বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য ছড়ানোর সঙ্গে জড়িত ১৯টি ওয়েবসাইট এবং ৮০০টির বেশি ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেকিং ও মিডিয়া গবেষণা দল ‘বাংলাফ্যাক্ট’।
আজ জাতীয় সংসদে সিরাজগঞ্জ-৪ আসনে বিরোধী দল জামায়াতে ইসলামীর সংসদ সদস্য এম রফিকুল ইসলাম খানের এক তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমানের পক্ষে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এ তথ্য জানান।

ফুলবাড়ীয়ায় উপজেলা পরিষদের নতুন প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য প্রতিমন্ত্রী
প্রতিমন্ত্রী জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের নাম ও ছবি ব্যবহার করে পরিচালিত ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট।
এ ছাড়া সংবাদপত্র ও টেলিভিশন চ্যানেলের অনুকরণে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর কাজে ব্যবহৃত ১৯টি ওয়েবসাইট শনাক্ত করা হয়েছে। একই সঙ্গে বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য ছড়ানোর সঙ্গে জড়িত ৮০০টির বেশি ফেসবুক অ্যাকাউন্ট এবং এক্সের ১০০টির বেশি অ্যাকাউন্ট শনাক্ত করা হয়েছে।
তিনি জানান, সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন পোর্টালে ছড়িয়ে পড়া ভুয়া সংবাদ, গুজব এবং বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন তথ্য অধিদপ্তর (পিআইডি) ও প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) কাজ করছে।
প্রতিমন্ত্রী বলেন, পিআইবির ফ্যাক্ট চেকিং ইউনিট ‘বাংলাফ্যাক্ট’(banglafact.com) এ পর্যন্ত ১ হাজার ১৭২টি ফ্যাক্ট চেক, বিশ্লেষণধর্মী ও অনুসন্ধানী প্রতিবেদন এবং ভিডিও বা রিল প্রকাশ করেছে। এর মধ্যে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর প্রকাশিত হয়েছে ৫৫২টি।
তিনি আরও জানান, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর পিআইবির প্রশিক্ষণ বিভাগ ৪৪টি তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে মোট ১ হাজার ৬৯১ জনকে প্রশিক্ষণ দিয়েছে। প্রতিটি প্রশিক্ষণে মাল্টিমিডিয়া সাংবাদিকতা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ফ্যাক্ট চেকিং বিষয়ে সেশন অন্তর্ভুক্ত ছিল।
পিআইবির আয়োজিত প্রতিটি প্রশিক্ষণ কর্মসূচির অন্তত এক দিন গুজব প্রতিরোধ, বিদ্বেষমূলক বক্তব্য বা অপপ্রচার শনাক্ত, তথ্য যাচাই এবং সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বিষয়ে প্রশিক্ষণের জন্য নির্ধারিত থাকে।
প্রতিমন্ত্রী জানান, পর্যায়ক্রমে দেশের প্রতিটি জেলার সাংবাদিকদের জন্য এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করা হবে। পিআইবির বাংলাফ্যাক্টের তৈরি ফ্যাক্ট চেক, গণমাধ্যম বিশ্লেষণমূলক প্রতিবেদন এবং ডিজিটাল সাক্ষরতা বিষয়ক ভিডিওwww.banglafact.com ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।
