অর্থনৈতিক অসচ্ছলতা ও সামাজিক প্রতিবন্ধকতার কারণে কোনো শিশু যেন শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত না হয়, সেই লক্ষ্য নিয়ে রংপুরে কাজ করছে Youth Power Social Development Organization (YPSDO)। প্রতিষ্ঠানটির উদ্যোগে এবং World Vision Bangladesh-এর সহযোগিতায় সুবিধাবঞ্চিত শিশুদের জন্য পরিচালিত হচ্ছে বিশেষ শিক্ষা কার্যক্রম।
এ কার্যক্রমের আওতায় শিশুদের জন্য তৈরি করা হয়েছে নিরাপদ ও আনন্দময় শিক্ষার পরিবেশ। প্রচলিত পাঠদানের পাশাপাশি খেলাধুলা, সৃজনশীল কর্মকাণ্ড ও বিভিন্ন আনন্দদায়ক কার্যক্রমের মাধ্যমে তাদের পাঠদান করা হচ্ছে। এতে পড়াশোনার প্রতি আগ্রহ তৈরির পাশাপাশি শিশুদের মেধা ও সৃজনশীলতা বিকাশের সুযোগ তৈরি হচ্ছে।

ডাস্টবিনের অভাবে রাস্তায় ময়লা, স্বাস্থ্যঝুঁকিতে রংপুরের শিক্ষার্থীরা
আয়োজকরা জানান, দারিদ্র্য, সামাজিক বৈষম্যসহ নানা কারণে অনেক শিশু শিক্ষার স্বাভাবিক সুযোগ থেকে পিছিয়ে পড়ে। এসব প্রতিবন্ধকতা দূর করে তাদের শিক্ষার মূলধারায় ফিরিয়ে আনা এবং শেখার প্রতি আগ্রহী করে তোলাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।
Youth Power Social Development Organization-এর (YPSDO) প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ জাহিদ আলম জেমস বলেন, প্রতিটি শিশুরই শিক্ষার সমান অধিকার রয়েছে। সুবিধাবঞ্চিত শিশুরাও যেন আনন্দময় পরিবেশে শিক্ষা গ্রহণ করে নিজেদের স্বপ্ন পূরণের পথে এগিয়ে যেতে পারে, সে লক্ষ্যেই তাঁদের এ উদ্যোগ।
সংশ্লিষ্টরা আশা করছেন, World Vision Bangladesh-এর সহযোগিতা এবং YPSDO-এর ধারাবাহিক প্রচেষ্টায় আরও বেশি সুবিধাবঞ্চিত শিশু শিক্ষার সুযোগ পাবে। এর মাধ্যমে তারা নিজেদের মেধা ও সম্ভাবনা বিকাশের পাশাপাশি সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার সুযোগ পাবে।
শুভ্র/
