২২ নভেম্বর, ২০২৬
English
Network News BD

তারেক রহমান: উত্তরাধিকার থেকে নেতৃত্ব, সংগ্রাম থেকে রাষ্ট্রনায়কত্ব

প্রফেসর ড. মোহাঃ হাছানাত আলী
প্রফেসর ড. মোহাঃ হাছানাত আলী
প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬ | ০৪:৩১ পিএম | ৫১ বার পঠিত

ইতিহাস কখনো কখনো একজন মানুষকে এমন এক সন্ধিক্ষণে দাঁড় করায়, যেখানে ব্যক্তিগত জীবন, পারিবারিক উত্তরাধিকার, রাজনৈতিক সংগ্রাম এবং রাষ্ট্রের ভবিষ্যৎ একই সুতোয় গাঁথা হয়ে যায়। ২০ নভেম্বর তেমনই এক মানুষের জন্মদিন। তারেক রহমান বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী। তাঁর জীবন কেবল একটি রাজনৈতিক পরিবারের উত্তরসূরির জীবন নয়; এটি দীর্ঘ রাজনৈতিক পথচলা, সাংগঠনিক দক্ষতা, প্রতিকূলতার মধ্যে অবিচল থাকা, প্রবাসজীবনের অভিজ্ঞতা এবং নতুন স্বপ্ন নিয়ে স্বদেশে প্রত্যাবর্তনের এক অনন্য আখ্যান।

বাংলাদেশের রাজনীতিতে তারেক রহমানের আবির্ভাব এমন একটি পরিবারে, যে পরিবারের সঙ্গে এ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক রাজনীতির ইতিহাস গভীরভাবে সম্পৃক্ত। তাঁর পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, একজন বীর মুক্তিযোদ্ধা, সেনাবাহিনীর প্রধান এবং পরবর্তী সময়ে রাষ্ট্রপতি। তিনি শুধু একজন সামরিক কর্মকর্তা কিংবা রাষ্ট্রপতি ছিলেন না; বহুদলীয় গণতন্ত্র, বাংলাদেশি জাতীয়তাবাদ এবং গ্রামীণ উন্নয়ন ও উৎপাদনমুখী রাজনীতির এক স্বতন্ত্র ধারা প্রতিষ্ঠার সঙ্গে তাঁর নাম জড়িয়ে আছে। তাঁর প্রবর্তিত খাল খনন কর্মসূচি, খাদ্য উৎপাদন বৃদ্ধি, গ্রামীণ অর্থনীতির বিকাশ এবং স্বনির্ভর বাংলাদেশের স্বপ্ন আজও রাজনৈতিক আলোচনায় প্রাসঙ্গিক।

আরও পড়ুন

আজ ৬২ বছরে পদার্পণ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তারেক রহমানের মা বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং তিনবারের প্রধানমন্ত্রী। স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে সংসদীয় গণতন্ত্রের অভিযাত্রায় তাঁর ভূমিকা তাঁকে বাংলাদেশের রাজনীতিতে একটি স্বতন্ত্র অবস্থান দিয়েছে। রাজনৈতিক প্রতিকূলতা, কারাবাস, অসুস্থতা এবং ব্যক্তিগত শোকের মধ্যেও তাঁর অবিচল রাজনৈতিক অবস্থান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ। জীবদ্দশায় তিনি ‘গণতন্ত্রের মা’ অভিধায় অভিহিত হয়েছেন।

এমন একটি পরিবারের সন্তান হিসেবে তারেক রহমানের সামনে রাজনীতিতে প্রতিষ্ঠিত হওয়ার পথ হয়তো তুলনামূলকভাবে উন্মুক্ত ছিল। কিন্তু তিনি শুরুতেই রাষ্ট্রীয় ক্ষমতার কেন্দ্র কিংবা কোনো নির্বাচিত জনপ্রতিনিধির আসনকে নিজের রাজনৈতিক পরিচয়ের প্রধান ভিত্তি করেননি। বরং সংগঠনের তৃণমূল থেকে নিজের রাজনৈতিক যাত্রা শুরু করেন। ১৯৮৮ সালে বগুড়ার গাবতলী উপজেলা বিএনপির প্রাথমিক সদস্য হিসেবে তাঁর আনুষ্ঠানিক রাজনৈতিক পথচলা শুরু হয়। জন্ম ও পারিবারিক শিকড়ের সঙ্গে যুক্ত বগুড়ার মাটি থেকেই তিনি সংগঠনের রাজনীতিতে প্রবেশ করেন।

