শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

কুয়াশা, শিশির আর মিষ্টি রোদের স্নিগ্ধতায় মেতেছে যবিপ্রবিয়ানরা

মোঃ রাজু

মোঃ রাজু

প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৬, ৯:২৯ AM ৫৩ বার পঠিত
কুয়াশা, শিশির আর মিষ্টি রোদের স্নিগ্ধতায় মেতেছে যবিপ্রবিয়ানরা

নেটওয়ার্ক নিউজ বিডি সম্পাদিত

ভোরের নরম কুয়াশায় ধীরে ধীরে ঢেকে যাচ্ছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ক্যাম্পাস। ঘাসের ডগায় জমে থাকা শিশিরবিন্দু, গাছের পাতার ফাঁক গলে আসা মিষ্টি রোদ আর সকালের হিমেল বাতাস জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। হেমন্তের শেষ প্রান্তে এসে ঋতুবদলের এই আবহে বিশ্ববিদ্যালয়ের পরিচিত প্রাঙ্গণও যেন সেজেছে নতুন সাজে। ব্যস্ত ক্যাম্পাসজুড়ে এখন প্রকৃতির নীরব সৌন্দর্য আর শীতের অপেক্ষা।

সকালের ক্যাম্পাসে দেখা মেলে এক অন্য রকম দৃশ্যের। কেউ শীতের হালকা পোশাক গায়ে দিয়ে নিজ নিজ উদ্দেশে ছুটছেন, কেউ আবার বন্ধুদের সঙ্গে হাঁটতে হাঁটতে উপভোগ করছেন সকালের স্নিগ্ধতা। বিশ্ববিদ্যালয়ের খোলা মাঠের ঘাসে জমে থাকা শিশির সূর্যের আলোয় ঝিলমিল করে। গাছের পাতায় লেগে থাকা জলকণা আর কুয়াশার আবছা পর্দা মিলিয়ে ক্যাম্পাসের পরিবেশে তৈরি হয় মায়াবী এক আবহ।

বিকেল নামলে যবিপ্রবির দৃশ্যপট আরও মনোরম হয়ে ওঠে। পশ্চিম আকাশের নরম আলো যখন ক্যাম্পাসের গাছপালা ও ভবনের গায়ে পড়ে, তখন দিনের ব্যস্ততা কিছুটা স্তিমিত হয়ে আসে। ক্লাস শেষে শিক্ষার্থীদের কেউ দল বেঁধে হাঁটেন, কেউ বসেন পরিচিত আড্ডার জায়গায়। মাঠের পাশ দিয়ে বয়ে যাওয়া ঠান্ডা বাতাস আর গাছের ফাঁক গলে আসা শেষ বিকেলের রোদে তৈরি হয় এক প্রশান্ত পরিবেশ। এই সময়টুকুতে ক্যাম্পাস যেন পড়াশোনার ব্যস্ততার বাইরে নিজের আরেকটি রূপ মেলে ধরে।

আর সন্ধ্যা ঘনিয়ে এলে শীতের অনুভূতি আরও স্পষ্ট হয়ে ওঠে। দিনের উষ্ণতা কমে গিয়ে বাতাসে নামে হালকা ঠান্ডা। ক্যাম্পাসের আশেপাশের চায়ের দোকানগুলোতে জমতে শুরু করে শিক্ষার্থীদের আড্ডা। ধোঁয়া ওঠা চায়ের কাপে চুমুক দিতে দিতে কেউ আলোচনা করেন ক্লাস ও পরীক্ষা নিয়ে, কেউ মেতে ওঠেন গল্পে কিংবা ভবিষ্যৎ পরিকল্পনায়। বন্ধুদের সঙ্গে এমন ছোট ছোট মুহূর্তই বিশ্ববিদ্যালয়জীবনের স্মৃতিকে করে তোলে আরও রঙিন।

সবুজ মাঠে শিশিরের ঝিলিক, গাছের ছায়ায় আড্ডা, বিকেলের নরম রোদ আর সন্ধ্যার চায়ের কাপে জমে ওঠা গল্প—সব মিলিয়ে হেমন্তের শেষ প্রান্তে যবিপ্রবি যেন ধীরে ধীরে শীতকে বরণ করে নেওয়ার অপেক্ষায়। ঋতুর এই নীরব পরিবর্তনে ক্যাম্পাসের প্রতিটি পরিচিত দৃশ্যই যেন নতুন করে মনে করিয়ে দেয়, প্রকৃতির সৌন্দর্য লুকিয়ে থাকে তার ছোট ছোট বদলের মধ্যেই।

শীতের সকালের সৌন্দর্য নিয়ে অনুভূতি প্রকাশ করে কেমিকৌশল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো: রোকনুজ্জামান বলেন, “ভোরের হালকা কুয়াশা আর শিশিরভেজা প্রকৃতি মনকে সতেজ করে তোলে। শীতের সকালে বন্ধুদের সঙ্গে ঘোরাঘুরি, আড্ডা ও ছবি তোলার আনন্দই আলাদা। কাজের প্রয়োজনে বাইরে বের হলে শীত ও ঘন কুয়াশায় কিছুটা ভোগান্তি হলেও প্রকৃতির স্নিগ্ধতা মনকে প্রশান্তি এনে দেয়।”

ক্যাম্পাসের শীতের আমেজ নিয়ে ফিশারীজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রিফা তাসফিয়া বলেন, “কুয়াশায় ঢাকা গাছপালা, শিশিরভেজা ঘাস আর পাতার ফাঁক গলে আসা নরম রোদে আমাদের ছোট্ট ক্যাম্পাসটি যেন প্রকৃতির আঁচলে জড়ানো এক টুকরো মায়া। গ্রামীণ পরিবেশের কাছাকাছি হওয়ায় এই সৌন্দর্য আরও মুগ্ধ করে। ভবনের বারান্দা থেকে দিগন্তজোড়া আকাশ আর দূরের প্রকৃতি দেখতে মনে হয়, পৃথিবীটা যেন অসীমের পথে হারিয়ে গেছে।”

শুভ্র/

বিষয়বস্তু:

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!