শিরোনাম:
Network News BD
রবিবার, ১১ অক্টোবর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

মানসিক স্বাস্থ্যচর্চা প্রতিদিনের বিষয় হওয়া উচিত: জবি উপাচার্য

ক্যাম্পাস প্রতিনিধি

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৬, ৩:১১ PM ৪১ বার পঠিত
মানসিক স্বাস্থ্যচর্চা প্রতিদিনের বিষয় হওয়া উচিত: জবি উপাচার্য

ছবি: নেটওয়ার্ক নিউজ বিডি

মানসিক স্বাস্থ্যচর্চাকে শুধু কোনো নির্দিষ্ট দিবসে সীমাবদ্ধ না রেখে দৈনন্দিন জীবনের নিয়মিত অভ্যাসে পরিণত করার আহ্বান জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন।

​আজ রোববার (১১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের উদ্যোগে আয়োজিত ‘বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬’-এর দিনব্যাপী কর্মসূচির কেন্দ্রীয় সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত এই সেমিনারে উপাচার্য শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্য সুরক্ষায় জাতীয় পর্যায়ে পেশাগত গুরুত্ব ও কার্যকর সেবাব্যবস্থা নিশ্চিত করার ওপর জোর দেন।

​প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য আরও বলেন, “ইউরোপ ও আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মনোবিজ্ঞানের ব্যাপক চাহিদা থাকলেও বাংলাদেশে এ খাতের পেশাগত গুরুত্ব ও সেবাব্যবস্থার সীমাবদ্ধতা রয়েছে। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য উন্নয়নে কতটুকু সংস্কার আনা সম্ভব হয়েছে, তা পর্যালোচনা করা প্রয়োজন। আবাসনসংকট ও চিকিৎসাসেবার সীমাবদ্ধতা শিক্ষার্থীদের মানসিক চাপের অন্যতম কারণ। এসব সমস্যা দূর করে শিক্ষার্থীদের মানসিক সুস্থতা নিশ্চিত করতে বাস্তবসম্মত উদ্যোগ গ্রহণ করতে হবে।”

​শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যসেবা প্রসারের প্রতিশ্রুতি দিয়ে তিনি জানান, দায়িত্ব গ্রহণের তিন মাসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের অর্গানোগ্রামে মানসিক স্বাস্থ্য কাউন্সেলিংয়ের জন্য নতুন পদ সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে, যা বর্তমানে প্রক্রিয়াধীন। এছাড়া মেডিকেল সেন্টারে চিকিৎসকের সংখ্যা বৃদ্ধির বিষয়টিও চূড়ান্ত পর্যায়ে রয়েছে। প্রতিকূল পরিস্থিতি মোকাবিলায় শিক্ষার্থীদের ধৈর্য ধারণ ও ইতিবাচক মনোভাব বজায় রাখার আহ্বান জানান তিনি।

​মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফাতেমা-তু-জোহরা বিনতে জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ আবদুল আলীম এবং মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন। সেমিনারে মূল প্রবন্ধ (কি-নোট) উপস্থাপন করেন অধ্যাপক ড. আশোক কুমার সাহা। এছাড়া বিশেষ বক্তা হিসেবে আলোচনা করেন অধ্যাপক ড. নূর মোহাম্মাদ ও অধ্যাপক ড. মুহাম্মদ আকরাম উজ্জামান। সেমিনার শেষে মানসিক স্বাস্থ্য সচেতনতায় তিনটি শিরোনামে বিশেষ কর্মশালা (ওয়ার্কশপ) অনুষ্ঠিত হয়।

​এর আগে সকালে উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, মনোবিজ্ঞান বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, অ্যালামনাই ও কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

​র‌্যালি শেষে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের চালুকৃত ‘মেন্টাল হেলথ অ্যাসেসমেন্ট’ স্টলগুলো পরিদর্শন করেন। এসব স্টলে দিনব্যাপী শিক্ষার্থীদের মানসিক চাপ, উদ্বেগ, বিষণ্ণতা ও আত্মসম্মানবিষয়ক মূল্যায়ন এবং প্রয়োজনীয় ফ্রি পরামর্শসেবা প্রদান করা হয়।

​উল্লেখ্য, ‘জীবনের অভিজ্ঞতা শুনি: সত্যিকারের কথা, সত্যিকারের পরিবর্তন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দিবসটি উদযাপিত হলো।

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!