১৯৯১ সালের জাতীয় নির্বাচনে মায়ের নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ, ১৯৯৩ সালে বগুড়ায় দলীয় নেতৃত্ব নির্বাচনে গোপন ব্যালটের উদ্যোগ এবং পরবর্তী সময়ে সাংগঠনিক দায়িত্ব গ্রহণ তাঁর রাজনৈতিক বিকাশের উল্লেখযোগ্য অধ্যায়। ২০০২ সালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিবের দায়িত্ব পাওয়ার পর তাঁর সাংগঠনিক তৎপরতা আরও বিস্তৃত হয়। ২০০৫ সালে তিনি দেশের প্রতিটি উপজেলায় তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে সম্মেলন ও মতবিনিময়ের উদ্যোগ গ্রহণ করেন। দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গিয়ে তিনি নেতাকর্মীদের কথা শুনেছেন, স্থানীয় সমস্যার বিবরণ জেনেছেন এবং সংগঠনের ভবিষ্যৎ নিয়ে মতবিনিময় করেছেন।

রাজনীতির প্রচলিত সংস্কৃতিতে যেখানে অনেক নেতা কেন্দ্রের ক্ষমতাকে নিজের রাজনৈতিক শক্তির উৎস মনে করেন, সেখানে তারেক রহমান সংগঠনের শিকড়কে শক্তিশালী করার ওপর গুরুত্ব দিয়েছিলেন। রাজনীতি যে কেবল রাজধানীকেন্দ্রিক সভা-সমাবেশ নয়, বরং গ্রাম, ইউনিয়ন, উপজেলা এবং সাধারণ মানুষের জীবনযাপনের সঙ্গে সম্পর্কিত এই উপলব্ধি তাঁর সাংগঠনিক কর্মকাণ্ডে প্রতিফলিত হয়েছিল।

২০০৮ সালে চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ার পর তাঁর জীবনে শুরু হয় দীর্ঘ প্রবাসজীবন। প্রায় ১৭ বছরের এই সময় তাঁর রাজনৈতিক জীবনের এক ভিন্ন অধ্যায়। দেশের বাইরে অবস্থান করেও তিনি দলের সাংগঠনিক দায়িত্ব পালন করেছেন। ২০০৯ সালে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৮ সালে বেগম খালেদা জিয়া কারাবন্দি হওয়ার পর তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন। প্রযুক্তি, ভিডিও বক্তব্য ও ভার্চুয়াল যোগাযোগের মাধ্যমে দেশের বাইরে থেকে একটি বৃহৎ রাজনৈতিক সংগঠনের নেতৃত্ব দেওয়া ছিল তাঁর জীবনের এক নতুন অভিজ্ঞতা।

দীর্ঘ প্রবাসজীবনে তাঁর ব্যক্তিগত জীবনেও এসেছে নানা পরিবর্তন। ছোট ভাই আরাফাত রহমান কোকোর অকালমৃত্যু, অসুস্থ মা, পরিবারের সদস্যদের কাছ থেকে দীর্ঘ বিচ্ছিন্নতা এবং দেশের রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে দূরত্ব, সব মিলিয়ে সময়টি ছিল আবেগ ও দায়িত্বের এক কঠিন অধ্যায়। তবু দেশের মানুষের সঙ্গে তাঁর রাজনৈতিক ও মানসিক সংযোগ অটুট ছিল।

