আয়শা আক্তার:
মুনতাসিরের গল্পের শুরুটা কোনো বড় আয়োজন কিংবা প্রাতিষ্ঠানিক উদ্যোগ দিয়ে নয়, বরং নিজের অভিজ্ঞতা থেকে তৈরি হওয়া একটি উপলব্ধি দিয়ে। একসময় যে সুযোগগুলোর অভাব নিজেই অনুভব করেছিলেন, আজ সেই সুযোগই অন্য শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিতে চান ফেনীর পরশুরামের তরুণ মুনতাসির রহমান। ফেনীর মহিপাল সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের এই শিক্ষার্থীর স্কুলজীবন থেকেই স্বপ্ন ছিল এমন একটি প্ল্যাটফর্ম গড়ে তোলার, যেখানে শিক্ষার্থীরা অর্থ ব্যয়ের চিন্তা ছাড়াই নিজেদের দক্ষতা বিকাশ, নেতৃত্ব, যোগাযোগ, ক্যারিয়ার প্রস্তুতি ও বিভিন্ন কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ পাবেন। সেই স্বপ্ন থেকেই চলতি বছরের ২৫ এপ্রিল যাত্রা শুরু করে নেক্সটজেন ইয়ুথ সোসাইটি বা এনজিওয়াইএস। সংগঠনটির অন্যতম প্রধান কার্যক্রম প্রতি সপ্তাহে বিনা মূল্যে অনলাইনে দক্ষতা উন্নয়ন সেশনের আয়োজন। অনলাইন কার্যক্রমের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ভিত্তিক কর্মশালা এবং বন্যাকবলিত পরিবারকে সহায়তার মতো মানবিক উদ্যোগেও যুক্ত হয়েছে সংগঠনটি। সম্প্রতি বিশ্ববিদ্যালয়গুলোতে সহশিক্ষা কার্যক্রম বিস্তারের লক্ষ্যে শুরু হয়েছে এর নতুন উদ্যোগ এনজিওয়াইএস অফলাইন প্রজেক্ট বা ড্রিম প্রজেক্ট।

এক সুতোয় আলাপনের সন্ধিক্ষণ
যে অভিজ্ঞতা জন্ম দিল নতুন স্বপ্নের
স্কুলজীবন থেকেই দক্ষতা উন্নয়ন ও সহশিক্ষা কার্যক্রমের প্রতি মুনতাসিরের আগ্রহ ছিল অগাধ। পড়াশোনার পাশাপাশি এমন কিছু করতে চাইতেন, যা তাঁকে আত্মবিশ্বাসী করে তুলবে, নতুন মানুষের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ দেবে এবং ভবিষ্যৎ কর্মজীবনের জন্য প্রস্তুত হতে সাহায্য করবে। এই আগ্রহ থেকেই তিনি বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত হয়েছিলেন। কিন্তু প্রত্যাশিত সুযোগের পাশাপাশি নানা সীমাবদ্ধতারও মুখোমুখি হন। কোথাও অর্থ ব্যয়ের চাপ, কোথাও অতিরিক্ত সাংগঠনিক ব্যস্ততা, আবার কোথাও নিয়মিত ও কার্যকরভাবে শেখার সুযোগের অভাব তাঁকে ভাবিয়ে তোলে। তিনি উপলবধি করেন, শুধু কোনো সংগঠনের সদস্য হওয়া কিংবা পদবি অর্জন করাই যথেষ্ট নয়, সেই অভিজ্ঞতা থেকে বাস্তবে কী শেখা যাচ্ছে, সেটিই বেশি গুরুত্বপূর্ণ। তাঁর মনে প্রশ্ন জাগে, এমন একটি সংগঠন কি গড়ে তোলা যায় না, যেখানে শিক্ষার্থীরা নিয়মিত দক্ষতা উন্নয়নের সুযোগ পাবেন, অথচ এ জন্য অর্থ ব্যয় করতে হবে না কিংবা অপ্রয়োজনীয় কাজে মূল্যবান সময় নষ্ট করতে হবে না?
