আজ ১৯ নভেম্বর, বিশ্ব পুরুষ দিবস। দায়িত্বের চাপে অনেক সময় পুরুষের শারীরিক ও মানসিক ক্লান্তি আড়ালেই থেকে যায়। এ বছর দিবসটির প্রতিপাদ্য হলো ‘ভবিষ্যৎ সবার’। সৎ ও দায়িত্বশীল পুরুষদের সম্মান জানানোর পাশাপাশি তাঁদের মানসিক স্বাস্থ্য ও সংগ্রামের দিকটি তুলে ধরতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভাবনা জানাচ্ছেন বাংলা বিভাগের শিক্ষার্থী মো. জাহিদ হাসান।
দায়িত্বের আড়ালে এক নীরব সংগ্রাম
মোমিন রাহমান, শিক্ষার্থী, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ

পুরুষেরও মন আছে, অনুভূতি আছে
বিশ্ব পুরুষ দিবস পুরুষের অবদানকে স্মরণ করার পাশাপাশি তাঁর জীবনসংগ্রাম ও অনুভূতিগুলোকে উপলব্ধি করারও একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। পরিবার ও সমাজের প্রতি দায়িত্ব পালনে পুরুষের ভূমিকা অনস্বীকার্য। জীবনের বিভিন্ন পর্যায়ে তাঁকে পরিবার, কর্মজীবন ও ভবিষ্যৎ নিয়ে নানা দায়িত্ব ও প্রত্যাশার সঙ্গে পথ চলতে হয়। কিন্তু এই দায়িত্বের আড়ালে অনেক সময় তাঁর নিজের অনুভূতিগুলো অপ্রকাশিত থেকে যায়। ছোটবেলা থেকেই পুরুষকে শক্ত থাকতে শেখানো হয়। ফলে দুঃখ, হতাশা, ব্যর্থতা কিংবা মানসিক চাপের কথা অনেকেই সহজে প্রকাশ করতে পারেন না। এর সঙ্গে বেকারত্ব, অর্থনৈতিক অনিশ্চয়তা, কর্মক্ষেত্রের প্রতিযোগিতা এবং পারিবারিক প্রত্যাশা তাঁর জীবনে বাড়তি চাপ তৈরি করে। আমার দৃষ্টিতে, একজন পুরুষের পরিচয় শুধু তাঁর উপার্জন কিংবা দায়িত্ব পালনের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তাঁর সততা, মানবিকতা, পরিশ্রম, স্বপ্ন ও ত্যাগেও সমানভাবে রয়েছে। তাই পুরুষ দিবস হোক পুরুষের অবদানকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাঁর অনুভূতি ও সংগ্রামের প্রতিও সহমর্মী হওয়ার একটি উপলক্ষ। নারী-পুরুষের পারস্পরিক সম্মান ও সহযোগিতাই পারে একটি সুন্দর, মানবিক ও ভারসাম্যপূর্ণ সমাজ গড়ে তুলতে।
নীরব ত্যাগের আরেক নাম পুরুষ
মাহমুদা ইসলাম, শিক্ষার্থী, বাংলা বিভাগ
মানবসভ্যতার অগ্রগতিতে নারী ও পুরুষ উভয়ের অবদান সমান গুরুত্বপূর্ণ। পুরুষ যেমন নারী ছাড়া অপূর্ণ, তেমনি নারীও পুরুষ ছাড়া অসম্পূর্ণ। তাই নারী-পুরুষ একে অপরের প্রতিদ্বন্দ্বী নয়, বরং পরস্পরের পরিপূরক। জীবনের শুরু থেকেই পুরুষকে নানা দায়িত্বের মুখোমুখি হতে হয়। কখনো বাবা, কখনো ভাই, কখনো জীবনসঙ্গী, প্রতিটি পরিচয়ের সঙ্গে জড়িয়ে থাকে ভিন্ন ভিন্ন দায়িত্ব ও প্রত্যাশা। এসব দায়িত্ব পালন করতে করতে অনেক সময় পুরুষ নিজের ইচ্ছা, শখ কিংবা আনন্দকে আড়াল করে ফেলে। অথচ এই পুরুষও একজন মানুষ। তাঁরও নিশ্চিন্তে হাসতে ইচ্ছে করে, নিজের মতো করে আনন্দ করতে মন চায়, কখনো দায়িত্বের ভার নামিয়ে একটু স্বস্তিতে বাঁচতে ইচ্ছে করে। একটি সুন্দর সমাজ গঠনে পুরুষের দায়িত্বশীল ভূমিকার পাশাপাশি তাঁর অনুভূতি, আত্মমর্যাদা ও মানসিক প্রশান্তির প্রতিও আমাদের যত্নশীল হওয়া প্রয়োজন। তাই আমাদের উচিত পুরুষের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা, তাঁদের অনুভূতিকে গুরুত্ব দেওয়া এবং জীবনের প্রতিটি পর্যায়ে তাঁদের পাশে থেকে সহযোগিতা করা। বিশ্ব পুরুষ দিবস দায়িত্বের আড়ালে চাপা পড়ে থাকা মানবিক অনুভূতি, মানসিক সুস্থতা ও মর্যাদার কথা স্মরণ করিয়ে দেওয়ার দিন।
