যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের সংগঠন টেক্সটাইল ক্লাবের ২০২৫-২৬ সেশনের চতুর্থ কার্যনির্বাহী কমিটির বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের স্যার জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ গ্যালারিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আনন্দ-উচ্ছ্বাসে যবিপ্রবির ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের নবীন বরণ ও বিদায়
বিদায়ী কমিটির সভাপতি মো. শাফি বলেন, ২০২২ সালে প্রতিষ্ঠিত যবিপ্রবি টেক্সটাইল ক্লাবকে বর্তমান অবস্থানে নিয়ে আসার পেছনে প্রতিষ্ঠাকালীন সিনিয়র ও শিক্ষকদের অবদান গুরুত্বপূর্ণ। দায়িত্ব পালনকালে শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতে সেমিনার, ওয়ার্কশপ, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পিকনিক এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও টেক্সটাইল ইন্ডাস্ট্রির সঙ্গে যোগাযোগ ও সহযোগিতা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। তবে ইন্ডাস্ট্রি ভিজিটসহ কিছু পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হয়নি, যা পরবর্তী কমিটি সম্পন্ন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
নির্বাচনে অংশগ্রহণকারীদের উদ্দেশে তিনি বলেন, নির্বাচনে জয়-পরাজয় স্বাভাবিক বিষয়। তাই ফলাফলকে কেন্দ্র করে নিজেদের মধ্যে দূরত্ব তৈরি করা উচিত নয়। যারা নির্বাচিত হবে এবং যারা হবে না, সবাইকে ক্লাবের কার্যক্রমে সক্রিয় থাকার আহ্বান জানান তিনি। পাশাপাশি নির্বাচনকে যোগাযোগ ও নেতৃত্বের দক্ষতা বৃদ্ধির একটি সুযোগ হিসেবে কাজে লাগিয়ে পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে ক্লাবের উন্নয়নে একসঙ্গে কাজ করার পরামর্শ দেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. অভিনু কিবরিয়া ইসলাম। তিনি আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, এত সুন্দর আয়োজনের জন্য যবিপ্রবি টেক্সটাইল ক্লাবকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানাই। তিনি বিদায়ী কমিটির গত এক বছরের কার্যক্রমের প্রশংসা করেন এবং ক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর রাখতে সব শিক্ষার্থীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড.চঞ্চল কুমার কুণ্ডু,বিভাগের প্রভাষক স্বরাজ মল্লিক,কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন বর্ষের শিক্ষার্থী।
