২২ নভেম্বর, ২০২৬
English
Network News BD

সনদ আছে, চাকরি নেই: শিক্ষিত বেকারত্বের সংকট কোথায়?

নেটওয়ার্ক নিউজ বিডি
নেটওয়ার্ক নিউজ বিডি
প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬ | ০৬:০৭ পিএম | ৫৫ বার পঠিত

শিফা আক্তার

“শিক্ষা আছে, ডিগ্রি আছে, চাকরি কেন নেই? এই প্রশ্নটি সচেতনচিত্তে একটু নিজেকে করে দেখুন তো।” ডিগ্রি মানুষকে শিক্ষিত হিসেবে প্রমাণিত করার একটি উপায় মাত্র। কিন্তু শুধু ডিগ্রি অর্জনের দ্বারাই একজন মানুষ তার কাঙ্ক্ষিত কর্মের সংস্থান পেতে পারে না। প্রতিযোগিতামূলক এই চাকরির বাজারে নিজেকে যোগ্য হিসেবে প্রমাণিত করতে ডিগ্রির পাশাপাশি প্রয়োজন জ্ঞান, দক্ষতা, অভিজ্ঞতা ও বাস্তব প্রয়োগভিত্তিক ক্ষমতা।

ছোটবেলা থেকে আমরা এই কথা শুনেই বড় হয়েছি যে, মন দিয়ে পড়ো, রেজাল্ট ভালো করো, ডিগ্রি অর্জন করো, তাহলেই জীবনে সফলতা আসবে। তাই তো আমরা ব্যবহারিক জ্ঞানকে গুরুত্ব না দিয়ে তাত্ত্বিক জ্ঞানকেই অপরিহার্য বলে মনে করে আসছি। পরিশেষে, ডিগ্রি অর্জন করেছি ঠিকই, কিন্তু কতটুকু নিজেকে দক্ষ করে গড়ে তুলেছি, সেই প্রশ্নটি থেকে যায়। ডিগ্রি অর্জনই কি নিজের যোগ্যতার পরিমাপক? অবশ্যই না।

আরও পড়ুন

অভিজ্ঞতা চাই, অভিজ্ঞতা অর্জনের সুযোগ কোথায়?

তাই যখন বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পার হয়ে বাস্তবতার কাঠগড়ায় দাঁড়াতে হয়, তখন এই রব ওঠে যে,

“হই হই রই রই, চাকরি আমার গেল কই!”

আমাদের শিক্ষাব্যবস্থা মূলত তাত্ত্বিক বা মুখস্থভিত্তিক শিক্ষাব্যবস্থা। শিক্ষাজীবনের শুরু থেকে কখনো ব্যবহারিক শিক্ষার প্রয়োজনীয়তা অনুভব করানো হয়নি বলে বই মুখস্থ ও ডিগ্রি অর্জনই ছিল মূল লক্ষ্য। তাই শিক্ষার্থীরা ব্যবহারিক বা প্রায়োগিক শিক্ষার ওপর গুরুত্ব না দিয়ে মুখস্থভিত্তিক শিক্ষার ওপর বেশি গুরুত্ব দিয়ে থাকে। কিন্তু কর্মক্ষেত্রে দেখা যায় এর ভিন্ন রূপ। সেখানে ব্যবহারিক শিক্ষা ও অভিজ্ঞতাকেই প্রাধান্য দেওয়া হয়। ফলে ডিগ্রিধারী শিক্ষার্থীরা ব্যবহারিক জ্ঞানের অভাবে চাকরির বাজার থেকে ছিটকে পড়ে।

আজকাল শিক্ষার্থীরা প্রয়োজনীয় দক্ষতা, যেমন যোগাযোগ দক্ষতা, সমস্যা সমাধানের দক্ষতা ও দলগতভাবে কাজ করার কর্মদক্ষতা হারাচ্ছে। বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থায় তারা সিজির পেছনে এমনভাবে ছুটে, যেন ক্লাস, নোট, পরীক্ষা ও ডিগ্রি অর্জন ছাড়া তাদের জীবনে আর কোনো প্রয়োজনীয়তা নেই। তাই যখন তারা বিশাল প্রতিযোগিতামূলক চাকরির বাজারে পা রাখে, তখন তাদের কাছ থেকে দলগতভাবে কাজ করার দক্ষতা, সমস্যা সমাধানের দক্ষতা ও নেতৃত্বগুণ প্রত্যাশা করা হলে তারা পিছিয়ে পড়ে। ফলে ডিগ্রি থাকলেও চাকরির বাজারে টিকে থাকতে পারছে না।

