মিরপুরের ঐতিহ্যবাহী প্যারিস খালে ঢাকা উত্তর সিটি করপোরেশন বা ডিএনসিসির সহযোগিতায় ফুটস্টেপস বাংলাদেশের চলো খাল বাঁচাই উদ্যোগে তিন দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। ২৭ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত চলা এই অভিযানে যুক্ত হয়েছেন গো আপ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা।
এই অভিযানের মূল লক্ষ্য খালের স্বাভাবিক পানিপ্রবাহ ফিরিয়ে আনা, জলাবদ্ধতা কমানো এবং আশপাশের মানুষের জন্য পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা। স্বেচ্ছাসেবীরা খাল থেকে বর্জ্য অপসারণের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সচেতন করার কাজ করছেন।
ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান জানান যত বাধাই আসুক নগরবাসীকে সঙ্গে নিয়ে ক্লিন অ্যান্ড গ্রিন ঢাকা বাস্তবায়ন করা হবে। খালের চূড়ান্ত সীমানা নির্ধারণের ৮৫ থেকে ৯০ শতাংশ কাজ ইতিমধ্যে শেষ হয়েছে জানিয়ে তিনি দ্রুত অবৈধ স্থাপনা উচ্ছেদের ঘোষণা দেন। তবে নাগরিকেরা সচেতন না হলে এবং খালে ময়লা ফেলা বন্ধ না করলে এই উদ্যোগ সফল হবে না বলে মন্তব্য করেন তিনি।
ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ মার্ক সেঁরে শার্লে বলেন ঢাকার জলাবদ্ধতা দূরীকরণে খালের স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার এই যৌথ উদ্যোগ প্রশংসনীয়। দীর্ঘমেয়াদি উন্নয়নে ফ্রান্সের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস দেন।
খাল পরিষ্কারের পর এর দুই পাড়ে ওয়াকওয়ে, বসার জায়গা ও গ্রিন পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে। খালে ময়লা না ফেলতে এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখতে স্থানীয় বাসিন্দাদের স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন আয়োজকেরা।
