আমি ভালোবাসি,
কিন্তু সীমানার শেষ প্রান্ত ছুঁয়ে থেকে।
আমি স্বপ্ন দেখি,
কিন্তু জাগ্রত থাকি অভিলাষের লীলায়।

কুহেলিকার অন্তরালে
আমি ছবি আঁকি,
কিন্তু রং-তুলির সীমানা ছাড়িয়ে, অনুকম্পার আবেশে।
আমিও নিজেকে প্রকাশ করি,
কিন্তু তুমিহীন মরুভূমিতে—স্পর্শহীনতার ওপারে।
আমি তোমাকে ছুঁয়ে দেখি,
কিন্তু বেলা শেষে, কেবল কবিতায়।
আমিও ছন্দে ও অলংকারে সাজি,
কিন্তু ধূসরতার আবরণে লিপ্ত হয়ে।
আমিও ডানা মেলি,
কিন্তু হতাশার ভার বুকে নিয়ে।
আমিও নিখুঁত হতে জানি,
কিন্তু তোমার অস্তিত্বে ডুবে থেকে।
আমিও মালা গাঁথি,
কিন্তু ঝরে-পড়া বকুলের বিষণ্ন সাজে।
আমার ভেতরেও তরঙ্গ ও বিহঙ্গের মিশ্রণ ঘটে,
অথচ সুর তোলে না কেউ—
তুমি সুর জাগিয়ে দাওনি বলে।