এই ভাবনাই ধীরে ধীরে স্বপ্নে পরিণত হয়। অন্য কোথাও কাঙ্ক্ষিত সুযোগ খোঁজার পরিবর্তে নিজেই একটি প্ল্যাটফর্ম গড়ে তোলার সিদ্ধান্ত নেন তিনি। তবে এই উদ্যোগের পথচলা কেবল মুনতাসিরের একার নয়। একই ধরনের অভিজ্ঞতা ও ভাবনা থেকে তাঁর সঙ্গে যুক্ত হন সহপ্রতিষ্ঠাতারা: রোমেন হোসেন, মারিয়া সুলতানা, জান্নাতুল তাহসিন অহনা, জান্নাতুল মারিন, আবিদ সরকার, ইসরাত তাসনিম ও প্রেরণা বসাক। বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে তাঁদেরও কারও কারও হতাশাজনক অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছিল। সেই অভিজ্ঞতা থেকেই তাঁরাও এমন একটি সংগঠন গড়ে তোলার কথা ভাবছিলেন, যেখানে তরুণেরা কেবল প্রতিশ্রুতি নয়, বাস্তবে শেখার ও নিজেদের দক্ষতা বিকাশের সুযোগ পাবেন, তাও বিনা খরচে। মুনতাসিরের সঙ্গে পরিচয় ও ভাবনার মিল তাঁদের একসঙ্গে কাজ করার পথ তৈরি করে। সম্মিলিত উদ্যোগে তাঁরা ২০২৬ সালের ২৫ এপ্রিল নেক্সটজেন ইয়ুথ সোসাইটি প্রতিষ্ঠা করেন এবং বর্তমানে সোসাইটির কার্যক্রম পরিচালনার সঙ্গে যুক্ত আছেন।

ডিগ্রির পাশাপাশি দক্ষতা কেন গুরুত্বপূর্ণ?
বর্তমান সময়ে শুধু প্রাতিষ্ঠানিক ডিগ্রি অর্জন করলেই কর্মজীবনের জন্য সম্পূর্ণ প্রস্তুত হওয়া যায় না। শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি যোগাযোগদক্ষতা, বিশ্লেষণী চিন্তাশক্তি, সমস্যা সমাধান, দলগতভাবে কাজ করা, সময় ব্যবস্থাপনা, প্রযুক্তির ব্যবহার এবং নেতৃত্বের মতো দক্ষতাও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশ্ব অর্থনৈতিক ফোরামের ফিউচার অব জবস রিপোর্ট ২০২৫ অনুযায়ী, বিশ্লেষণী চিন্তাশক্তি, অভিযোজনক্ষমতা, নেতৃত্ব, সৃজনশীল চিন্তা ও প্রযুক্তিগত সাক্ষরতা নিয়োগদাতাদের কাছে গুরুত্বপূর্ণ দক্ষতার মধ্যে রয়েছে। প্রযুক্তি ও কর্মক্ষেত্রের পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলতে নতুন দক্ষতা অর্জন এবং বিদ্যমান দক্ষতা উন্নত করার প্রয়োজনও বাড়ছে। বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য বিষয়টি বিশেষভাবে প্রাসঙ্গিক। বিশ্ববিদ্যালয়ে ভালো ফলাফল করার পাশাপাশি কার্যকর সিভি তৈরি, চাকরির সাক্ষাৎকারে নিজেকে উপস্থাপন, পেশাগত যোগাযোগ গড়ে তোলা কিংবা নিজের কাজের পরিকল্পনা করতে পারাও গুরুত্বপূর্ণ। অথচ এসব বিষয়ে হাতে-কলমে শেখার সুযোগ সবার কাছে সমানভাবে পৌঁছায় না। প্রশিক্ষণের খরচ, যাতায়াতের সীমাবদ্ধতা এবং অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে দিকনির্দেশনা পাওয়ার অভাব অনেক শিক্ষার্থীর জন্য বাধা হয়ে দাঁড়ায়। এমন বাস্তবতায় বিনা মূল্যে দক্ষতা উন্নয়নের সুযোগ তরুণদের নিজেদের প্রস্তুত করার একটি কার্যকর মাধ্যম হতে পারে। এই প্রয়োজনকে সামনে রেখেই এনজিওয়াইএস শিক্ষার্থীদের জন্য নিয়মিত প্রশিক্ষণ ও শেখার সুযোগ তৈরির চেষ্টা করছে।
প্রতি সপ্তাহে বিনা মূল্যে দক্ষতা উন্নয়নের সেশন