বর্তমান পৃথিবী মূলত প্রযুক্তিনির্ভর পৃথিবী। যেখানে প্রত্যেকটা মানুষ সকাল থেকে রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত কোনো না কোনোভাবে প্রযুক্তির সঙ্গে জড়িত। তাই আজকের সমাজে চলতে গেলে প্রযুক্তি ও তার ব্যবহার সম্পর্কে স্বচ্ছ ধারণা রাখতে হবে। তাই শিক্ষার্থীরা প্রযুক্তি ব্যবহারে পারদর্শী না হলে বিশাল প্রতিযোগিতামূলক এই চাকরির বাজারে টিকে থাকা সম্ভব হবে না। বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা বড় প্রভাব আমাদের দেশসহ পুরো বিশ্বে রয়েছে। তাই কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), অটোমেশন ও ডিজিটাল প্রযুক্তির কারণে অনেক কাজের ধরন বদলে যাচ্ছে। ফলে নতুন প্রযুক্তির সঙ্গে দক্ষতা উন্নয়ন করতে না পারলে শিক্ষার্থীদের চাকরির বাজারে পিছিয়ে পড়ার আশঙ্কা থাকে।

বর্তমানে বেশিরভাগ শিক্ষার্থীর মূল আকর্ষণ সরকারি চাকরি। কিন্তু সরকারি চাকরির ক্ষেত্রে রয়েছে সীমিত সংখ্যক পদ। তাই একজন চাকরিপ্রার্থীকে চাকরির উপযোগী হিসেবে নিজেকে যথাযথভাবে গড়ে তুলতে হবে। তবেই চাকরি পাওয়ার সম্ভাবনা বাড়বে।

ইংরেজি হলো আন্তর্জাতিক ভাষা। তাছাড়া চাকরির ক্ষেত্রে শুরু থেকে শেষ পর্যন্ত ইংরেজি ওতপ্রোতভাবে জড়িত। একজন শিক্ষার্থী যদি ইংরেজিতে কথা বলা ও লেখায় পরিপূর্ণভাবে পারদর্শী না হয়, তাহলে তার চাকরির বাজার থেকে সহজেই ছিটকে পড়ার সম্ভাবনা আছে। আজকের সমাজে আমরা উদ্যোক্তা হওয়ার চেয়ে চাকরিকে অধিক মাত্রায় প্রাধান্য দিয়ে থাকি। ফলে যেমন শিক্ষিত বেকারের সংখ্যা বাড়ছে, তেমনি প্রতিযোগিতার লড়াই ও কর্মসংস্থানের সংকটের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে।

আজকের আধুনিক ও প্রযুক্তিনির্ভর এ যুগ প্রতিযোগিতার যুগ। তাই এই যুগে কেবল ডিগ্রি অর্জন করলেই চলবে না। প্রতিযোগিতামূলক এই বিশ্বে নিজেকে টিকিয়ে রাখতে হলে একজন মানুষকে সব দিক দিয়ে পারদর্শী হতে হবে। তাহলেই সে যেকোনো পেশায় নিজের অবস্থানকে সুদৃঢ় ও অপরাজেয় করতে সক্ষম হবে। তাই প্রত্যেককে প্রায়োগিক শিক্ষা, সমস্যা সমাধানের দক্ষতা, দলগতভাবে কাজ করার দক্ষতা, নেতৃত্বগুণ, ভাষাদক্ষতা ও প্রযুক্তিভিত্তিক জ্ঞান ইত্যাদি অর্জন করতে হবে। কারণ, “সনদ শিক্ষার পরিচয় বহন করে, কিন্তু দক্ষতা মানুষের যোগ্যতার পরিচয় প্রকাশ করে।”

লেখক: শিক্ষার্থী, আরবি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। 

ফলো করুন

লিখতে পারেন আপনিও!

আপনার এলাকার ঘটে যাওয়া ঘটনা, মতামত, ফিচার বা সৃষ্টিশীল সাহিত্য পাঠাতে পারেন আমাদের ঠিকানায়। নিয়ম ও শর্তাবলি জানতে কন্ট্রিবিউটর গাইডলাইন দেখুন।

ফটো কার্ড প্রিভিউ

Logo
২১ নভেম্বর ২০২৬
News Image
Watermark

সনদ আছে, চাকরি নেই: শিক্ষিত বেকারত্বের সংকট কোথায়?

networknewsbd.com
বিস্তারিত কমেন্টে
News Image
Watermark

সনদ আছে, চাকরি নেই: শিক্ষিত বেকারত্বের সংকট কোথায়?

২১ নভেম্বর ২০২৬
networknewsbd.com
ফটোকার্ড জেনারেটর
Network News BD
সনদ আছে, চাকরি নেই: শিক্ষিত বেকারত্বের সংকট কোথায়?
খোলা জানালা | ২১ নভেম্বর, ২০২৬
📰 বিস্তারিত কমেন্টে দেখুন