শিরোনাম:
Network News BD
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

হারিয়ে যাওয়ার ভূগোল

শব্দশৈলী ডেস্ক

প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৬, ৪:১৬ PM ৩৩ বার পঠিত
হারিয়ে যাওয়ার ভূগোল

ছবি: সংগৃহীত

হারিয়ে যাওয়ার ভূগোল
সুমাইয়া সুমু

আমার ভীষণ হারিয়ে যেতে ইচ্ছে হয়,
হতে পারে পাহাড়ের আবডালে,
কিংবা এভারেস্টের চূড়ায়।

জানো তো, আমার কোথাও হারাতে ইচ্ছে হয়,
হতে পারে দিগন্তের ওপারে, উত্তরের কোনো এক গহীন অরণ্যে,
সবুজের নিবিড় পাতা ভেদ করে যেখানে নামে না কোনো আলোর রেখা।

আমার ভীষণ হারিয়ে যেতে ইচ্ছে হয়,
হতে পারে আমাজনের ক্যানোপির তলে,
যেখানে রোদ পৌঁছায় না কোনো কালে,
যেখানে অচেনা পাখির ডাকে নীরবতা ভেঙে যায় ক্ষণে ক্ষণে।

হতে পারে বরফে ঢাকা কোনো উপত্যকায়,
যেখানে কুয়াশারা পাহাড়ের বুকে নিঃশব্দে ঘুমিয়ে থাকে,
যেখানে আমার পায়ের ছাপ ছাড়া আর কোনো চিহ্ন নেই,
নেই কোনো চেনা মুখ, নেই ফিরে আসার তাড়া।

হতে পারে উত্তরের কোনো মেরুপ্রান্তে,
যেখানে নিশুতি রাতের আকাশে সবুজ আলোর মায়াবী খেলা,
যেখানে নক্ষত্রেরা গল্প শোনায় পৃথিবীর অজানা সব উপকথা,
আর আমি মুগ্ধ চোখে চেয়ে থাকি অসীমের পানে।

আমার ভীষণ হারিয়ে যেতে ইচ্ছে হয়,
হতে পারে সমুদ্রের অতল নীলিমায়,
যেখানে ঢেউয়ের কোলাহল পৌঁছায় না,
যেখানে জলরাশির গভীর নীরবতায় ডুব দিয়ে
ভুলে থাকা যায় পৃথিবীর সমস্ত ব্যস্ততা।

জানো তো, আমার কোথাও হারাতে ইচ্ছে হয়,
কোনো অচেনা ভূখণ্ডে,
যেখানে পথ হারালেও পথ খুঁজে পাওয়ার তাড়া থাকবে না,
যেখানে সময় বয়ে যাবে নদীর স্রোতের মতো,
আর আমি বসে বসে দেখব দিনের বুক চিরে নেমে আসা রাতের নিস্তব্ধতা।

আমি হারিয়ে যেতে চাই চেনা পৃথিবীর সমস্ত হিসেবের বাইরে,
যেখানে কোনো প্রত্যাশার ভার নেই,
নেই নিজেকে প্রমাণ করার দায়;
শুধু আমি থাকব, আর থাকবে আমার একান্ত কিছু নীরবতা।

আমার ভীষণ হারিয়ে যেতে ইচ্ছে হয় কোনো এক অচেনা পৃথিবীতে,
যেখানে নিজেকে খুঁজে পাওয়ার তাড়া নেই,
ফিরে আসার কোনো প্রতিশ্রুতি নেই।
তবু যদি কখনো ফিরে আসি,
ফিরে আসব নতুন কোনো ভোর হয়ে,
চোখভরা বিস্ময় নিয়ে, বুকভরা সবুজ নিয়ে।

বিষয়বস্তু:

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!