দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) সভাপতি পদে পুনর্নির্বাচিত হয়েছেন মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী। এছাড়া মহাসচিব নির্বাচিত হয়েছেন একুশে টেলিভিশনের (ইটিভি) চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম।
আজ রাজধানীর একটি হোটেলে অ্যাটকোর দশম বার্ষিক সাধারণ সভা (এজিএম) শেষে ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেলের মালিক ও প্রতিনিধিরা অংশ নেন। এ সময় সংগঠনের আগামী দুই বছরের নেতৃত্ব নির্ধারণে ভোট দেন সদস্যরা।
ভোটগ্রহণ ও গণনা শেষে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করে। ফলাফলে সভাপতি পদে অঞ্জন চৌধুরী পুনর্নিবাচিত এবং মহাসচিব পদে আব্দুস সালাম নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।
নির্বাচিত হওয়ার পর সভাপতি অঞ্জন চৌধুরী ও মহাসচিব আব্দুস সালাম দেশের গণমাধ্যম ও টেলিভিশন শিল্পকে আরও শক্তিশালী, সমৃদ্ধ ও গতিশীল করতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