পুরুষ কোনো যন্ত্র নয়
সাইফুদ্দীন সিদ্দীক, শিক্ষার্থী, দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ
ব্যক্তি, পরিবার ও সমাজ গঠনে পুরুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুগে যুগে শিক্ষা, সভ্যতা, অর্থনীতি, বিজ্ঞান, নেতৃত্ব ও মানবকল্যাণে পুরুষ উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে। তবে পুরুষের গুরুত্ব কেবল উপার্জন কিংবা পরিবারের দায়িত্ব বহনের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং একজন দায়িত্বশীল মানুষ, স্নেহশীল অভিভাবক, সচেতন নাগরিক ও মানবিক ব্যক্তিত্ব হিসেবেও তাঁর ভূমিকা রয়েছে। আমাদের সমাজে পুরুষকে প্রায়ই শক্ত, নির্ভীক ও দায়িত্বশীল হিসেবে নিজেকে উপস্থাপন করতে হয়। ফলে অনেক সময় তাঁর ব্যক্তিগত কষ্ট, মানসিক চাপ, ব্যর্থতা ও আবেগ প্রকাশের সুযোগ সংকুচিত হয়ে পড়ে। পরিবারের আর্থিক দায়িত্ব, কর্মসংস্থানের অনিশ্চয়তা, সামাজিক প্রত্যাশা, বেকারত্ব এবং মানসিক স্বাস্থ্যের প্রতি অবহেলা পুরুষের জীবনে নানা প্রতিবন্ধকতা তৈরি করে। একটি বিষয় মনে রাখা জরুরি, পুরুষ মানেই কেবল দায়িত্ব বহনকারী কোনো যন্ত্র নয়, তাঁরও অনুভূতি আছে, স্বপ্ন আছে, ক্লান্তি আছে এবং সহযোগিতা পাওয়ার প্রয়োজন রয়েছে। বিশ্ব পুরুষ দিবস কেবল পুরুষের অবদান উদ্যাপনের দিন নয়, বরং তাঁদের অধিকার, দায়িত্ব, সুস্থতা ও সামাজিক প্রতিবন্ধকতা নিয়ে ভাবারও উপলক্ষ। নারী-পুরুষের প্রতিযোগিতা নয়, পারস্পরিক সম্মান, সহযোগিতা ও সমান মর্যাদার ভিত্তিতেই গড়ে উঠুক একটি মানবিক সমাজ। পুরুষের অবদানকে স্বীকৃতি দিন, তাঁর অনুভূতিকেও গুরুত্ব দিন।
জীবনসংগ্রামে পুরুষের প্রয়োজন যত্ন
মো. রেদওয়ানুল ইসলাম, শিক্ষার্থী, বাংলা বিভাগ
বাইরে থেকে মনে হয় পুরুষ সব সামলে নিতে পারে। আসলেই সব পারে, তবে সামলাতে গিয়ে তাঁদের ভেতরে যে কতগুলো ক্লান্তি ও না বলা অভিমান লুকিয়ে থাকে, তা খুব কাছের সঙ্গিনীও বুঝতে পারে না। পুরুষ হাসিমুখে তাঁর জীবন-যৌবন পরিবারের মানুষদের জন্য উৎসর্গ করে দেয়। পুরুষ সমাজের সব বাঁধাধরা নিয়মকে উপেক্ষা করে কঠিন বাস্তবতাকে খুব সহজেই মেনে নেয়। সমাজের নানা স্তরে একজন পুরুষ কখনো সন্তান, কখনো ভাই, আবার কখনো সংসারের হাল ধরা মানুষ। এই বিচিত্র স্তরেও সে সব ভূমিকায় মহিমান্বিত। তবে এখন সময় পাল্টেছে। এই সময়ে একজন পুরুষের উচিত অন্ধভাবে সব চাপ একা না নিয়ে, সমাজ-সংস্কৃতির সঙ্গে তাল মিলিয়ে, নিজের আবেগকে নিয়ন্ত্রণ করে স্বীয় কর্তব্য পালন করা এবং সমস্যাগুলো ভাগাভাগি করে তা সমাধান করার চেষ্টা করা। বদলে যাওয়ার এই সময়ে একজন পুরুষের মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া অনেক বেশি জরুরি। নিজেকে বোঝা, নিজের ভালো থাকাকে গুরুত্ব দেওয়া এবং চারপাশের মানুষদের ভালো রাখা, এই সবকিছুর মধ্যেই লুকিয়ে আছে বিশ্ব পুরুষ দিবসের আসল অর্থ।
শুভ্র/