২০২৫ সালের ২৫ ডিসেম্বর তাঁর দেশে প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি উল্লেখযোগ্য ঘটনা। বিমানবন্দর থেকে রাজধানীর রাজপথ তাঁকে স্বাগত জানাতে মানুষের ব্যাপক উপস্থিতি প্রমাণ করেছিল, দীর্ঘ অনুপস্থিতির মধ্যেও তাঁর রাজনৈতিক পরিচিতি ও অনুসারীদের আবেগ অটুট ছিল। ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে বিএনপির বিজয় এবং ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে তাঁর শপথ গ্রহণ তাঁর রাজনৈতিক জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা করে।

একজন রাজনৈতিক কর্মী থেকে দলীয় প্রধান, দীর্ঘ প্রবাসজীবন থেকে দেশে প্রত্যাবর্তন এবং সেখান থেকে রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী পদে অধিষ্ঠিত হওয়া, এই দীর্ঘ যাত্রা বাংলাদেশের সমকালীন রাজনীতির একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর তারেক রহমানের রাজনৈতিক আচরণ ও জনসম্পৃক্ততার ধরনে একটি নতুন মাত্রা লক্ষ করা যাচ্ছে। রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী পদে থেকেও সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে নিজেকে যুক্ত রাখার যে প্রবণতা তিনি দেখাচ্ছেন, তা আমাদের প্রচলিত রাজনৈতিক সংস্কৃতিতে নতুন দৃশ্য তৈরি করেছে।

ট্রাফিক সিগন্যালে গাড়ি থামিয়ে অন্য যানবাহনের সঙ্গে অপেক্ষা করা, রাস্তায় সাধারণ মানুষের সঙ্গে কথা বলা, ছোট শিশুদের সঙ্গে হাত মেলানো কিংবা শহরের ফুটপাতের বাস্তব অবস্থা নিজের চোখে দেখতে বেরিয়ে পড়া এসব দৃশ্যের মধ্যে রাষ্ট্রক্ষমতার প্রচলিত আড়ম্বরের বাইরে একজন সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ করা যায়। তাঁর নিয়মিত অফিস করা, কাজের পরিবেশে স্বাভাবিক থাকা এবং ব্যক্তিগত আচরণে সংযম প্রদর্শনের চেষ্টাও জনমনে নতুন আলোচনা তৈরি করেছে।

একজন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সরলতা তখনই রাষ্ট্রীয় সাফল্যে পরিণত হবে, যখন সেই সরলতার প্রতিফলন প্রশাসনের প্রতিটি স্তরে দেখা যাবে। তবু ক্ষমতার দূরত্ব কমিয়ে সাধারণ মানুষের কাছাকাছি যাওয়ার এই প্রচেষ্টা ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতির একটি সম্ভাবনা তৈরি করে।

তারেক রহমানের সরকারের কয়েকটি উদ্যোগ ইতোমধ্যে বিশেষভাবে আলোচিত হচ্ছে। এর মধ্যে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড দুটি গুরুত্বপূর্ণ সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচি।

ফ্যামিলি কার্ডের মাধ্যমে দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারের নারীদের সরাসরি আর্থিক সহায়তা দেওয়ার উদ্যোগ নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের ক্ষেত্রে একটি নতুন সম্ভাবনা তৈরি করেছে। পরিবারের নারী সদস্যের হাতে রাষ্ট্রীয় সহায়তা পৌঁছে দেওয়া শুধু অর্থনৈতিক সহযোগিতা নয়; এটি পরিবারে নারীর সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ও মর্যাদা বৃদ্ধিরও একটি পথ। বাংলাদেশের সামাজিক নিরাপত্তাব্যবস্থাকে আরও সমন্বিত ও অন্তর্ভুক্তিমূলক করার ক্ষেত্রে এই কর্মসূচির সফল বাস্তবায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

