পাকুন্দিয়ায় সড়ক পারাপারের সময় অটোরিকশার (মিশুক) চাপায় ইভা (৬) নামে এক শিশু নিহত হয়েছে।
আজ রোববার দুপুরে পাকুন্দিয়া-কিশোরগঞ্জ সড়কে আলোর স্টোর বাজারসংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
মৃত ইভা উপজেলার সুখিয়া ইউনিয়নের কোষাকান্দা গ্রামের সোহেল মিয়ার মেয়ে।
ইভার চাচা রুবেল মিয়া বলেন, বাড়ির সামনে সড়ক পারাপারের সময় একটি মিশুকের চাপায় গুরুতর আহত হয় ইভা। পরে দ্রুত তাকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইভার মৃত্যুতে তাদের পরিবারে শোক বইছে।
পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. তাওহীদ বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় তার মস্তিষ্কে গুরুতর আঘাত লাগে এবং নাক দিয়ে প্রচুর রক্তক্ষরণ হয়।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন দুর্ঘটনায় শিশু মারা যাওয়ার তথ্যটি বাসসকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ নিহতের বাড়িতে রয়েছে।
