১২ নভেম্বর, ২০২৬
English
Network News BD

রমজানে টিসিবির ৫২০ ট্রাকে পণ্য বিক্রি, সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ

নেটওয়ার্ক নিউজ বিডি
নেটওয়ার্ক নিউজ বিডি
প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬ | ১২:৩৮ পিএম | ১৬ বার পঠিত

আসন্ন পবিত্র রমজানে সারা দেশে প্রতিদিন ৫২০টি ট্রাকে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির পরিকল্পনা নিয়েছে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং

করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

গত রমজানে ৪৫০টি ট্রাকে পণ্য বিক্রি করা হলেও এবার ট্রাকের সংখ্যা বাড়ছে ৭০টি। এতে উপকারভোগীর সংখ্যা ৩৪ লাখ থেকে বেড়ে ৪০ লাখে উন্নীত হবে। অর্থাৎ, নতুন করে আরও ছয় লাখ মানুষ সাশ্রয়ী দামে পণ্য কেনার সুযোগ পাবেন।

একই সঙ্গে রমজানে পণ্যের সরবরাহ বাড়াতে ভোজ্যতেল, ডাল ও চিনি অতিরিক্ত আমদানির প্রস্তুতি নিচ্ছে সংস্থাটি। টিসিবির স্মার্ট কার্ডধারীদের পাশাপাশি কার্ডবিহীন সাধারণ ভোক্তাদেরও সাশ্রয়ী দামে পণ্য কেনার সুযোগ দিতে খোলাবাজারে বিক্রির (ওএমএস) উদ্যোগ নেওয়া হচ্ছে।

টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ বাসসকে বলেন, রমজানে পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে সংস্থাটির নিজস্ব ক্রয় পরিকল্পনা রয়েছে। সে অনুযায়ী প্রস্তুতি এগিয়ে চলছে। নিয়মিত পণ্য সরবরাহে কোনো সমস্যা হবে বলে তিনি মনে করেন না।

তিনি বলেন, স্মার্ট কার্ডের নিয়মিত কার্যক্রমের বাইরে আরও বেশি মানুষের কাছে পণ্য পৌঁছে দিতে সরকার অতিরিক্ত বিক্রির বিষয়টি বিবেচনা করছে। এ লক্ষ্যে ভোজ্যতেল, ডাল ও চিনি আমদানির জন্য বিদেশি সরবরাহকারীদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এছাড়া কিছু পণ্যের জন্য দরপত্রও আহ্বান করা হয়েছে।

টিসিবির চেয়ারম্যান জানান, অতিরিক্ত আমদানির পরিমাণ এখনো চূড়ান্ত হয়নি। তবে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রির পরিমাণও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

রমজানে পণ্য আমদানির বড় প্রস্তুতি

বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০২৬-২৭ অর্থবছরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে টিসিবি ইতোমধ্যে একটি ক্রয় পরিকল্পনা তৈরি করেছে। এ পরিকল্পনার আওতায় স্থানীয় ও আন্তর্জাতিক উৎস থেকে ২২ কোটি লিটার ভোজ্যতেল, ২ লাখ ২০ হাজার টন মসুর ডাল, ১ লাখ ১০ হাজার টন চিনি, ১৪ হাজার টন ছোলা এবং ৪ হাজার ৪০০ টন খেজুর সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এদিকে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের (বিটিটিসি) তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ভোজ্যতেল, চিনি, ছোলা, মসুর ডাল ও খেজুরের আমদানি গত অর্থবছরের একই সময়ের তুলনায় বেড়েছে।

এ সময়ে দেশে ভোজ্যতেল আমদানি হয়েছে ৮ লাখ ২৩ হাজার টন, যা আগের বছরের একই সময়ে ছিল ৭ লাখ ৫ হাজার টন। এ পণ্যের জন্য এলসি খোলা হয়েছে ৮ লাখ ৫ হাজার টনের, যা আগের বছরের তুলনায় ১ লাখ ৩১ হাজার টন বেশি। একই সময়ে সয়াবিন বীজ আমদানি বেড়ে ৫ লাখ ১ হাজার টনে দাঁড়িয়েছে, যা আগের বছরের তুলনায় ১ লাখ ১৩ হাজার টন বেশি।

চিনি আমদানি হয়েছে ৬ লাখ ৮৭ হাজার টন, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১ লাখ ৫৩ হাজার টন বেশি। এ সময়ে চিনির জন্য এলসি খোলা হয়েছে ৮ লাখ ১০ হাজার টনের।

রমজানে ইফতারের অন্যতম উপকরণ ছোলার আমদানিও উল্লেখযোগ্য হারে বেড়েছে। চলতি অর্থবছরের প্রথম প্রায় চার মাসে ছোলা আমদানি হয়েছে ৮২ হাজার টন, যা আগের বছরের একই সময়ে ছিল মাত্র ১২ হাজার টন। এ সময়ে ছোলার জন্য এলসি খোলা হয়েছে ১ লাখ ৩৮ হাজার টনের।

এ ছাড়া মসুর ডাল আমদানি হয়েছে ১ লাখ ২২ হাজার টন, যা আগের বছরের তুলনায় ৬৪ হাজার টন বেশি। এ পণ্যের জন্য এলসি খোলা হয়েছে ১ লাখ ১৪ হাজার টনের। অন্যদিকে, খেজুর আমদানি বেড়ে ১১ হাজার টনে দাঁড়িয়েছে, যা আগের বছরের একই সময়ে ছিল ৪ হাজার টন।

টিসিবির বাড়তি ট্রাক, অতিরিক্ত পণ্য আমদানির প্রস্তুতি এবং বাজারে আমদানি বৃদ্ধির এ চিত্র আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিশ্চিত করার ক্ষেত্রে ইতিবাচক প্রস্তুতিরই ইঙ্গিত দিচ্ছে।

ফলো করুন

লিখতে পারেন আপনিও!

আপনার এলাকার ঘটে যাওয়া ঘটনা, মতামত, ফিচার বা সৃষ্টিশীল সাহিত্য পাঠাতে পারেন আমাদের ঠিকানায়। নিয়ম ও শর্তাবলি জানতে কন্ট্রিবিউটর গাইডলাইন দেখুন।

ফটো কার্ড প্রিভিউ

Logo
১২ নভেম্বর ২০২৬
News Image
Watermark

রমজানে টিসিবির ৫২০ ট্রাকে পণ্য বিক্রি, সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ

networknewsbd.com
বিস্তারিত কমেন্টে
News Image
Watermark

রমজানে টিসিবির ৫২০ ট্রাকে পণ্য বিক্রি, সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ

১২ নভেম্বর ২০২৬
networknewsbd.com
ফটোকার্ড জেনারেটর
Network News BD
রমজানে টিসিবির ৫২০ ট্রাকে পণ্য বিক্রি, সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ
স্বদেশ | ১২ নভেম্বর, ২০২৬
📰 বিস্তারিত কমেন্টে দেখুন