চ্যানেল টোয়েন্টিফোরের সিনিয়র রিপোর্টার আদদ্বীন সজিব ‘বেস্ট আরবান রিপোর্টিং অ্যাওয়ার্ড’ পেয়েছেন। শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর হাতে এ পুরস্কার তুলে দেয় নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম বাংলাদেশ।
গত বছরের ৩১ অক্টোবর চ্যানেল টোয়েন্টিফোরে প্রচারিত ‘মিরপুরের সড়কে বাজার বসিয়ে দেদারসে চলছে চাঁদাবাজি, অসহায় পুলিশ’ শীর্ষক প্রতিবেদনের জন্য তাঁকে এ পুরস্কার দেওয়া হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আগে ‘পরিকল্পিত ও টেকসই নগর উন্নয়ন’ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিকল্পনাবিদ মো. নুরুল্লাহ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের (আইপিডি) নির্বাহী পরিচালক অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান, দৈনিক সমকালের বিশেষ প্রতিনিধি অমিতোষ পাল, নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম বাংলাদেশের সভাপতি মতিন আব্দুল্লাহ ও সাধারণ সম্পাদক হাসান ইমন। এ ছাড়া অর্ধশতাধিক সাংবাদিক অনুষ্ঠানে অংশ নেন।
