মোছাঃ জান্নাতুন ফেরদৌস:
বর্তমান সমাজে বিবাহবিচ্ছেদ কিংবা ইয়ং জেনারেশনের মধ্যে হারাম রিলেশনের ব্রেকআপ এখন নিত্যনৈমিত্তিক ঘটনা। ভয়াবহভাবে প্রতিনিয়ত এই ধরনের ঘটনা বেড়েই চলেছে সমাজে। কেন বাড়ছে এই হৃদয়বিদারক বিচ্ছেদ? শুধু কি দাম্পত্য জীবনের কলহ-বিবাদই একমাত্র কারণ? রিলেশনশিপে শুধুই কি ভুল-বোঝাবুঝি অন্যতম কারণ? বিচ্ছেদের ঘটনায় প্রশ্নগুলো বরাবরের মতোই মাথায় ঘুরপাক খাওয়ার মতো। চলুন তবে জেনে নেওয়া যাক, কেন আর এই বিচ্ছেদের ঘটনা ঘটছে? এআইয়ের অ্যালগরিদমের প্রভাব কতটুকু? কোরআন ও হাদিস কী বলে এবং মানুষ নিজেরা কতটুকু দায়ী এর পেছনে।

মনের কথা কীভাবে জেনে যায় স্মার্টফোন?
পবিত্র কোরআনে নারী ও পুরুষের বিবাহ বা জোড়া মিলিয়ে দেওয়াকে আল্লাহর একটি বিশেষ নিদর্শন, পবিত্র অঙ্গীকার এবং মানবজাতির মানুষের প্রশান্তি ও বংশবিস্তারের প্রধান মাধ্যম হিসেবে বর্ণনা করা হয়েছে। কোরআনের দৃষ্টিতে বিবাহ কেবল সামাজিক ও আইনগত বৈধ চুক্তি নয়, বরং একটি ইবাদত এবং মানবজীবনের পূর্ণতার সোপান। আল্লাহ তায়ালা নিজে কোরআনে বলেছেন, “আর আমি তোমাদেরকে সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়।” (সুরা আন-নাবা, আয়াত: ৮)। এ সম্পর্কিত অন্য এক সুরাতেও তাঁর বাণী পাওয়া যায়, “পবিত্র ও মহান সত্তা, যিনি সকল জোড়া জোড়া সৃষ্টি করেছেন, জমিন যা উৎপন্ন করেছে তা থেকে, মানুষের নিজেদের মধ্য থেকে এবং সেসব কিছু থেকেও যা তারা জানে না।” (সুরা ইয়াসিন, আয়াত: ৩৬)।
বিবাহ মানসিক প্রশান্তি অর্জন করার অন্যতম উপায়। চরিত্র ও নৈতিকতা রক্ষার বৈধ বন্ধন ও সামাজিক ধারাবাহিকতা রক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ পন্থা। বিবাহের এত ফজিলতপূর্ণ দিক থাকার পরও কেন স্বামী-স্ত্রীর বিচ্ছেদ ঘটে এবং ঘটছে সমাজে, এ প্রশ্ন সবারই। এর প্রধান কারণ হিসেবে বলা যায়, মানুষ নিজেরাই এর জন্য দায়ী। আল্লাহতায়ালা অবিবাহিত নারী-পুরুষদের বিবাহ দিতে বলেছেন ঠিকই, কিন্তু একই সঙ্গে তিনি এটাও বলেছেন যে, যাদের সামর্থ্য নেই তারা যেন সংযমের পথ অবলম্বন করে। কোরআনে তিনি এভাবে বলেছেন, “আর তোমরা তোমাদের মধ্যকার সৎকর্মশীল অবিবাহিত নারী ও পুরুষ এবং দাস-দাসীদের বিবাহ দাও।” (সুরা আন-নূর, আয়াত: ৩২)। পরের আয়াতেই তিনি বলেন, “আর যাদের বিবাহের সামর্থ্য নেই, আল্লাহ তাদেরকে অভাবমুক্ত না করা পর্যন্ত তারা যেন সংযম অবলম্বন করে।” (সুরা আন-নূর, আয়াত: ৩৩)।
কিন্তু বর্তমানে সামর্থ্যহীন মানুষগুলোকে সামর্থ্যবান হয়ে বিয়ে করছে মোটেও না। বিশেষ করে গ্রাম অঞ্চলে শিক্ষিত ও দ্বীনের জ্ঞান নেই এমন মানুষের মধ্যে এ ধরনের প্রবণতা বেশি দেখা যায়। কাউকে ভালো লেগেছে, সাত-পাঁচ না ভেবে বিয়ে করার জন্য মরিয়া হয়ে ওঠে যুবকেরা। ছেলের বেকারত্বের কারণে মেয়ের পরিবার রাজি না হলেও কোনো সমস্যা নেই, তারা পালিয়ে বিয়ে করে নেয়। ফলস্বরূপ এ ধরনের বিবাহের বিচ্ছেদ ঘটে দুই-চার মাসের মধ্যেই। স্ত্রীর ভরণপোষণের ভার গ্রহণ করতে সমর্থ নয়, অথচ বিয়ে করার বেপরোয়া স্পৃহা এ ধরনের বিচ্ছেদের একটি শক্তিশালী কারণ। আর্থিক সংকট থেকেই পারিবারিক কলহের সৃষ্টি হয়, যার শেষ পরিণতি দাঁড়ায় বিচ্ছেদ।
