শিক্ষার্থী পাঠ্যবইয়ের নির্দিষ্ট আলোচনার বাইরে জানার ব্যাপক সুযোগ পায়।
এআই শিক্ষার্থীদের বহুমাত্রিক চিন্তার সুযোগ করে দেওয়ার মাধ্যমে তাদের চিন্তার উৎকর্ষ সাধন করে। ফলে শিক্ষার্থী কোনো একটি বিষয়কে নিজের সীমিত দৃষ্টিভঙ্গি দিয়ে বিচার না করে, অন্যের মতামত ও যুক্তিও বিবেচনা করতে শেখে।
এআই শিক্ষার্থীদের জটিল বিষয় সহজে বুঝতে সাহায্য করে। যখন কোনো শিক্ষার্থী কোনো জটিল বিষয় বুঝতে অক্ষম হয়, তখন সে বিষয়টিকে সহজ ভাষায়, উদাহরণ দিয়ে কিংবা ধাপে ধাপে ব্যাখ্যা করিয়ে নিতে পারে। ফলে শিক্ষার্থী কোনো বিষয় না বুঝে মুখস্থ করার পরিবর্তে সেটি নিয়ে গভীরভাবে চিন্তা করার সুযোগ পায়।
এআই আমাদের যুক্তি ও বিশ্লেষণী ক্ষমতা বিকাশে সহায়তা করে। শিক্ষার্থী এআইয়ের দেওয়া তথ্যের সঙ্গে নিজের জানা তথ্যের তুলনা করতে পারে। কোনো বক্তব্যের পক্ষে-বিপক্ষে যুক্তি চাইতে পারে। এতে তথ্য যাচাই ও যুক্তি বিশ্লেষণের অনুশীলন হয়। এভাবে শিক্ষার্থীর চিন্তার উৎকর্ষ সাধন হয়।
এআইকে যখন আমরা উপরিউক্ত কার্যক্রমের পরিবর্তে নোট, অ্যাসাইনমেন্ট ও গবেষণাপত্র তৈরি, পরীক্ষার উত্তর তৈরি, উপস্থাপনা তৈরি, অনুবাদ করা, গাণিতিক ও ব্যক্তিগত সমস্যার সমাধানের কাজে ব্যবহার করব, তখন আমরা এর ওপর নির্ভরশীল হব। কিন্তু যদি আমরা এআইকে সুবিবেচনাপ্রসূতভাবে ব্যবহার করি, তখন তা আমাদের চিন্তার উৎকর্ষ সাধন করবে।
সুতরাং, এআই কখনো নিজে নিজে মানুষের চিন্তাশক্তি বাড়াতে অথবা কোনো ব্যক্তিকে এর ওপর নির্ভরশীল করে তুলতে পারে না। মূলত, শিক্ষার্থীর ব্যবহারই বলে দেয় যে, সে আসলে এআইকে চিন্তার উৎকর্ষ সাধনে ব্যবহার করছে, নাকি এর ওপর নির্ভরশীল হচ্ছে।
শিক্ষার্থী, আরবি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