অন্যদিকে কৃষক কার্ড বাংলাদেশের কৃষি অর্থনীতির জন্য একটি তাৎপর্যপূর্ণ উদ্যোগ। কৃষক শুধু উৎপাদন করবেন, অথচ রাষ্ট্রীয় পরিচয় ও প্রাপ্য সুবিধা থেকে বঞ্চিত থাকবেন এ বাস্তবতা পরিবর্তনের একটি সুযোগ তৈরি হয়েছে এই কর্মসূচির মাধ্যমে। সার, বীজ, কৃষি উপকরণ, ঋণ, প্রণোদনা এবং কৃষিসংক্রান্ত অন্যান্য সেবা প্রকৃত কৃষকের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে কৃষক কার্ড কার্যকর হলে কৃষকের মর্যাদা রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত হবে। কৃষককে শুধু উৎপাদক নয়, দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবে স্বীকৃতি দেওয়ার এই দর্শন বিশেষভাবে প্রশংসনীয়।

শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নেও সরকারের কয়েকটি সিদ্ধান্ত আশাব্যঞ্জক। ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে শিক্ষা খাতে জিডিপির ২ শতাংশ বরাদ্দের প্রস্তাব বাংলাদেশের শিক্ষা অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। শিক্ষার্থীদের ব্যাগ, জুতা ও পোশাকের মতো প্রয়োজনীয় উপকরণ প্রদানের উদ্যোগ, শিক্ষায় আনন্দের পরিবেশ সৃষ্টি এবং ক্রীড়া ও সহশিক্ষা কার্যক্রমকে উৎসাহিত করার পরিকল্পনা শিক্ষাকে কেবল পরীক্ষার ফলাফলের মধ্যে সীমাবদ্ধ না রেখে শিশুর সামগ্রিক বিকাশের সঙ্গে যুক্ত করার সম্ভাবনা তৈরি করেছে।

‘Education with Happiness’—এই ধারণার অন্তর্নিহিত দর্শন অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষা মানে শুধু বই, পরীক্ষা, সনদ কিংবা চাকরির প্রস্তুতি নয়; শিক্ষা মানে আনন্দ, সৃজনশীলতা, মানবিকতা, শারীরিক সক্ষমতা এবং আত্মবিশ্বাসী নাগরিক হয়ে ওঠা। যে শিশু আনন্দ নিয়ে বিদ্যালয়ে যায়, খেলাধুলা করে, নিজের প্রতিভা বিকাশের সুযোগ পায়, সেই শিশুই আগামী দিনের মানবিক ও দায়িত্বশীল নাগরিক হয়ে উঠতে পারে।

বিদ্যুৎ ও জ্বালানি খাতেও নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়ানোর উদ্যোগ নতুন সম্ভাবনার কথা বলছে। দীর্ঘদিনের বিদ্যুৎ সংকট, জ্বালানি আমদানিনির্ভরতা এবং উৎপাদন ব্যয়ের চাপ মোকাবিলায় সৌরবিদ্যুতের সম্প্রসারণ সময়োপযোগী সিদ্ধান্ত। বাংলাদেশে পর্যাপ্ত সূর্যালোক রয়েছে। পরিকল্পিতভাবে সরকারি ভবন, শিক্ষাপ্রতিষ্ঠান, শিল্পকারখানা ও গ্রামীণ জনপদে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানো গেলে বিদ্যুৎ সরবরাহের ওপর চাপ কমবে এবং পরিবেশবান্ধব জ্বালানি ব্যবস্থার বিকাশ ঘটবে।

আরেকটি উদ্যোগের সঙ্গে তারেক রহমানের পারিবারিক রাজনৈতিক উত্তরাধিকার গভীরভাবে সম্পর্কিত। সেটি হচ্ছে খাল খনন কর্মসূচি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে খাল খনন কর্মসূচির মাধ্যমে গ্রামীণ কৃষি, সেচ ও পানি ব্যবস্থাপনায় নতুন সম্ভাবনা সৃষ্টি করেছিলেন, তারেক রহমান সেই কর্মসূচিকে নতুনভাবে এগিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছেন। দেশের নদী, খাল ও জলাশয় খনন এবং পুনঃখননের মাধ্যমে পানির স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা, বর্ষার পানি সংরক্ষণ, শুষ্ক মৌসুমে সেচের সুযোগ বৃদ্ধি এবং কৃষিজমির উৎপাদনশীলতা বাড়ানোর পরিকল্পনা নিঃসন্দেহে সুদূরপ্রসারী।

