শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, পেশাগত দক্ষতা বিকাশ এবং বিশ্ববিদ্যালয়ে অর্জিত জ্ঞানের সঙ্গে বাস্তব কর্মক্ষেত্রের চাহিদার সমন্বয়ের লক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) প্রথমবারের মতো চাকরির মেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবনের মাঠে এ জব ফেয়ার অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন শিল্প, বাণিজ্যিক, আর্থিক, প্রযুক্তি, শিক্ষা ও সেবামূলক খাতের মোট ৭৭টি প্রতিষ্ঠান অংশ নেয়।

চট্টগ্রামে বিসিকের চাকরি মেলায় চাকরিপ্রার্থীদের প্রাণচাঞ্চল্য
জব ফেয়ারে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন স্নাতক (সম্মান), স্নাতকোত্তর ও এমবিএ (প্রফেশনাল প্রোগ্রাম) সম্পন্নকারী এবং বর্তমানে অধ্যয়নরত শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বিভিন্ন প্রতিষ্ঠানের চাকরির সুযোগকে কেন্দ্র করে প্রায় দুই হাজার চাকরিপ্রার্থী মেলায় অংশ নেন।
জব ফেয়ারের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ আল-মামুন। এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ও জব ফেয়ার আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. আলী নূর, বিডিজবস ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সহপ্রতিষ্ঠাতা এ কে এম ফাহিম মাশরুরসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে অতিথিরা বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল পরিদর্শন করেন।
এদিকে দুপুরে জব ফেয়ারের প্রধান অতিথি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রশাসক মো. ফজলুল হক বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল পরিদর্শন করেন।
জব ফেয়ারে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ইন্টারটেক, আবুল খায়ের গ্রুপ, এসজিএস বাংলাদেশ লিমিটেড, আকিজ গ্রুপ, অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (এসিআই), মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, আরএফএল গ্রুপ, প্রাণ, বীকন গ্রুপ, স্কয়ার গ্রুপ, শারিফ ফার্মাসিউটিক্যালস, স্টারডাস্ট টেলিকম, বিডিজবস ডটকম, জেনেক্স ইনফোসিস, গ্রিনডেল বাংলাদেশ লিমিটেড, ইউনাইটেড ফিন্যান্সিয়াল ট্রেডিং কোম্পানি লিমিটেড, সেবপো, পাঞ্জেরী পাবলিকেশন্স, কোয়ান্টিগো এআই, স্টারলিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কোং, মার্কেট এক্সপ্রেস, ট্যালি খাতা, লুপ ইঞ্জিনিয়ারিং, ছায়া টেকনোলজিস, ইউএস সফটওয়্যার লিমিটেড, আপস্কিল বাংলাদেশ, সিমটেক সলিউশন, রোবো টেক ভ্যালি, সাদিক আইটি, ইশিখন ডটকম, ফিউচার ক্লাউড বাংলাদেশ, ট্যালেন্ট প্রো, স্কয়ার ইন্টারন্যাশনাল, এডভয় বাংলাদেশ, ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড, বিডি কিউ, জাপানিজ ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট (জেএলআই), ফ্লেয়ার বাংলাদেশ ইনস্টিটিউট অব গ্লোবাল স্কিলস, পিপলএনটেক লিমিটেড ও ইউনিসেফ উল্লেখযোগ্য। এ ছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল প্রাইম ব্যাংক পিএলসি, উত্তরা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস, এসবিএসি ব্যাংক পিএলসি এবং রেডি টু স্টাডি-এডুকেশন সার্ভিসেস।
জব ফেয়ারে শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি যোগাযোগ, চাকরির সুযোগ সম্পর্কে তথ্য সংগ্রহ এবং নিজেদের যোগ্যতা ও দক্ষতা তুলে ধরার সুযোগ পান। পাশাপাশি পেশাগত নেটওয়ার্কিংয়ের মাধ্যমে সম্ভাব্য কর্মসংস্থানের ক্ষেত্র সম্পর্কে ধারণা নেওয়ার সুযোগ পান তারা।
