২৯ নভেম্বর, ২০২৬
English
Network News BD

বাম্পার ফলনেও লোকসানের শঙ্কা, আমন চাষিদের লাভের হিসাব মেলেনি

মো: সাব্বির হোসেন
মো: সাব্বির হোসেন
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৬ | ০৮:২০ পিএম | ২৪ বার পঠিত

উত্তরের সীমান্তবর্তী জেলা লালমনিরহাটে এবার আমন ধানের ফলন ভালো হলেও স্বস্তিতে নেই কৃষকেরা। সার, বীজ, কীটনাশক, সেচ, জমি প্রস্তুত, ধান কাটা ও মাড়াইসহ সব পর্যায়ে বেড়েছে উৎপাদন খরচ। অন্যদিকে বাজারে নতুন ধান বিক্রি হচ্ছে উৎপাদন ব্যয়ের চেয়ে কম দামে। ফলে বাম্পার ফলনেও লাভের পরিবর্তে লোকসানের শঙ্কায় রয়েছেন প্রান্তিক ও বর্গাচাষিরা। এর মধ্যে সরকারি ধান ও চাল সংগ্রহমূল্য নির্ধারণ নিয়েও দেখা দিয়েছে নতুন আলোচনা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, লালমনিরহাটের পাঁচ উপজেলায় ২০২৩-২৪ অর্থবছরে ৮৫ হাজার ৫০০ হেক্টর জমিতে আমন আবাদ হয়েছিল। ওই মৌসুমে উৎপাদন ছিল প্রায় ২ লাখ ৫৮ হাজার মেট্রিক টন। ২০২৪-২৫ অর্থবছরে ৮৬ হাজার ২০০ হেক্টর জমিতে উৎপাদন হয় প্রায় ২ লাখ ৬৪ হাজার ৫০০ মেট্রিক টন। ২০২৫-২৬ অর্থবছরে আবাদ হয়েছিল প্রায় ৮৬ হাজার ৬৫০ হেক্টর জমিতে। ওই মৌসুমে উৎপাদনের প্রাক্কলন ছিল ২ লাখ ৭১ হাজার মেট্রিক টন। চলতি ২০২৬-২৭ মৌসুমে জেলায় ৮৬ হাজার ৫৫৫ হেক্টর জমিতে রোপা আমনের আবাদ হয়েছে। তবে চলতি মৌসুমের চূড়ান্ত উৎপাদনের হিসাব এখনো পাওয়া যায়নি।

আরও পড়ুন

লালমনিরহাটে দুই বছরে পাসের হার কমল ৩২.৮৫%, ছয় প্রতিষ্ঠানে শূন্য পাস

কৃষকদের দেওয়া হিসাব অনুযায়ী, চলতি মৌসুমে প্রতি বিঘা জমিতে আমন চাষে খরচ হচ্ছে প্রায় ১৮ থেকে ২০ হাজার টাকা। বিঘাপ্রতি গড়ে ১৫ থেকে ১৬ মণ ধান উৎপাদিত হলে প্রতি মণ ধানের উৎপাদন খরচ দাঁড়াচ্ছে আনুমানিক ১ হাজার ২০০ থেকে ১ হাজার ২৫০ টাকা। অথচ জেলার বিভিন্ন হাটবাজারে নতুন আমন ধান বিক্রি হচ্ছে প্রতি মণ ১ হাজার ৫০ থেকে ১ হাজার ১০০ টাকা দরে। অর্থাৎ উৎপাদন ব্যয়ের তুলনায় প্রতি মণে ১০০ থেকে ২০০ টাকা কম পাচ্ছেন কৃষকেরা।

কৃষকদের দাবি, উৎপাদন খরচের মধ্যে শ্রমিকের মজুরি, সার, কীটনাশক ও ধান কাটা-মাড়াইয়ের ব্যয় সবচেয়ে বেশি চাপ তৈরি করছে। অনেক ক্ষেত্রে জমি বর্গা নেওয়ার খরচ যুক্ত হলে লোকসানের পরিমাণ আরও বাড়ছে।

সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের কৃষক আব্দুল কাদের (৪৫) বলেন, “সার আর শ্রমিকের যে দাম, তাতে এক মণ ধান ফলাতেই ১২০০ টাকার বেশি খরচ হয়ে গেছে। এখন বাজারে গিয়ে দেখি ১১০০ টাকার বেশি কেউ বলে না। ঋণ করে চাষ করেছি, এখন আসল তোলাই দায়।”

আদিতমারী উপজেলার সারপুকুর এলাকার বর্গাচাষি রফিকুল ইসলাম (৫০) বলেন, “জমির মালিককে ভাগ দেওয়ার পর যা থাকে, তা বিক্রি করে সংসার চালাতে হয়। এবার উৎপাদন খরচের সঙ্গে ধানের দাম মিলছে না। এভাবে চললে আগামী মৌসুমে চাষাবাদ করাই কঠিন হবে।”

