রূপালী আক্তার:
একটি কন্যাশিশুর চোখে লুকিয়ে থাকে আগামীর অসংখ্য সম্ভাবনা। সেই চোখে কখনো বিজ্ঞানী হয়ে আকাশ ছোঁয়ার আকাঙ্ক্ষা, কখনো বৈষম্যহীন পৃথিবী গড়ার প্রত্যয়। কিন্তু স্বপ্ন দেখার অধিকার থাকলেও প্রতিটি কন্যাশিশু কি সেই স্বপ্ন পূরণের সমান সুযোগ পায়? ২০২৬ সালে দাঁড়িয়েও প্রশ্নটি আমাদের সমাজ ও রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বৈষম্যের দেয়াল ভেঙে এগিয়ে যাক কন্যাশিশু
“পৃথিবীর অর্ধেক সম্ভাবনা যদি কন্যাশিশুর মধ্যে নিহিত থাকে, তবে তার অধিকারের পূর্ণতা আজও কেন অসম্পূর্ণ?”
কন্যাশিশুর অধিকার মানে শুধু শিক্ষা নয়; বরং নিরাপদ শৈশব, পুষ্টি, স্বাস্থ্যসেবা, মতপ্রকাশের স্বাধীনতা ও নিজের ভবিষ্যৎ নির্বাচনের সুযোগ। বাল্যবিবাহ, যৌন হয়রানি, সাইবার বুলিং ও লিঙ্গবৈষম্য এখনো তার বিকাশের পথে বাধা।
সম্ভাবনাময় আগামী নির্মাণে কন্যাশিশুকে পরিবর্তনের সক্রিয় অংশীদার হিসেবে দেখতে হবে। বিজ্ঞান, প্রযুক্তি, সাংবাদিকতা ও নেতৃত্বে তাদের অংশগ্রহণ বাড়াতে হবে। পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলের মেয়েদের ডিজিটাল শিক্ষা, দরিদ্রদের বৃত্তি এবং প্রতিবন্ধী মেয়েদের জন্য অন্তর্ভুক্তিমূলক শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে হবে।
পরিবারকে মেয়ের স্বপ্নের প্রথম আশ্রয়, শিক্ষাপ্রতিষ্ঠানকে তার বিকাশের ক্ষেত্র এবং রাষ্ট্রকে অধিকার রক্ষার নির্ভরযোগ্য ভিত্তি হতে হবে। কন্যাশিশুর প্রতি সহিংসতার ঘটনায় দ্রুত বিচার, কার্যকর আইন প্রয়োগ এবং সচেতনতা নিশ্চিত করতে হবে।
২০২৬ সালের অঙ্গীকার হোক—মেয়েশিশুর জন্য শুধু নিরাপদ শৈশব নয়, মর্যাদাপূর্ণ বর্তমান ও সম্ভাবনায় উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করা। কারণ, একটি মেয়ের স্বপ্ন যখন ডানা মেলে, তখন শুধু একটি জীবন নয়, বদলে যাওয়ার সম্ভাবনা তৈরি হয় পুরো সমাজের।
শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়
