দীর্ঘদিন পর নিজের শিক্ষাপ্রতিষ্ঠান ময়মনসিংহের শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজে গেছেন অভিনেতা খায়রুল বাশার। প্রিয় শিক্ষকদের সঙ্গে দেখা করে আবেগাপ্লুত হয়েছেন তিনি। অন্যদিকে, প্রিয় ছাত্রের সাফল্যে গর্ব প্রকাশ করেছেন কলেজের শিক্ষক মফিজুন নূর।
কলেজে ফেরার অনুভূতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে খায়রুল বাশার লেখেন, দিনটি তাঁর কাছে বিশেষ। দীর্ঘদিন পর প্রিয় আঙিনায় ফিরে সম্মানিত শিক্ষকদের কাছে পেয়ে ভীষণ আপ্লুত হয়েছেন তিনি। শিক্ষকদের স্নেহ ও আশীর্বাদেই জীবনে অনেকটা মানুষ হয়ে ওঠা এবং নিজের পরিচয় পাওয়া বলে উল্লেখ করেন এই অভিনেতা।
শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও লেখেন, এখনো তাঁর বাবা-মায়ের মতো শিক্ষকেরা তাঁকে সন্তানের মতো স্নেহ ও ভালোবাসা দেন। কলেজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি শিক্ষক ও কলেজের ছোট-বড় ভাইবোনদের জন্য ভালোবাসা ও দোয়া জানান তিনি। সবার মঙ্গল কামনা করে আবারও সুন্দর কোনো দিনে দেখা হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
এদিকে খায়রুল বাশারের কলেজে ফেরার মুহূর্ত নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তাঁর সাবেক শিক্ষক মফিজুন নূর। সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেতার সঙ্গে ছবি প্রকাশ করে তিনি লেখেন, ‘প্রিয় ছাত্র খায়রুল বাসার যখন সেলিব্রেটি, তখন গর্ব তো করতেই পারি। অনেক বড় হও, আকাশসমান।’
মফিজুন নূর জানান, খায়রুল বাশার ২০১০-১১ শিক্ষাবর্ষে কলেজটির শিক্ষার্থী ছিলেন।

জানা গেছে, বৃহস্পতিবার একটি নাটকের শুটিংয়ের কাজে ময়মনসিংহে ছিলেন খায়রুল বাশার। এ সময় শহরের বিভিন্ন স্থানে শুটিংয়ের পাশাপাশি নিজের সাবেক শিক্ষাপ্রতিষ্ঠানে যান তিনি। সেখানে শিক্ষকদের সঙ্গে দেখা করেন, পরিচিত শ্রেণিকক্ষ ঘুরে দেখেন এবং বর্তমান শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। প্রিয় অভিনেতাকে ক্যাম্পাসে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থীরাও।
প্রসঙ্গত, ময়মনসিংহে বেড়ে ওঠা খায়রুল বাশার শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ থেকে উচ্চমাধ্যমিক পড়াশোনা শেষ করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। অভিনয়ের মাধ্যমে ছোট পর্দায় পরিচিতি পাওয়া এই অভিনেতার কলেজজীবনের স্মৃতি ও শিক্ষকদের প্রতি ভালোবাসার প্রকাশ তাঁর এবারের ক্যাম্পাসে ফেরাকে ঘিরে নতুন আবেগ তৈরি করেছে।
শুভ্র/
