শিরোনাম:
Network News BD
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

লালমনিরহাটে প্রধান শিক্ষককে পুনর্বহাল ঘিরে শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলা: আহত ১৪

মো: সাব্বির হোসেন

মো: সাব্বির হোসেন

প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬, ৭:৪৮ PM ২০ বার পঠিত
লালমনিরহাটে প্রধান শিক্ষককে পুনর্বহাল ঘিরে শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলা: আহত ১৪

ছবি: নেটওয়ার্ক নিউজ বিডি

লালমনিরহাটের আদিতমারী উপজেলার সরলখাঁ উচ্চ বিদ্যালয়ে পুনর্বহাল হতে আসা প্রধান শিক্ষকের ওপর বহিরাগতদের হামলার ঘটনা ঘটেছে। এ সময় শিক্ষককে রক্ষা করতে গিয়ে বহিরাগতদের হামলায় আহত হয়েছেন অন্তত ১৩ জন শিক্ষার্থী। মঙ্গলবার বিদ্যালয় প্রাঙ্গণে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

ঘটনার পর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত প্রধান শিক্ষক ও শিক্ষার্থীদের লালমনিরহাট সদর হাসপাতাল এবং আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে বিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন প্রধান শিক্ষক রশিদুল আলম। তৎকালীন শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তিনি বিদ্যালয়ে ঢুকতে পারেননি এবং একপর্যায়ে শিক্ষার্থীরা তাঁর কাছ থেকে জোরপূর্বক পদত্যাগপত্র লিখে নেয়।

তবে পরবর্তীতে পরিস্থিতি বদলে যায়। প্রধান শিক্ষক ছাড়া বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ বিঘ্নিত হচ্ছে অনুধাবন করে শিক্ষার্থীরা তাঁদের অবস্থান পরিবর্তন করে। গত মাস থেকে প্রধান শিক্ষককে সপদে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীরা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ঘেরাওসহ বিভিন্ন কর্মসূচি পালন করে এবং প্রশাসনের কাছে লিখিত আবেদন জানায়।

শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে উপজেলা প্রশাসন প্রধান শিক্ষককে বিদ্যালয়ে নিজ পদে ফেরার নির্দেশনা দেয়। কিন্তু স্থানীয় একটি বহিরাগত পক্ষ এতে আপত্তি জানিয়ে প্রধান শিক্ষককে বাধা দিয়ে আসছিল, যা নিয়ে গত কয়েক দিন ধরে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।

মঙ্গলবার প্রধান শিক্ষক রশিদুল আলম উপজেলা প্রশাসনের নির্দেশনায় বিদ্যালয়ে উপস্থিত হন। এ সময় ৪০ থেকে ৫০ জনের একটি বহিরাগত দল বিদ্যালয়ে প্রবেশ করে তাঁকে মারধর করে বের করে দেওয়ার চেষ্টা চালায়। উপস্থিত শিক্ষার্থীরা এতে বাধা দিলে বহিরাগতদের সঙ্গে সংঘর্ষ বেঁধে যায়।

বহিরাগতদের হামলায় প্রধান শিক্ষক রশিদুল আলম এবং ৮ম শ্রেণির শিক্ষার্থী মনোয়ারুল, হামিদুল, সিয়াম, সামিউল ও ৯ নম্বর শ্রেণির রুবেলসহ ১৩ জন শিক্ষার্থী আহত হন।

আহত শিক্ষার্থী মনোয়ারুল ইসলাম জানায়, “আগে না বুঝে আমরা প্রধান শিক্ষকের বিরোধিতা করেছিলাম। পরে যখন দেখলাম তাঁকে ছাড়া বিদ্যালয়ের পরিবেশ নষ্ট হচ্ছে, তখন তাঁকে পুনর্বহাল করতে বিভিন্ন দপ্তরে আবেদন করি। মঙ্গলবার স্যার বিদ্যালয়ে এলে ৪০/৫০ জন বহিরাগত এসে তাঁর ওপর ও আমাদের ওপর হামলা চালায়। আমরা প্রধান শিক্ষকের পুনর্বহাল এবং হামলাকারী বহিরাগতদের বিচার চাই।”

আহত প্রধান শিক্ষক রশিদুল আলম বলেন, “দীর্ঘদিন ধরে বহিরাগত একটি পক্ষ আমাকে ভয়ভীতি দেখিয়ে বিদ্যালয়ে যেতে দিচ্ছিল না। প্রশাসনের নির্দেশে মঙ্গলবার স্কুলে গেলে তারা আমার ওপর অতর্কিত হামলা চালায়। আমাকে বাঁচাতে এলে শিক্ষার্থী ও শিক্ষকরাও হামলার শিকার হয়। এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব সজীব জানান, ঘটনার খবর পেয়েই পুলিশ দ্রুত বিদ্যালয়ে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সরলখাঁ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গুঞ্জন বিশ্বাস জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিষয়বস্তু:

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!