এ ছাড়া আধুনিক যুগে স্মার্টফোনের কারণে আজ বহু সম্পর্ক ভেঙে যাচ্ছে। ঝগড়া লেগেছে, দুজন রাগ করে দুই রুমে চলে গেল। মনটা অস্থির লাগছে, তাই স্ত্রী হাতে থাকা স্মার্টফোনটি ওপেন করে ফেসবুক কিংবা ইনস্টাগ্রামে প্রবেশ করে স্ক্রল করতে শুরু করল। কিছুক্ষণ স্ক্রল করার পর হঠাৎ একটি ভিডিওতে এসে তার আঙুল থেমে গেল। ভিডিও দুই-তিনবার দেখল এবং নিজের জীবনের সঙ্গে মেলানোর চেষ্টা করল। ভিডিও থেকে দুঃখভারাক্রান্ত মনের এক নারীর কণ্ঠ ভেসে আসছে, যিনি বলছেন, “যিনি আপনাকে বোঝার চেষ্টা করেন না, তিনি কখনোই আপনাকে ভালোবাসেন না, কোনো দিন বাসেননি। আপনার কষ্ট যার মনে একটুও নাড়া দেয় না, বিশ্বাস করুন, তিনি আপনার কেউ নন, কখনো ছিলেন না।” ব্যাস! শুরু হয়ে গেল জল্পনা-কল্পনা, প্রিয় মানুষের সঙ্গে নিজের জীবনে ঘটে যাওয়া সব ঘটনা গল্পের সঙ্গে মেলানোর চেষ্টা এবং কয়েক মিনিটের মধ্যে একটা সম্পর্ককে নিজের ব্রেইনের মধ্যেই ভেঙে ফেলার নীলনকশা।
অপর পাশে স্বামীও একটি ভিডিও দুই-তিনবার দেখছে। ভিডিওতে বলা হচ্ছে, “যে আপনাকে সবসময় সন্দেহ করে, সে আপনাকে কখনো ভালোবাসেনি, সে একজন আদর্শ স্ত্রী কখনো হতে পারে না” ইত্যাদি ইত্যাদি। এআইয়ের অ্যালগরিদমগুলো এমনভাবে সাজানো থাকে যে, আপনি যে ভিডিও যতবার দেখছেন, ঠিক সেই ভিডিওগুলো আপনার ফোনে আসতে থাকে। স্বয়ংক্রিয়ভাবে আপনার রিকমেন্ডেশনে ওই ধরনের ভিডিওগুলো বিন্যস্ত হয়ে থাকে। এভাবেই ভেঙে যাচ্ছে হাজার হাজার সম্পর্ক।
বিশেষ করে ইয়ং জেনারেশনের মধ্যে আজকাল যে সম্পর্ক গড়ে ওঠে আবেগের বশে এবং হালকা আবেগেই আবার ভেঙেও যায়। তাই এ ধরনের পরিস্থিতি এড়িয়ে চলতে খারাপ সময়ে ফোনে ওই ধরনের নেতিবাচক ভিডিও স্কিপ করা জরুরি। আপনি যখন মানসিকভাবে ভালো থাকেন না, তখন ভিডিওতে যা বলা হয়, যা বোঝানো হয়, সবকিছুই আপনি আপনার জীবনের গল্পের সঙ্গে মেলাতে পারেন। এখানে বিশেষ একটি সাইকোলজির কাজ করে থাকে, যাকে মনোবিজ্ঞানের ভাষায় বলা হয় “Mood-Congruent Processing”। যখন কারো প্রতি কষ্ট, রাগ-অভিমান কাজ করে, তখন নিজের মনের অবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আবেগনির্ভর কনটেন্টের প্রতি আকর্ষণ তৈরি হয়। যেমন, মন খারাপের সময় দুঃখের রিলস দেখতে ভালো লাগে। এই ধরনের ভিডিওগুলো নেতিবাচক ধারণাকে আরও শক্তিশালী করতে একটি মহৌষধ হিসেবে কাজ করে আর এভাবে সৃষ্টি হয় সম্পর্ক ভাঙনের পথ।
রাসুল (সা.) বলেছেন, “কোনো মুমিন পুরুষ কোনো মুমিন নারীকে ঘৃণা করবে না। তার কোনো একটি আচরণ অপছন্দ হলে অন্য কোনো আচরণে সে সন্তুষ্ট হবে।” (সহিহ মুসলিম, হাদিস: ১৪৬৯)। এ সম্পর্কে আল্লাহ নিজে বলেন, “মন্দকে প্রতিহত করো তা দিয়ে, যা উৎকৃষ্ট। ফলে তোমার সঙ্গে শত্রুতা রয়েছে, সে হয়ে যাবে অন্তরঙ্গ বন্ধুর মতো।” (সুরা ফুসসিলাত, আয়াত: ৩৪)।
তাই আমাদের উচিত ইসলামের প্রাথমিক জ্ঞানগুলো আয়ত্ত করা এবং প্রাত্যহিক জীবনে প্রয়োগ করে ফিতনা থেকে বেঁচে থাকা। রিলসের আবেগে গা না ভাসিয়ে আবেগ নিয়ন্ত্রণ করা জরুরি।
লেখক: শিক্ষার্থী, বাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
