ময়মনসিংহ টাউন হল প্রাঙ্গণে আগামীকাল মঙ্গলবার (২৪ নভেম্বর) থেকে শুরু হচ্ছে ৯ দিনব্যাপী বিভাগীয় বইমেলা। এবারের মেলায় পাঠক ও ভক্তদের সঙ্গে সরাসরি আড্ডা দিতে এবং বইয়ে অটোগ্রাফ দিতে উপস্থিত থাকবেন সমকালীন তরুণ প্রজন্মের জনপ্রিয় কবি ও কথাসাহিত্যিক সালমান হাবীব।
আগামী ২৬ ও ২৭ নভেম্বর (বৃহস্পতি ও শুক্রবার) বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলাপ্রাঙ্গণের ৪২ নম্বর স্টলে (বই অঙ্গন) অবস্থান করবেন তিনি।

ময়মনসিংহে শুরু হচ্ছে ৯ দিনব্যাপী বইমেলা
সাহিত্যাঙ্গনে ‘কবিতায় গল্প বলা মানুষ’ হিসেবে পরিচিত সালমান হাবীবের জন্ম বৃহত্তর ময়মনসিংহের নেত্রকোনা জেলায়। সহজ-সাবলীল ভাষায় যাপিত জীবনের হাসি-কান্না, বিরহ-বেদনা ও আত্মোপলব্ধির কথা কবিতায় ফুটিয়ে তুলে তিনি ইতোমধ্যে পাঠকমহলে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলোর মধ্যে রয়েছে— অতটা দূরে নয় আকাশ, ভালোবাসি একটি কবিতার নাম, বিরামচিহ্ন, আপনি আমার দুঃখ শব্দের বিসর্গ, আল্লাহকে ভালোবাসি, মন খারাপের মন ভালো নেই, দুখ দুগুণে পাঁচ, আমায় তুমি ফিরিয়ে নিও ফুরিয়ে যাবার আগে এবং মনে পড়ে মনও পুড়ে।
নিজের শহর ও অঞ্চলের পাঠকদের প্রতি ভালোবাসা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় সালমান হাবীব লিখেছেন, “হ্যালো শীতল জলের শহর ময়মনসিংহ, আগামী ২৬, ২৭ নভেম্বর (বৃহস্পতি ও শুক্রবার) আমরা আসছি ময়মনসিংহ বিভাগীয় বইমেলায়। আমাদের স্টল নাম্বার ৪২ [বই অঙ্গন] মেলায় থাকবো প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত। আমি মনে করি, আমার সবচেয়ে বেশি পরিচিত আর প্রিয় মানুষ বৃহত্তর ময়মনসিংহে। আমার ধারণা কি ঠিক? তাহলে দেখা হবে ২৬, ২৭ নভেম্বর ইনশাআল্লাহ।”
উল্লেখ্য, জাতীয় গ্রন্থকেন্দ্রের আয়োজনে এবং ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ের ব্যবস্থাপনায় আয়োজিত এই বিভাগীয় বইমেলা চলবে আগামী ২ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা এবং ছুটির দিনে সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। বইমেলার পাশাপাশি প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, কুইজ, বিতর্ক ও রচনা প্রতিযোগিতাসহ নানা আয়োজন।
শুভ্র/
