সামীনা জান্নাত:
চাকরির বিজ্ঞপ্তিতে অভিজ্ঞতার চাহিদা নতুন কিছু নয়। তবে একজন সদ্য স্নাতক যখন চাকরির বাজারে প্রবেশ করতে যান, তখন এই শর্তই তাঁর সামনে বড় বাধা হয়ে দাঁড়ায়। অধিকাংশ চাকরির বিজ্ঞপ্তিতে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি পূর্ববর্তী কাজের অভিজ্ঞতাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। অথচ বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে আসা একজন নবীন স্নাতকের পক্ষে প্রয়োজনীয় কর্ম-অভিজ্ঞতা অর্জনের সুযোগ সবসময় থাকে না। ফলে শিক্ষাজীবন শেষ করেও অনেক তরুণ-তরুণী কর্মজীবনের শুরুতেই অনিশ্চয়তায় পড়েন। অন্যদিকে, বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ দিলেও সেই শিক্ষা কতটা বাস্তব কর্মক্ষেত্রের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। চাকরির বাজারে নিয়োগদাতারা অভিজ্ঞতা চান, কিন্তু বিশ্ববিদ্যালয়গুলো কি শিক্ষার্থীদের সেই অভিজ্ঞতা অর্জনের উপযুক্ত করে গড়ে তুলতে পারছে?
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) শ্রমশক্তি জরিপ ২০২৪ অনুযায়ী, দেশে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষিতদের মধ্যে বেকারত্বের হার ১৩ দশমিক ৫৪ শতাংশ। একই জরিপে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষিত বেকারের সংখ্যা প্রায় ৮ লাখ ৮৫ হাজার বলে উঠে এসেছে। উচ্চশিক্ষা সম্পন্ন করেও বিপুলসংখ্যক তরুণের কর্মসংস্থান না হওয়া শুধু চাকরির সংকট নয়, বরং শিক্ষাব্যবস্থা ও কর্মবাজারের মধ্যকার দূরত্বের বিষয়টিও সামনে নিয়ে আসে।
এই দূরত্বের আরেকটি দিক দেখা যায় শিক্ষার্থীদের অর্জিত ফলাফল ও বাস্তব দক্ষতার মধ্যে। প্রতিবছর বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে অনেক শিক্ষার্থী ভালো সিজিপিএ নিয়ে স্নাতক সম্পন্ন করেন। কিন্তু কর্মক্ষেত্রে প্রয়োজনীয় কিছু মৌলিক দক্ষতার প্রশ্নে তাঁদের অনেকেই পিছিয়ে পড়েন। কম্পিউটার পরিচালনা, ইংরেজিতে যোগাযোগ, উপস্থাপনা কিংবা সমস্যা সমাধানের মতো দক্ষতার ঘাটতি তাঁদের কর্মজীবনে বাধা হয়ে দাঁড়ায়। সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) ও ফ্রিডরিখ এবার্ট স্টিফটুংয়ের (এফইএস) ২০২২ সালের যৌথ গবেষণায় নিয়োগদাতাদের প্রত্যাশিত দক্ষতা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সাম্প্রতিক স্নাতকদের দক্ষতার মধ্যে উল্লেখযোগ্য ব্যবধানের বিষয়টি উঠে এসেছে। বিশেষ করে যোগাযোগ ও ইংরেজি দক্ষতায় এই ব্যবধান স্পষ্ট।
এই ব্যবধানের অন্যতম কারণ আমাদের গতানুগতিক পাঠ্যক্রম ও পরীক্ষানির্ভর মূল্যায়নপদ্ধতি। অনেক ক্ষেত্রে শিক্ষার্থীরা পরীক্ষায় ভালো ফল করার জন্য মুখস্থনির্ভর পড়াশোনায় বেশি মনোযোগ দেন। ফলে অর্জিত জ্ঞান বাস্তবে প্রয়োগের সুযোগ সীমিত থাকে। একজন শিক্ষার্থী চার বছরের অনার্সজীবনে থিসিস বা টার্ম পেপারের বাইরে বাস্তবভিত্তিক প্রকল্প, ইন্টার্নশিপ কিংবা পেশাগত পরিবেশে কাজের পর্যাপ্ত সুযোগ পান না। বিশ্ববিদ্যালয়গুলো তাত্ত্বিক জ্ঞানদানে যতটা মনোযোগী, অর্জিত জ্ঞান বাস্তবে প্রয়োগের সুযোগ তৈরির ক্ষেত্রেও ততটাই উদ্যোগী হওয়া প্রয়োজন।
অবশ্য কিছু শিক্ষার্থী নিজ উদ্যোগে বিভিন্ন প্রশিক্ষণ, অনলাইন কোর্স, স্বেচ্ছাসেবামূলক কাজ ও ইন্টার্নশিপের মাধ্যমে নিজেদের প্রস্তুত করেন। কিন্তু সবার পক্ষে সমানভাবে এসব সুযোগ খুঁজে নেওয়া সম্ভব হয় না। অনেক সময় প্রয়োজনীয় দিকনির্দেশনা ও প্রাতিষ্ঠানিক সহযোগিতারও অভাব থাকে। অথচ বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমের সঙ্গে ব্যবহারিক শিক্ষা, ইন্টার্নশিপ, কম্পিউটার ও ভাষা প্রশিক্ষণ যুক্ত করা গেলে শিক্ষার্থীরা স্নাতক শেষ করার আগেই কর্মজীবনের জন্য প্রস্তুত হয়ে উঠবেন।
এ সংকটের দায় শুধু শিক্ষার্থীদের ওপর চাপিয়ে দেওয়ার সুযোগ নেই। শিক্ষার্থীদের নিজেদের দক্ষতা উন্নয়নে উদ্যোগী হওয়ার পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলোকেও দায়িত্ব নিতে হবে। বিশ্বব্যাংকের ২০১৯ সালের গবেষণাতেও স্নাতকদের কর্মসংস্থানের ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠান ও নিয়োগদাতা প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় বাড়ানোর প্রয়োজনীয়তা উঠে এসেছে।
বিশ্ববিদ্যালয়ের কাজ শুধু সনদ প্রদান নয়, বরং শিক্ষার্থীদের বাস্তব জীবনের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম করে তোলা। উচ্চশিক্ষা যেন কেবল ডিগ্রি অর্জনের মধ্যে সীমাবদ্ধ না থাকে, বরং প্রতিটি শিক্ষার্থী যেন অর্জিত জ্ঞান ও দক্ষতা দিয়ে নিজের কর্মজীবনের পথ তৈরি করতে পারেন, সেই সুযোগ নিশ্চিত করাই হোক বিশ্ববিদ্যালয়গুলোর লক্ষ্য
শিক্ষার্থী, ইসলামিক স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
