ফারিয়া ইসলাম
পুরো সপ্তাহজুড়ে ক্লাস, পড়ানো, নোট তৈরি আর শিক্ষার্থীদের নানা বিষয় বুঝিয়ে বলার মাঝে টিউটরদের জীবন যেন এক ক্লান্তিকর দৌড়ে পরিণত হয়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যস্ততার শহর পেরিয়ে যখন শুক্রবার আসে, তখন মনে হয় দীর্ঘ ক্লান্তির শেষে অবশেষে একটু স্বস্তি ফিরে এলো। একজন গৃহশিক্ষক বা টিউটরের প্রতিদিনের রুটিন বেশ কঠিন। বিশেষ করে যারা নিজেরা শিক্ষার্থী হয়েও অন্যের দায়িত্ব নেন, তাদের রুটিন আরও বেশি চ্যালেঞ্জিং। নিজের পড়াশোনা ও পরীক্ষা শেষ করে অন্যের ক্যারিয়ার গড়ার দায়িত্ব নিতে হয় তাদের। যানজট ঠেলে এক বাসা থেকে অন্য বাসায় ছুটে চলা, একেকজন শিক্ষার্থীর মনস্তত্ত্ব বুঝে তাদের মতো করে পড়ানো এবং অভিভাবকদের নানা প্রত্যাশা পূরণের চাপ সামলাতে হয় প্রতিদিন। এই নিরন্তর লড়াইয়ে নিজেদের জন্য সময় বের করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়।
এই নিরবচ্ছিন্ন মানসিক ও শারীরিক পরিশ্রমের পর শুক্রবার দিনটি আসে পরম আশীর্বাদ হয়ে। বৃহস্পতিবার রাতের ঘুমটাই যেন অন্যরকম শান্তির হয়, কারণ পরের দিন সকালে অ্যালার্মের শব্দে চমকে ওঠার ভয় থাকে না। এই দিনটায় নেই কোনো তাড়াহুড়ো করে তৈরি হয়ে বের হওয়ার তাগিদ, নেই ঘড়ির কাঁটার সাথে পাল্লা দিয়ে ছুটে চলার চাপ। এটি যেন যান্ত্রিক জীবনের বাইরে গিয়ে একটু ধীরে বাঁচার দিন। সারা সপ্তাহের রুটিনমাফিক জীবনের বাইরে গিয়ে নিজের জন্য কিছুটা সময় একান্তই নিজের করে রাখার দিন। অনেকদিন ধরে অবহেলায় পড়ে থাকা শখগুলোকে নতুন করে ধুলো ঝেড়ে সামনে আনার সুযোগ মেলে এই ছুটির দিনটিতেই।
জানালার পাশে বসে এক কাপ চা হাতে নির্ভার হয়ে আকাশ দেখার ফুরসত সপ্তাহে এই একবারই পাওয়া যায়। সপ্তাহের অন্য দিনগুলোতে পরিবারের সাথে ঠিকমতো কথা বলার সুযোগও হয় না অনেকের। তাই শুক্রবার মানেই পরিবারের সদস্যদের সাথে বসে মন খুলে গল্প করা, একসাথে খাওয়া বা প্রিয় কোনো বইয়ের পাতা উল্টানোর আনন্দ। সারা সপ্তাহের জমানো ক্লান্তি দূর করতে নিজের মনটাকে জিজ্ঞেস করার সময় পাওয়া যায়, কেমন আছো তুমি? এই আত্মোপলব্ধিটুকু পরবর্তী সপ্তাহের জন্য নতুন শক্তি জোগায়।
একজন টিউটরের জীবন বাইরে থেকে যতটা সহজ মনে হয়, ভেতরে তা ততটাই দায়িত্ববোধ আর পরিশ্রমে মোড়ানো। প্রতিটি শিক্ষার্থীর ভালো ফলাফল এবং সুন্দর ভবিষ্যৎ গড়ার পেছনে লুকিয়ে থাকে একজন শিক্ষকের নীরব ত্যাগ। তারা অগোচরে ফেলে রাখেন নিজেদের অনেক ছোট ছোট ইচ্ছে। তাই শুক্রবার কেবল ক্যালেন্ডারের পাতায় একটি ছুটির দিন বা সপ্তাহের শেষ দিন নয়। এটি একজন টিউটরের জন্য নতুন করে শ্বাস নেওয়ার সুযোগ। নিজের কাছে নিজের ফিরে আসার এক অপূর্ব অনুভূতি নিয়ে দিনটি শেষ হয়, আর তারা নতুন উদ্যমে আবার শুরু করেন আগামী সপ্তাহের ব্যস্ততা।
শিক্ষার্থী, ভৈরব সরকারি মহিলা কলেজ।
শুভ্র/