বাংলাদেশের কৃষি শুধু কৃষকের জীবিকা নয়; এটি জাতীয় অর্থনীতি, খাদ্য নিরাপত্তা এবং গ্রামীণ সমাজব্যবস্থার ভিত্তি। খাল ও নদী পুনরুদ্ধার করা গেলে একদিকে যেমন কৃষি উৎপাদন বাড়বে, অন্যদিকে জলাবদ্ধতা ও পরিবেশগত সমস্যার সমাধানেও ইতিবাচক প্রভাব পড়বে। পিতার রেখে যাওয়া একটি উন্নয়ন দর্শনকে সময়ের প্রয়োজন অনুযায়ী নতুন করে বাস্তবায়নের এই উদ্যোগ তাই বিশেষ তাৎপর্য বহন করে।

তারেক রহমানের রাজনৈতিক জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে তাঁর ব্যক্তিগত জীবন ও পারিবারিক অভিজ্ঞতা। স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে দীর্ঘ প্রবাসজীবন কাটানো, রাজনৈতিক প্রতিকূলতার মধ্যে পরিবারকে আগলে রাখা এবং দেশের বাইরে থেকেও রাজনৈতিক দায়িত্ব পালন করা তাঁর জীবনের অবিচ্ছেদ্য অংশ। দীর্ঘ বিচ্ছিন্নতার পর দেশে ফিরে নতুন করে রাজনৈতিক ও রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণ করা নিঃসন্দেহে সহজ ছিল না।

তবে জন্মদিনের এই উপলক্ষ কেবল প্রশংসা কিংবা ব্যক্তিগত অর্জনের হিসাব মেলানোর দিন নয়। এটি একজন রাষ্ট্রনায়কের সামনে জাতির প্রত্যাশা ও দায়িত্বের কথাও স্মরণ করিয়ে দেওয়ার দিন।

বাংলাদেশের মানুষ এখন এমন একটি রাষ্ট্র চায়, যেখানে রাজনৈতিক পরিচয় নয়, যোগ্যতা হবে মূল্যায়নের প্রধান ভিত্তি; যেখানে প্রশাসন হবে জনবান্ধব, দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক; যেখানে বিচারব্যবস্থা হবে স্বাধীন, গণমাধ্যম থাকবে মুক্ত এবং নাগরিকের ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা থাকবে সুরক্ষিত। রাজনৈতিক প্রতিহিংসার পরিবর্তে সহনশীলতা, দলীয় আনুগত্যের পরিবর্তে রাষ্ট্রের প্রতি আনুগত্য এবং ক্ষমতার প্রদর্শনের পরিবর্তে জনসেবার মানসিকতা প্রতিষ্ঠা করতে হবে।

একই সঙ্গে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শিল্পায়ন, কর্মসংস্থান এবং প্রযুক্তিগত উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি, নারীর নিরাপত্তা ও ক্ষমতায়ন, কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করা এবং প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নের মধ্য দিয়েই একটি সরকারের সাফল্য নির্ধারিত হবে।

তারেক রহমানের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে মানুষের প্রত্যাশাকে বাস্তবতায় রূপ দেওয়া। নির্বাচনে অর্জিত জনসমর্থনকে জনকল্যাণের শক্তিতে পরিণত করা। কারণ নির্বাচনে বিজয় একটি রাজনৈতিক দলের অর্জন; কিন্তু রাষ্ট্র পরিচালনায় সফলতা সমগ্র জাতির অর্জন।