নেক্সটজেন ইয়ুথ সোসাইটির অন্যতম প্রধান উদ্যোগ নেক্সটজেন স্কিল সেশন। এর মাধ্যমে প্রতি সপ্তাহে অনলাইনে বিনা মূল্যে দক্ষতা উন্নয়নবিষয়ক সেশন আয়োজন করা হয়। গুগল মিটের মাধ্যমে অনুষ্ঠিত এসব আয়োজনে অংশ নিতে শিক্ষার্থীদের নির্দিষ্ট কোনো ভেন্যুতে উপস্থিত হওয়ার প্রয়োজন হয় না। ফলে ঢাকার বাইরে কিংবা দেশের বিভিন্ন অঞ্চলে অবস্থান করেও তাঁরা অংশ নেওয়ার সুযোগ পান। সেশনগুলোতে পাবলিক স্পিকিং, প্রোডাক্টিভিটি, যোগাযোগদক্ষতা, একাডেমিক উন্নয়ন, ক্যারিয়ার পরিকল্পনা, নেটওয়ার্কিং, সিভি তৈরি এবং চাকরির সাক্ষাৎকারের প্রস্তুতির মতো বিষয়গুলো গুরুত্ব পায়। সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিদের বক্তা ও মেন্টর হিসেবে যুক্ত করার চেষ্টা করা হয়। সংগঠনটির দেওয়া তথ্য অনুযায়ী, বিভিন্ন সেশন ও কর্মশালায় রাফসান সাবাব, আসাদুজ্জামান জয়, মোমেন তাজওয়ার মমিত, খালিদ মাহমুদ খান, শিফাত উল হক সনেট, মো. কাইফ, মো. মোখতার হোসেন, তাশফিকাল সামি, সাব্বির সরকার ও ফারহান সাকিবসহ বিভিন্ন বক্তা ও মেন্টর যুক্ত হয়েছেন।
হাউ টু বিকাম আ ইউনিক স্পিকার সেশনে পাবলিক স্পিকিং ও উপস্থাপনা, প্রোডাক্টিভিটি: মাস্টার ইয়োর টাইম, বুস্ট ইয়োর ইমপ্যাক্ট সেশনে সময় ব্যবস্থাপনা ও উৎপাদনশীলতা এবং মাস্টারিং স্পোকেন ইংলিশ অ্যান্ড কমিউনিকেশন সেশনে ইংরেজি ও যোগাযোগদক্ষতা উন্নয়নের বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। এ ছাড়া লিংকডইন স্ট্র্যাটেজিস ফর ল্যান্ডিং ইয়োর ড্রিম জব সেশনে পেশাগত নেটওয়ার্ক গড়ে তোলা, বিল্ড আ উইনিং সিভি সেশনে সিভি তৈরি এবং হোয়াট টু ডু অ্যান্ড নট টু ডু ইন ইন্টারভিউজ অ্যাজ আ ফ্রেশার সেশনে নতুন চাকরিপ্রার্থীদের সাক্ষাৎকারের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে। এসব আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে জানার, প্রশ্ন করার এবং নিজেদের দক্ষতা উন্নয়নের বিষয়ে দিকনির্দেশনা পাওয়ার সুযোগ পান। সংগঠনটির পক্ষ থেকে অংশগ্রহণকারীদের সনদ দেওয়ার ব্যবস্থাও রয়েছে বলে জানানো হয়েছে। তবে সনদের পাশাপাশি অর্জিত জ্ঞান বাস্তবে প্রয়োগ করতে পারা এবং নিজের কাজের মান উন্নত করাই দক্ষতা বিকাশের মূল লক্ষ্য।

অনলাইন থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অফলাইন ড্রিম প্রজেক্ট
অনলাইনে শেখার সুযোগ তৈরি করার পাশাপাশি শিক্ষার্থীদের কাছে সরাসরি পৌঁছানোর উদ্যোগও নিয়েছে এনজিওয়াইএস। এ লক্ষ্যেই শুরু হয়েছে এনজিওয়াইএস ড্রিম প্রজেক্ট, যার মাধ্যমে ১৬টিরও বেশি বিশ্ববিদ্যালয়ে সহশিক্ষা কার্যক্রম ও দক্ষতা উন্নয়নমূলক কর্মশালা পরিচালনার পরিকল্পনা রয়েছে। এই উদ্যোগের অংশ হিসেবে ইতিমধ্যে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ভবিষ্যতে ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কর্মশালা আয়োজনের পরিকল্পনা রয়েছে সংগঠনটির। এর