শিরোনাম:
Network News BD
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

রাজশাহীতে ভবন নির্মাণ ঘিরে চাঁদাবাজি ও হয়রানি, থানায় এজাহার

নিহাল খান

নিহাল খান

প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬, ১০:৩০ PM ১৬ বার পঠিত
রাজশাহীতে ভবন নির্মাণ ঘিরে চাঁদাবাজি ও হয়রানি, থানায় এজাহার

ছবি: সংগৃহীত

রাজশাহী মহানগরীর বিলসিমলা এলাকায় জমি কিনে বহুতল ভবন নির্মাণ করতে গিয়ে স্থানীয় এক প্রভাবশালীর বিরুদ্ধে চাঁদাবাজি, অপহরণ, মারধর ও আইনি জটিলতা সৃষ্টির অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের দাবি, চাঁদা না পেয়ে নির্মাণকাজে বাধা দেওয়ার পাশাপাশি রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষকে (আরডিএ) দিয়ে হয়রানি করা হচ্ছে। এমনকি উচ্চ আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও স্থানীয় প্রভাব খাটিয়ে কাজ বন্ধ রাখা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী মালিকপক্ষ নগরীর রাজপাড়া থানায় একটি এজাহার দায়ের করেছেন।

এজাহার সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা মো. তহুরুল ইসলাম ও তাঁর সহযোগীরা ২০২৪ সালের ২৮ মে রাজপাড়া থানাধীন নতুন বিলসিমলা এলাকার বহরমপুর মৌজায় চার কাঠা জমি কেনেন। জমি ক্রয়ের পর সেখানে ভবনের নির্মাণকাজ শুরু হলে স্থানীয় প্রভাবশালী মো. মাহবুব আলী ও তাঁর ১০ থেকে ১৫ জনের একদল সহযোগী কাজে বাধা দেন। শুরুতেই অভিযুক্তরা প্রজেক্টের সাইট ম্যানেজারের ওপর নিম্নমানের রড, সিমেন্ট, ইট ও পাথর কেনার জন্য চাপ সৃষ্টি করেন।

এতে রাজি না হওয়ায় গত ২০২৫ সালের ৭ মার্চ সাইট ম্যানেজার মো. শিহাব উদ্দিনকে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে মারধর করা হয় এবং মোটরসাইকেলে করে অজ্ঞাত স্থানে তুলে নিয়ে যাওয়া হয়। পরে পঞ্চাশ হাজার টাকা মুক্তিপণ দিয়ে তাঁকে ছাড়িয়ে আনা হলেও আতঙ্কে তিনি চাকরি ছেড়ে চলে যান। এরপর সজীব নামে নতুন এক সাইট ম্যানেজার দিয়ে কাজ শুরু করা হলে গত ১২ জুলাই আসামিরা পুনরায় কাজ বন্ধ করে দেন। খবর পেয়ে প্রজেক্টের মালিকপক্ষ উপস্থিত হলে তাঁদের কাছে সরাসরি দশ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা না দিলে কাজ বন্ধ রাখা এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে জানান ভুক্তভোগীরা।

এদিকে একই প্রজেক্টে অনুমোদিত নকশা না মেনে বেজমেন্ট ও ছাদ নির্মাণের অভিযোগ তুলে আরডিএ গত ১৬ জুলাই একটি কারণ দর্শানোর নোটিশ প্রদান করে। নোটিশে ইমারত নির্মাণের নির্দিষ্ট শর্ত লঙ্ঘন ও নকশার ব্যত্যয় ঘটানোর অভিযোগ এনে সাত দিনের মধ্যে জবাব চাওয়া হয়। তবে ভুক্তভোগীরা গত ৩ আগস্ট প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহের সময় চেয়ে আরডিএতে লিখিত আবেদন জমা দিয়েছেন।

ভুক্তভোগীদের দাবি, আরডিএর সব নিয়ম মেনে কাজ করা সত্ত্বেও কেবল চাঁদাবাজির টাকা হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যেই স্থানীয় মাহবুব আরডিএতে মিথ্যা অভিযোগ দিয়েছেন এবং দলবল পাঠিয়ে বাধা তৈরি করছেন। পরে ভুক্তভোগীরা উচ্চ আদালতের দ্বারস্থ হয়ে কাজ চালিয়ে যাওয়ার পক্ষে সুনির্দিষ্ট আদেশ লাভ করেন। কিন্তু অভিযোগ উঠেছে, হাইকোর্টের আদেশ থাকা সত্ত্বেও ওই ব্যক্তি রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে প্রভাবশালী ছত্রচ্ছায়ায় কাজ বন্ধ রেখেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, অভিযুক্ত মাহবুব আলী রাজশাহী শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক। স্থানীয়দের অভিযোগ, তিনি ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন অনিয়ম করে বিপুল সম্পদের মালিক হয়েছেন এবং সম্প্রতি তাঁর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনেও (দুদক) লিখিত অভিযোগ জমা পড়েছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে মাহবুব আলী বলেন, আমার সঙ্গে তাঁদের তেমন কোনো ঝামেলা নেই। বিল্ডিংটি আরডিএর নিয়ম মেনে করা হয়নি বিধায় কর্তৃপক্ষ তা বন্ধসহ ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে। আমার বাড়ির পাশে তাঁরা বিল্ডিং তৈরি করছে কিন্তু রাস্তার জন্য যেটুকু জায়গা ছাড়ার কথা তা তাঁরা ছাড়েনি। এজমালি জায়গাও ছাড়েনি বিধায় আমি আরডিএতে অভিযোগ দিয়েছি। চাঁদা দাবির বিষয়টি সঠিক নয়।

এ বিষয়ে রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, এটি অনেক আগের বিষয়, এখন না দেখে কিছু বলা যাবে না। আদৌ অভিযোগ দিয়েছে কি না তা আগে দেখতে হবে। তবে কেউ যদি থানায় অভিযোগ দেয়, আমরা সেটা সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে দেখি। অভিযোগের সত্যতা থাকলে অবশ্যই তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

আরডিএর অথরাইজড অফিসার রায়হানুল ইসলাম রনি বলেন, আইন অমান্যকারীদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা ওই বিল্ডিংয়ের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে দেখছি ও যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!