ময়মনসিংহে যাত্রীবাহী একটি বাসের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংর্ঘষের ঘটনা ঘটেছে। এতে সিএনজি অটোরিকশার চালক ও যাত্রীসহ ৭ জন নিহত হয়েছেন।
আজ শুক্রবার দুপুর সোয়া ১টার দিকে নগরীর বাইপাস সড়কের বাংলাদেশ ব্যাংকের সামনে পূর্বগন্দ্রপা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম ও পরিচয় জানা যায়নি। ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীদের উদ্ধার অভিযান চলমান আছে।
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. জুলহাস উদ্দিন এসব তথ্য নিশ্চিত করে বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা রাজীব পরিবহনের যাত্রীবাহী বাসটি জামালপুর যাচ্ছিল।
বাসটি নগরীর বাইপাস সড়কের বাংলাদেশ ব্যাংকের সামনে পূর্বগন্দ্রপা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ময়মনসিংহ নগরীর মাসকান্দা বাইপাসগামী যাত্রীবাহী সিএনজি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি অটোরিকশা চালকসহ সবাই নিহত হয়েছেন।
তিনি আরও বলেন, ঘটনাস্থলে দুর্ঘটনার শিকার বাস ও সিএনজি অটোরিকশাটি জব্দ আছে। আমরা ঘটনাস্থলে কাজ করছি, বিস্তারিত পরে জানানো যাবে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম বাসসকে জানান, দুর্ঘটনায় ৭ জন নিহত হয়েছেন। আমরা ঘটনাস্থলে কাজ করছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