মাধ্যমে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নতুন দক্ষতা অর্জন এবং নিজেদের সক্ষমতা বিকাশের সুযোগ বাড়াতে চায় এনজিওয়াইএস। বিশ্ববিদ্যালয়জীবন কেবল পরীক্ষায় ভালো ফলাফল করার সময় নয়, এই সময়েই একজন শিক্ষার্থী নিজের আগ্রহ, নেতৃত্বের গুণ, যোগাযোগদক্ষতা ও ভবিষ্যৎ কর্মজীবনের প্রস্তুতি গড়ে তুলতে পারেন। কিন্তু সবার পক্ষে নিয়মিত প্রশিক্ষণ নেওয়া কিংবা অর্থ ব্যয় করে বিভিন্ন কর্মশালায় অংশ নেওয়া সম্ভব হয় না। বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীদের কাছে শেখার সুযোগ পৌঁছে দেওয়ার চেষ্টা করছে সংগঠনটি। মুনতাসিরের বক্তব্যে এই উদ্যোগের মূল উদ্দেশ্য স্পষ্ট হয়ে ওঠে। তিনি বলেন, আমি বর্তমান প্রজন্মের জন্য এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করতে কাজ করছি, যেখানে পড়ালেখার বাইরে সহশিক্ষা কার্যক্রমে কোনো শিক্ষার্থী দক্ষ হতে চাইলে যেন কেবল একটি প্ল্যাটফর্মের মাধ্যমেই বিনা খরচে দক্ষতা অর্জন করতে পারে, যা পরবর্তীতে তার শিক্ষা এবং ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
তাঁর এই বক্তব্যে শুধু একটি সংগঠন বড় করার আকাঙ্ক্ষা নয়, বরং শিক্ষার্থীদের জন্য শেখার সুযোগ সহজলভ্য করার প্রত্যাশাও প্রকাশ পায়। অনলাইন সেশন ও বিশ্ববিদ্যালয়ভিত্তিক কর্মশালাকে একই লক্ষ্যের অংশ হিসেবে এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে, যাতে শিক্ষার্থীরা নিজেদের প্রয়োজন অনুযায়ী শেখার সুযোগ খুঁজে পান। ১৬টিরও বেশি বিশ্ববিদ্যালয়ে কার্যক্রম পরিচালনার পরিকল্পনা বাস্তবায়িত হলে উদ্যোগটির পরিধি আরও বাড়বে। তবে এ ক্ষেত্রে নিয়মিত কর্মশালা আয়োজন, প্রশিক্ষণের মান বজায় রাখা এবং শিক্ষার্থীরা বাস্তবে কতটা উপকৃত হচ্ছেন, তা মূল্যায়ন করাও গুরুত্বপূর্ণ হবে।
সদস্য হওয়া নয়, শেখাটাই হোক মূল অর্জন
বর্তমানে বিভিন্ন যুব সংগঠনের কার্যক্রম ও সদস্য সংগ্রহের বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগমাধ্যমে চোখে পড়ে। নেতৃত্ব, নেটওয়ার্কিং, অভিজ্ঞতা এবং সহশিক্ষা কার্যক্রমে যুক্ত হওয়ার আশায় অনেক শিক্ষার্থী এসব সংগঠনে যোগ দেন। তবে কোনো সংগঠনের সদস্য হওয়া আর সেখান থেকে বাস্তব দক্ষতা অর্জন করা এক বিষয় নয়। কোনো সংগঠনে যুক্ত হওয়ার আগে তাই কয়েকটি বিষয় বিবেচনা করা জরুরি। সেখানে নিয়মিত প্রশিক্ষণ হয় কি না, সদস্যরা কী শেখার সুযোগ পান, সাংগঠনিক দায়িত্ব পড়াশোনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না এবং ব্যক্তিগত নিরাপত্তা ও সম্মানের পরিবেশ রয়েছে কি না, এসব প্রশ্ন গুরুত্বপূর্ণ। নেক্সটজেন ইয়ুথ সোসাইটির ঘোষিত লক্ষ্যও এমন একটি পরিবেশ তৈরি করা, যেখানে শিক্ষার্থীরা শুধু সাংগঠনিক পরিচয় অর্জন করবেন না, বরং নিজেদের বিকাশের জন্য বাস্তব সুযোগ পাবেন। সংগঠনটির দেওয়া তথ্য অনুযায়ী, অল্প সময়ের মধ্যেই এর সঙ্গে ১০ হাজারের বেশি পরিবারের সম্পৃক্ততা তৈরি হয়েছে। কারণ একটি সংগঠনের বিস্তার যেমন গুরুত্বপূর্ণ, তেমনি এর কার্যক্রম থেকে অংশগ্রহণকারীরা কতটা উপকৃত হচ্ছেন, সেটিও গুরুত্বপূর্ণ।

