শিরোনাম:
Network News BD
রবিবার, ১১ অক্টোবর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা বাতিলের প্রতিবাদে জবিতে জকসুর বিক্ষোভ

ক্যাম্পাস প্রতিনিধি

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৬, ২:০৪ PM ১৯ বার পঠিত
প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা বাতিলের প্রতিবাদে জবিতে জকসুর বিক্ষোভ

ছবি: সংগৃহীত

প্রশ্নফাঁসের অভিযোগে যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা বাতিলের প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)। এ সময় চাকরিপ্রার্থীদের দাবির প্রতি সংহতি জানিয়ে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান বক্তারা।

গতকাল শনিবার (১০ অক্টোবর) রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। এতে জকসুর নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন। বিক্ষোভ চলাকালে তাঁরা প্রশ্নফাঁসের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। এর মধ্যে ছিল ‘প্ল্যান প্ল্যান কোন প্ল্যান, প্রশ্নফাঁসের মাস্টার প্ল্যান’ এবং ‘প্রশ্নফাঁস না মেধা, মেধা মেধা’।

সমাবেশে জকসুর শিক্ষা ও গবেষণা সম্পাদক ইব্রাহিম খলিল বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর দেশে প্রশ্নফাঁস ও দুর্নীতির বিরুদ্ধে আর লড়াই করতে হবে না বলে শিক্ষার্থীরা আশা করেছিলেন। তবে বর্তমান সরকারের আমলেও দুর্নীতি ছড়িয়ে পড়ছে এবং শিক্ষার্থীদের স্বার্থবিরোধী সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

ইব্রাহিম খলিল আরও অভিযোগ করেন, অতীতের মতো এখনো দলীয়করণ ও স্বজনপ্রীতিকে প্রাধান্য দেওয়া হচ্ছে। জনআকাঙ্ক্ষাকে উপেক্ষা করে নিয়োগ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পরীক্ষা শুরুর ঠিক আগমুহূর্তে তা স্থগিতের ঘোষণাকে চরম অব্যবস্থাপনার বহিঃপ্রকাশ বলে উল্লেখ করেন এই শিক্ষার্থী নেতা।

জকসুর সহসভাপতি (ভিপি) রিয়াজুল ইসলাম তাঁর বক্তব্যে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দখলদারিত্ব ও সহিংসতার অভিযোগ তুলে ধরেন। তিনি বলেন, চাকরির নিয়োগে জালিয়াতি, মৌখিক পরীক্ষায় পক্ষপাতিত্ব এবং যাচাই বাছাইয়ের নামে হয়রানির অভিযোগ দীর্ঘদিনের। এর সঙ্গে প্রশ্নফাঁসের ঘটনা যুক্ত হওয়ায় যোগ্য প্রার্থীদের সুযোগ পাওয়া নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে।

রিয়াজুল ইসলাম আরও বলেন, মেধাবীদের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলন থামিয়ে রাখা সম্ভব নয়। সরকার এসব অনিয়ম বন্ধ করে স্বচ্ছ প্রক্রিয়া নিশ্চিত না করলে শিক্ষার্থীরা আবারও রাজপথে আন্দোলনে নামতে বাধ্য হবেন।

সমাবেশে বিক্ষোভকারীরা নিয়োগ পরীক্ষার অনিয়মের সুষ্ঠু তদন্ত, প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং চাকরিপ্রার্থীদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে ভবিষ্যতে সব নিয়োগ পরীক্ষা পরিচালনায় শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার দাবি তোলেন তাঁরা।

বিষয়বস্তু:

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!