ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে এ্যাডভান্সড রেসিডেন্সিয়াল মডেল কলেজের ২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে নগরীর অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে কলেজটির আয়োজনে এ অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের ফুল ছিটিয়ে বরণ করে নেন শিক্ষকমণ্ডলীরা।

কটিয়াদী সরকারি কলেজের নবীন শিক্ষার্থীদের বরণ
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। প্রধান আলোচক ছিলেন ময়মনসিংহ-৫ আসনের সংসদ সদস্য জাকির হোসেন বাবলু। এ সময় শিক্ষার্থীরা তাঁদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
সভাপতির বক্তব্যে ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য ও কলেজের অধ্যক্ষ কামরুল হাসান মিলন বলেন, শুধু এ প্লাস সার্টিফিকেট অর্জন করলেই হবে না, শিক্ষার্থীদের সুনাগরিক ও আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। তিনি শিক্ষার্থীদের পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল থেকে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে মনোযোগী হয়ে জীবনের লক্ষ্য নির্ধারণ করতে হবে। শিক্ষার্থীদের ঘরকেন্দ্রিক না থেকে বৃহত্তর পৃথিবীর সঙ্গে পরিচিত হওয়ার এবং নিজেদের যোগ্যতা বিকাশের সুযোগ কাজে লাগানোর পরামর্শ দেন তাঁরা। এ সময় তরুণ ও যুবসমাজকে মাদকমুক্ত রাখতে প্রধানমন্ত্রীর নেওয়া বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন অতিথিরা।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এআরএমসির সভাপতি মোহাম্মদ আব্দুর রাজ্জাক, সদস্য ড. মোহাম্মদ আলী আশরাফ, শাহ মোহাম্মদ মুস্তফা নূর এবং কলেজটির বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজের সাংস্কৃতিক শিক্ষক মোহাম্মদ জিহাদ রায়হান।
পরে আমন্ত্রিত অতিথিদের বিশেষ সম্মাননা স্মারক প্রদান করে কলেজ কর্তৃপক্ষ। নবীনবরণ উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন জাতীয় সংসদের তিন সদস্য।
শুভ্র/
