জাতীয়তাবাদী যুবদলের ঢাকা মহানগর দক্ষিণ শাখার নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে আলোচনা ক্রমেই জোরালো হচ্ছে। সম্প্রতি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি এবং ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা হওয়ার পর এবার মহানগর দক্ষিণ যুবদলের পূর্ণাঙ্গ বা নতুন কমিটির দিকে নজর সবার। শিগগিরই এই কমিটি ঘোষণা করা হতে পারে—এমন খবরে সংগঠনটির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা তৈরি হয়েছে। সম্ভাব্য নেতৃত্বে কারা আসছেন, তা নিয়ে চলছে নানা আলোচনা ও হিসাব-নিকাশ। এ ক্ষেত্রে দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা, ক্লিন ইমেজ এবং বিগত ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রামে রাজপথে সক্রিয় ভূমিকা রাখা নেতাদের নাম বিশেষভাবে আলোচনায় উঠে আসছে।
উল্লেখ্য, ২০২৩ সালের ৯ আগস্ট আগের কমিটি বিলুপ্ত করে খন্দকার এনামুল হক এনামকে আহ্বায়ক এবং রবিউল ইসলাম নয়নকে সদস্যসচিব করে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছিল। সেই ধারাবাহিকতায় এবারের নতুন বা পূর্ণাঙ্গ কমিটির শীর্ষ নেতৃত্বের আলোচনায়ও বর্তমান আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম এবং সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন জোরালো অবস্থানে রয়েছেন।তবে দলীয় একটি সূত্রের মতে, সারাদেশের নেতাকর্মীদের কাছে ব্যাপক গ্রহণযোগ্যতা থাকায় রবিউল ইসলাম নয়নকে যুবদলের কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ পদেও বিবেচনা করা হতে পারে। সে ক্ষেত্রে মহানগর দক্ষিণের শীর্ষ নেতৃত্বে আসতে পারে নতুন সমীকরণ।

তরুণ কলাম লেখক ফোরাম নোবিপ্রবি শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
তবে বর্তমান আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ গাফফার, আহ্বায়ক কমিটির সদস্য রাকিবুল হাসান হাওলাদার এবং মুকিতুল আহসান রানজুর নামও সম্ভাব্য নেতৃত্বে বেশ গুরুত্বের সঙ্গে আলোচিত হচ্ছে।
দলীয় ও সাংগঠনিক পর্যায়ের নেতাকর্মীদের মতে, ঢাকা মহানগর দক্ষিণ যুবদল সবসময়ই বিএনপির রাজনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ দুর্গ হিসেবে বিবেচিত। এই গুরুত্বপূর্ণ ইউনিটকে আরও শক্তিশালী ও গতিশীল করতে হলে বিগত দিনে মামলা, হামলা, গ্রেপ্তার ও কারাবরণের পরও যারা রাজপথ ছাড়েননি, সেই ত্যাগী ও পরীক্ষিত নেতাদের যথাযথ মূল্যায়ন জরুরি। তৃণমূলের প্রত্যাশা, কোনো ধরনের ‘পকেট কমিটি’ না করে রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা, কর্মীদের সঙ্গে নিবিড় সম্পৃক্ততা এবং দলের দুঃসময়ে নেতাদের ভূমিকা বিবেচনায় নিয়েই নতুন নেতৃত্ব নির্বাচন করা হবে।
সব মিলিয়ে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের নতুন কমিটি ঘিরে নেতাকর্মীদের মধ্যে প্রত্যাশা ও কৌতূহল ক্রমেই বাড়ছে। দলীয় সূত্রগুলোর ইঙ্গিত অনুযায়ী, পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত যাচাই-বাছাই শেষে খসড়া তালিকা এখন নীতি-নির্ধারণী পর্যায়ের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। তবে কমিটি ঘোষণার নির্দিষ্ট দিনক্ষণ এবং আলোচনায় থাকা নেতাদের মধ্যে কারা শেষ পর্যন্ত দায়িত্ব পাচ্ছেন, সে বিষয়ে এখনো কেন্দ্র থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। ফলে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আরও কিছু সময় অপেক্ষা করতে হচ্ছে সংশ্লিষ্টদের।
ডিএ/
