শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

বিএল কলেজে উৎসবমুখর পরিবেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় ক্রীড়া আসর শুরু

ক্যাম্পাস ডেস্ক

ক্যাম্পাস ডেস্ক

প্রকাশিত: ৮ অক্টোবর ২০২৬, ৬:৪১ PM ১৬ বার পঠিত
বিএল কলেজে উৎসবমুখর পরিবেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় ক্রীড়া আসর শুরু

ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের খুলনা বিভাগীয় পর্যায়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে। ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই আসরে ৩৩টি কলেজের ১ হাজার ১২৬ জন শিক্ষার্থী ৬৬টি ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে খুলনার সরকারি ব্রজলাল (বিএল) কলেজ মাঠে বেলুন উড়িয়ে তিন দিনব্যাপী এই প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক দপ্তর আয়োজিত এই প্রতিযোগিতায় খুলনা বিভাগের বিভিন্ন জেলা থেকে প্রথম স্থান ও স্বর্ণপদক পাওয়া অ্যাথলেটরা অংশ নিচ্ছেন। প্রতিযোগীদের মধ্যে ৭৮২ জন ছাত্র ও ৩৪৪ জন ছাত্রী রয়েছেন। তাঁরা ফুটবল, ক্রিকেট, ভলিবল, কাবাডি, সাঁতার ও অ্যাথলেটিকসসহ মোট ৬৬টি ইভেন্টে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের লড়াইয়ে নেমেছেন।

বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গতানুগতিক শিক্ষা দিয়ে বর্তমান বিশ্বে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। তাই সময়ের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার্থীদের আধুনিক ও দক্ষতাভিত্তিক শিক্ষা গ্রহণ করতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনের দক্ষতাভিত্তিক কোর্স চালুর উদ্যোগকে তিনি সময়োপযোগী বলে প্রশংসা করেন। শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার ওপর গুরুত্ব দিয়ে তিনি আরও বলেন, খেলাধুলা শুধু শরীর সুস্থ রাখে না, এটি শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও শৃঙ্খলা শেখায়।

সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলেন, শিক্ষার্থীদের শুধু শ্রেণিকক্ষের পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ রাখলে পূর্ণাঙ্গ বিকাশ সম্ভব নয়। ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ কর্মসূচির মূল লক্ষ্য হলো আনন্দের সঙ্গে শেখার পরিবেশ তৈরি করা। এ সময় তিনি বিএল কলেজের শিক্ষার্থীদের জন্য ল্যাঙ্গুয়েজ ও ক্যারিয়ার ক্লাব গঠনের ঘোষণা দেন। সেই সঙ্গে বৈশ্বিক চাহিদাসম্পন্ন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, এক্সিকিউটিভ এমবিএ ও বিবিএর মতো নতুন প্রোগ্রাম চালুর প্রস্তাব দেওয়ার জন্য কলেজ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংস্কার কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, এই বিশ্ববিদ্যালয়ের সংস্কার না হলে দেশের শিক্ষাব্যবস্থার প্রকৃত সংস্কার সম্ভব নয়। শিক্ষার্থীদের জন্য আধুনিক ও পরিবেশবান্ধব শিক্ষাঙ্গন গড়তে অধিভুক্ত কলেজগুলোতে সোলার প্যানেল স্থাপন এবং ‘ওয়ান স্টুডেন্ট, ওয়ান ট্রি’ কর্মসূচির উদ্যোগ নেওয়ার কথাও জানান উপাচার্য।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক দপ্তরের পরিচালক মোহাম্মদ শফিউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু, সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ এবং আইনজীবী শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল। স্বাগত বক্তব্য দেন সরকারি বিএল কলেজের অধ্যক্ষ অধ্যাপক সাইফুল ইসলাম। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) নাজিম উদ্দিন আহমেদ, অভ্যন্তরীণ নিরীক্ষা দপ্তরের পরিচালক মো. জসিম উদ্দিন ও মানবসম্পদ উন্নয়ন দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মুহাম্মদ কামাল হাছানসহ শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আগামী ১০ অক্টোবর ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে তিন দিনব্যাপী এই ক্রীড়া আসর। বিভাগীয় পর্যায়ে স্বর্ণপদক পাওয়া শিক্ষার্থীরা পরবর্তীতে জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!