দক্ষতা উন্নয়নের পাশাপাশি মানবতার পাশে
একটি যুব সংগঠনের ভূমিকা শুধু প্রশিক্ষণ, কর্মশালা কিংবা ক্যারিয়ার প্রস্তুতির মধ্যে সীমাবদ্ধ নয়। মানুষের বিপদে পাশে দাঁড়ানো, সামাজিক দায়িত্ব পালন এবং সম্মিলিত উদ্যোগে অসহায় পরিবারকে সহায়তা করাও তরুণদের বিকাশের গুরুত্বপূর্ণ অংশ। নেক্সটজেন ইয়ুথ সোসাইটির কার্যক্রমে এই মানবিক দিকটিও রয়েছে। গত ২২ জুলাই চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় এগিয়ে আসে সংগঠনটি। এ সময় বন্যাদুর্গত ১৩৮টি পরিবারের মধ্যে চাল, ডাল, আলু, তেল ও পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি পরিবারগুলোকে আর্থিক সহায়তা এবং বন্যাকবলিত শিশুদের জন্য খাবারের ব্যবস্থাও করা হয়। বন্যার মতো দুর্যোগে বহু পরিবার খাদ্যসংকট, বাসস্থান হারানো এবং আয়ের অনিশ্চয়তার মুখে পড়ে। এমন সময়ে প্রয়োজনীয় খাদ্য ও আর্থিক সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তাৎক্ষণিক প্রয়োজন মেটাতে সহায়ক হতে পারে। দুর্যোগের পর স্বাভাবিক জীবনে ফিরে আসার সংগ্রামে থাকা পরিবারগুলোর জন্য সম্মিলিত উদ্যোগে এগিয়ে আসা গুরুত্বপূর্ণ।
স্বপ্ন এবার দেশের প্রান্তিক শিক্ষার্থীদের নিয়ে
বর্তমানে এনজিওয়াইএসের অনলাইন সেশনের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ভিত্তিক কার্যক্রম বিস্তারের পরিকল্পনা রয়েছে। তবে সংগঠনটি পরিচালনা করতে গিয়ে বেশ কিছু বাস্তব চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন এর নেতৃত্বে থাকা তরুণেরা। মুনতাসির রহমান জানান, সংগঠনের অধিকাংশ কার্যক্রমই বর্তমানে নেতৃত্বে থাকা শিক্ষার্থীদের ব্যক্তিগত অর্থায়নে পরিচালিত হচ্ছে। যেহেতু তাঁদের অধিকাংশই শিক্ষার্থী এবং নিজস্ব উপার্জনের সুযোগ সীমিত, তাই বিভিন্ন প্রজেক্ট বাস্তবায়ন ও নিয়মিত কার্যক্রম পরিচালনার ব্যয় বহন করা কঠিন হয়ে পড়ে। তিনি মনে করেন, সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আর্থিক ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা পাওয়া গেলে সংগঠনটির কার্যক্রম আরও পরিকল্পিত ও ধারাবাহিকভাবে পরিচালনা করা সম্ভব হবে। এতে শিক্ষার্থীদের ব্যক্তিগত আর্থিক চাপ কমার পাশাপাশি বৃহৎ পরিসরে তরুণদের দক্ষতা উন্নয়ন ও সামাজিক কার্যক্রম পরিচালনার সুযোগ তৈরি হবে।
পাশাপাশি মুনতাসিরের স্বপ্ন কেবল ঢাকার বিশ্ববিদ্যালয়গুলোতেই সীমাবদ্ধ নয়। পর্যাপ্ত স্পনসরশিপ, অর্থায়ন ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা পাওয়া গেলে দেশের বিভিন্ন অঞ্চলে সংগঠনটির কার্যক্রম ছড়িয়ে দিতে চান তিনি। বিশেষ করে প্রান্তিক এলাকার শিক্ষার্থীদের কাছে দক্ষতা উন্নয়নের সুযোগ পৌঁছে দেওয়া তাঁর পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ। কারণ মেধা, আগ্রহ ও সম্ভাবনা কোনো নির্দিষ্ট শহর কিংবা প্রতিষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ নয়, কিন্তু সুযোগের অভাব অনেক সময় সম্ভাবনাময় তরুণদের এগিয়ে যাওয়ার পথ কঠিন করে তোলে। দেশের বিভিন্ন অঞ্চলে অফলাইন কর্মশালা, অভিজ্ঞ মেন্টরের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং ক্যারিয়ারবিষয়ক দিকনির্দেশনা পৌঁছে দেওয়া গেলে শিক্ষার্থীরা আরও বিস্তৃত অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। তবে এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য অর্থায়নের পাশাপাশি প্রয়োজন দক্ষ প্রশিক্ষক, সুপরিকল্পিত কার্যক্রম, স্বচ্ছ ব্যবস্থাপনা এবং প্রশিক্ষণের ফলাফল মূল্যায়নের ব্যবস্থা।
একটি উদ্যোগ শুরু করতে স্বপ্ন ও সাহস প্রয়োজন। কিন্তু সেই উদ্যোগকে দীর্ঘমেয়াদে কার্যকর রাখা, নিয়মিত মানসম্মত আয়োজন নিশ্চিত করা এবং আরও বেশি শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া আরও বড় দায়িত্ব। এনজিওয়াইএসের সামনেও এখন সেই চ্যালেঞ্জ। মহিপাল সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির এক শিক্ষার্থীর উদ্যোগে শুরু হওয়া নেক্সটজেন ইয়ুথ সোসাইটি এখন সহপ্রতিষ্ঠাতাদের সম্মিলিত প্রচেষ্টায় অনলাইন সেশন, বিশ্ববিদ্যালয়ভিত্তিক কর্মশালা ও মানবিক কার্যক্রমের মধ্য দিয়ে সেই সম্ভাবনাকে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করছে। সামনে পথ দীর্ঘ, প্রয়োজন আরও সহযোগিতা, পরিকল্পনা ও ধারাবাহিক প্রচেষ্টা। তবু এর মূল ভাবনাটি গুরুত্বপূর্ণ: শেখার সুযোগ যেন কেবল সামর্থ্যবানদের জন্য সীমাবদ্ধ না থাকে, আর তরুণদের মূল্যবান সময় ব্যয় হয় এমন কাজে, যা তাঁদের ভবিষ্যৎকে আরও সম্ভাবনাময় করে তোলে। শেষ পর্যন্ত একটি যুব সংগঠনের সাফল্য শুধু তার সদস্যসংখ্যা, আয়োজনের সংখ্যা কিংবা বিস্তারের পরিধি দিয়ে নির্ধারিত হয় না। বরং কতজন তরুণ সেখানে এসে নতুন কিছু শিখলেন, কতজন নিজেদের সক্ষমতা বাড়াতে পারলেন এবং কতজন মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তনের অংশ হতে পারলেন, সেই হিসাবেই নির্ধারিত হয় তার প্রকৃত মূল্য। মুনতাসির রহমান ও তাঁর সহপ্রতিষ্ঠাতাদের স্বপ্নও সেই জায়গায়। নিজেদের অভিজ্ঞতায় যে সীমাবদ্ধতাগুলো তাঁদের ভাবিয়েছিল, সেগুলো যেন অন্য কোনো শিক্ষার্থীর সম্ভাবনার পথে বাধা হয়ে না দাঁড়ায়। সেই ভাবনা থেকে শুরু হওয়া উদ্যোগ কত দূর এগোবে, তা নির্ভর করবে এর কার্যক্রমের ধারাবাহিকতা, স্বচ্ছতা এবং শিক্ষার্থীদের জীবনে তৈরি হওয়া বাস্তব প্রভাবের ওপর। তবে তাঁদের লক্ষ্য স্পষ্ট: একটি এমন প্ল্যাটফর্ম গড়ে তোলা, যেখানে শেখার আগ্রহই হবে এগিয়ে যাওয়ার প্রথম শর্ত, আর অর্থের অভাব কোনো তরুণের দক্ষ হয়ে ওঠার পথে অপ্রয়োজনীয় বাধা হয়ে দাঁড়াবে না।
লেখক: ফরাসি ভাষা ও সংস্কৃতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
শুভ্র/