কালীগঞ্জ উপজেলার কৃষক সুবল চন্দ্র রায় (৩৭) বলেন, “আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হয়েছে ঠিকই, কিন্তু খরচের হিসাব মেলাতে পারছি না। প্রতি মণে ১৫০ টাকা লোকসান দিয়ে ধান বিক্রি করলে আগামী বোরো মৌসুমে চাষাবাদ করাই অসম্ভব হয়ে পড়বে।”

চলতি ২০২৬-২৭ অর্থবছরের আমন মৌসুমে সরকার প্রতি কেজি ধান ৩৫ টাকা, সিদ্ধ চাল ৪৯ টাকা এবং আতপ চাল ৪৮ টাকা দরে সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে। গত মৌসুমে ধানের সংগ্রহমূল্য ছিল ৩৪ টাকা, সিদ্ধ চাল ৫০ টাকা এবং আতপ চাল ৪৯ টাকা। অর্থাৎ ধানের সংগ্রহমূল্য কেজিতে এক টাকা বাড়লেও দুই ধরনের চালের সংগ্রহমূল্য এক টাকা করে কমানো হয়েছে।

সরকার এবার তিন লাখ মেট্রিক টন ধান, পাঁচ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল ও ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। ১৪ নভেম্বর থেকে ধান এবং ১ ডিসেম্বর থেকে চাল সংগ্রহ শুরু হওয়ার কথা রয়েছে। ধানের সরকারি সংগ্রহমূল্য প্রতি মণ ১ হাজার ৪০০ টাকা। অথচ স্থানীয় বাজারে কৃষককে প্রতি মণ ধান বিক্রি করতে হচ্ছে প্রায় ১ হাজার ১০০ টাকায়।

স্থানীয় ধান ব্যবসায়ী ও আড়তদার হাজী মোজাম্মেল হক (৪৫) বলেন, “মিলাররা আমাদের কাছ থেকে বেশি দামে ধান কিনছেন না। নতুন ধানে আর্দ্রতা বেশি থাকায় ওজনেও কিছুটা ঘাটতি হয়। এসব কারণে বাজারে দাম কম। তবে ধানের মান ও বাজারের চাহিদার ওপর দাম নির্ভর করে।”

জলবায়ু ও কৃষি পরিবেশ নিয়ে কাজ করা পরিবেশবিদ অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, “অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের ফলে মাটির স্বাভাবিক গুণাগুণ ও উর্বরতা ক্ষতিগ্রস্ত হতে পারে। পাশাপাশি জলবায়ু পরিবর্তন, অনিয়মিত বৃষ্টিপাত ও সেচের ওপর নির্ভরতা কৃষির উৎপাদন ব্যয় বাড়াচ্ছে। জৈব সার ও পরিবেশবান্ধব কৃষিপদ্ধতির ব্যবহার বাড়ানো প্রয়োজন।”

লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. সাইখুল আরিফিন বলেন, “এবার জেলায় আমনের ভালো ফলন হয়েছে। মৌসুমের শুরুতে বাজারে ধানের সরবরাহ বেশি থাকায় দাম কিছুটা কম থাকে। তবে সরকারি ধান সংগ্রহ কার্যক্রম শুরু হলে এবং ধানের আর্দ্রতা কমে এলে বাজারদর কৃষকের অনুকূলে আসবে বলে আমরা আশাবাদী।”

সব মিলিয়ে লালমনিরহাটে আমনের উৎপাদন বাড়লেও উৎপাদন খরচ ও বিক্রয়মূল্যের ব্যবধান কৃষকদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কৃষকদের দাবি, উৎপাদন ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করতে হবে। পাশাপাশি সরকারি গুদামে প্রকৃত কৃষকের কাছ থেকে সরাসরি ধান কেনার ব্যবস্থা কার্যকর করতে হবে। অন্যথায় ফলন ভালো হলেও কৃষকের আর্থিক অবস্থার উন্নতি হবে না।

ফলো করুন

লিখতে পারেন আপনিও!

আপনার এলাকার ঘটে যাওয়া ঘটনা, মতামত, ফিচার বা সৃষ্টিশীল সাহিত্য পাঠাতে পারেন আমাদের ঠিকানায়। নিয়ম ও শর্তাবলি জানতে কন্ট্রিবিউটর গাইডলাইন দেখুন।

ফটো কার্ড প্রিভিউ

Logo
২৮ নভেম্বর ২০২৬
News Image
Watermark

বাম্পার ফলনেও লোকসানের শঙ্কা, আমন চাষিদের লাভের হিসাব মেলেনি

networknewsbd.com
বিস্তারিত কমেন্টে
News Image
Watermark

বাম্পার ফলনেও লোকসানের শঙ্কা, আমন চাষিদের লাভের হিসাব মেলেনি

২৮ নভেম্বর ২০২৬
networknewsbd.com
ফটোকার্ড জেনারেটর
Network News BD
বাম্পার ফলনেও লোকসানের শঙ্কা, আমন চাষিদের লাভের হিসাব মেলেনি
লোকালয় | ২৯ নভেম্বর, ২০২৬
📰 বিস্তারিত কমেন্টে দেখুন