পাবলিকিয়ান স্টুডেন্টস কমিউনিটি অব নাটোরের (পিএসসিএন) তৃতীয় কার্যনির্বাহী কমিটির আংশিক অনুমোদন দেওয়া হয়েছে। আজ রোববার (১৮ অক্টোবর) সংগঠনটির নির্বাচন কমিশন নতুন এই কমিটির অনুমোদন দেয়।
ঘোষিত কমিটিতে সভাপতি হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. রায়হান আলী, সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাইমুর রহমান হৃদয় এবং সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) শিক্ষার্থী মো. রাকিবুল ইসলাম।
এ ছাড়া কমিটিতে সিনিয়র সহসভাপতি হয়েছেন মো. মনিরুল ইসলাম, সহসভাপতি শাকিল হোসেন এবং সহসাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. ইশমাম সাইফ শিহাব।
নতুন সভাপতি রায়হান আলী এক প্রতিক্রিয়ায় জানান, সভাপতি নির্বাচিত হওয়ায় তিনি আনন্দিত ও গর্বিত। তাঁর ওপর আস্থা রাখায় সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সবার সহযোগিতায় সংগঠনটিকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
সাধারণ সম্পাদক নাইমুর রহমান হৃদয় জানান, পিএসসিএনের তৃতীয় কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়ে তিনি আনন্দিত ও সম্মানিত। সংগঠনের অগ্রযাত্রায় অবদান রাখা প্রতিষ্ঠাতা, উপদেষ্টামণ্ডলী, নির্বাচন কমিশন এবং সাবেক ও বর্তমান কমিটির সবার প্রতি তিনি কৃতজ্ঞতা জানান। সবার সহযোগিতা ও গঠনমূলক পরামর্শ নিয়ে পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতি বজায় রেখে পিএসসিএনকে আরও ঐক্যবদ্ধ ও শিক্ষার্থীবান্ধব সংগঠন হিসেবে এগিয়ে নেওয়ার প্রত্যাশা তাঁর।
সাংগঠনিক সম্পাদক মো. রাকিবুল ইসলাম বলেন, নাটোরের পাবলিকিয়ানদের জন্য কাজ করার সুযোগ করে দিয়েছে পিএসসিএন। বিশ্ববিদ্যালয় ভিন্ন হলেও নাটোরের পাবলিকিয়ানদের মধ্যে যেন কোনো যোগাযোগের ঘাটতি না থাকে, সেই লক্ষ্যে তিনি কাজ করতে চান। সবাইকে সঙ্গে নিয়ে পিএসসিএনকে এমন একটি জায়গায় নিয়ে যাওয়ার স্বপ্ন তাঁর, যেখানে নাটোরের প্রতিটি পাবলিকিয়ান নিজের আপন ঠিকানা খুঁজে পাবেন।
এদিকে নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে নবগঠিত এই কমিটিকে পূর্ণাঙ্গ করার নির্দেশ দেওয়া হয়েছে।