একজন নেতার জীবনে জন্মদিন আসে ব্যক্তিগত আনন্দের উপলক্ষ হয়ে। কিন্তু রাষ্ট্রের নেতৃত্বে অধিষ্ঠিত একজন মানুষের জন্মদিন হয়ে উঠতে পারে তাঁর দায়িত্ব, প্রতিশ্রুতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা মূল্যায়নের উপলক্ষ। তারেক রহমানের জন্মদিনেও তাই বাংলাদেশের মানুষের প্রত্যাশা হলো তিনি যেন তাঁর রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা থেকে সহিষ্ণুতা, দীর্ঘ প্রবাসজীবন থেকে দেশপ্রেম, সাংগঠনিক অভিজ্ঞতা থেকে জনসম্পৃক্ততা এবং পারিবারিক ঐতিহ্য থেকে উন্নয়ন ও জনকল্যাণের শিক্ষা গ্রহণ করেন।

ইতিহাসের উত্তরাধিকার জন্মসূত্রে পাওয়া যায়, কিন্তু ইতিহাসে নিজের স্থান অর্জন করতে হয় কর্মের মধ্য দিয়ে। পিতার স্বাধীনতার ইতিহাস, মায়ের গণতান্ত্রিক সংগ্রাম এবং নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা, এই তিনের সমন্বয়ে তারেক রহমানের সামনে আজ একটি নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের সুযোগ এসেছে।

বাংলাদেশের মানুষ তাঁর কাছে এমন একটি রাষ্ট্র প্রত্যাশা করে, যেখানে কৃষকের মুখে হাসি থাকবে, শিক্ষার্থীর চোখে স্বপ্ন থাকবে, তরুণের হাতে কাজ থাকবে, নারীর থাকবে মর্যাদা, আর সাধারণ মানুষ রাষ্ট্রের কাছে নিজেকে নিরাপদ ও সম্মানিত মনে করবে।

২০ নভেম্বর তাঁর জন্মদিনে প্রত্যাশা হলো, ক্ষমতার উচ্চতা যেন তাঁকে সাধারণ মানুষের কাছ থেকে দূরে সরিয়ে না দেয়; বরং মানুষের দুঃখ, কষ্ট ও প্রত্যাশা উপলব্ধি করার ক্ষমতাকে আরও গভীর করে। রাজনীতির শেষ কথা যেন ক্ষমতা না হয়, হয় মানুষের কল্যাণ। রাষ্ট্র পরিচালনার মূল দর্শন যেন দল নয়, দেশ হয়; প্রতিহিংসা নয়, সম্প্রীতি হয়; প্রতিশ্রুতি নয়, বাস্তবায়ন হয়।

জন্মদিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি রইল আন্তরিক শুভকামনা। মহান আল্লাহ তাঁকে সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, প্রজ্ঞা ও দেশ পরিচালনায় সাফল্য দান করুন। তাঁর হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাক গণতন্ত্র, মানবিকতা, সমৃদ্ধি ও উন্নয়নের পথে।

লেখক: উপাচার্য, নওগাঁ বিশ্ববিদ্যালয়।

ফলো করুন

লিখতে পারেন আপনিও!

আপনার এলাকার ঘটে যাওয়া ঘটনা, মতামত, ফিচার বা সৃষ্টিশীল সাহিত্য পাঠাতে পারেন আমাদের ঠিকানায়। নিয়ম ও শর্তাবলি জানতে কন্ট্রিবিউটর গাইডলাইন দেখুন।

ফটো কার্ড প্রিভিউ

Logo
২০ নভেম্বর ২০২৬
News Image
Watermark

তারেক রহমান: উত্তরাধিকার থেকে নেতৃত্ব, সংগ্রাম থেকে রাষ্ট্রনায়কত্ব

networknewsbd.com
বিস্তারিত কমেন্টে
News Image
Watermark

তারেক রহমান: উত্তরাধিকার থেকে নেতৃত্ব, সংগ্রাম থেকে রাষ্ট্রনায়কত্ব

২০ নভেম্বর ২০২৬
networknewsbd.com
ফটোকার্ড জেনারেটর
Network News BD
তারেক রহমান: উত্তরাধিকার থেকে নেতৃত্ব, সংগ্রাম থেকে রাষ্ট্রনায়কত্ব
খোলা জানালা | ২১ নভেম্বর, ২০২৬
📰 বিস্তারিত কমেন্টে দেখুন