শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

সামাজিক সমস্যা সমাধানে সমাজকর্মের পেশাগত স্বীকৃতি জরুরি

শামীমা নাসরীন লোবনা

প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৬, ১১:০৯ AM ১৭৭ বার পঠিত
সামাজিক সমস্যা সমাধানে সমাজকর্মের পেশাগত স্বীকৃতি জরুরি

ছবি: সংগৃহীত

মানুষের দৈনন্দিন জীবনে নানা ধরনের সমস্যা লেগেই থাকে। বিবিএস ২০২৫ এর তথ্যমতে আমাদের দেশের ১৯ দশমিক ২ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। ফলে এখানে অর্থনৈতিক সমস্যার পাশাপাশি সামাজিক সমস্যাও বেশ প্রকট। সীমিত সম্পদের মধ্যে একজন ভুক্তভোগী কীভাবে নিজের সমস্যা নিজে সমাধান করবেন সে বিষয়ে একজন সমাজকর্মীই সঠিক পথপ্রদর্শক হিসেবে ভূমিকা রাখতে পারেন। সঠিক নির্দেশনার অভাবে অনেকেই বিভিন্ন সময় ভুল পদক্ষেপ নেন। সেখানে একজন দক্ষ সমাজকর্মী সমস্যা সমাধানের সঠিক পথ দেখাতে পারেন। এ ধরনের সমস্যা সমাধানের উদ্দেশ্যে ১৮৮০ এর দশকে আমেরিকায় সমাজকর্মকে পেশা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এর ফলে সেখানে সামাজিক সমস্যা সমাধানে ব্যাপক সাফল্য আসে। আমাদের দেশে ১৯৫৫ সালে এর প্রাথমিক বিস্তার ঘটলেও আজও এটি পেশা হিসেবে পূর্ণাঙ্গ স্বীকৃতি পায়নি।

শিক্ষাক্ষেত্রে বর্তমানে সমাজকর্ম বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ রয়েছে। প্রতিবছর দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অসংখ্য শিক্ষার্থী সমাজকর্ম বিষয়ে ডিগ্রি অর্জন করছেন। কিন্তু নির্দিষ্ট কর্মসংস্থানের অভাবে তাঁরা অর্জিত জ্ঞান বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করতে পারছেন না। সমাজকর্মের বিভিন্ন পরিষদ থাকলেও বর্তমানে সেগুলোর কার্যক্রম খুব একটা চোখে পড়ে না। এমনকি সাধারণ মানুষও এসব বিষয়ে খুব বেশি জানেন না। অথচ পেশাগতভাবে দেশে সমাজকর্ম প্রতিষ্ঠান গড়ে উঠলে এবং দক্ষ সমাজকর্মীরা কাজে নিয়োজিত থাকলে সমাজের অধিকাংশ সমস্যারই সমাধান করা সম্ভব। কারণ একজন পেশাদার সমাজকর্মী তাঁর অর্জিত জ্ঞান ও দক্ষতার মাধ্যমে একজন সমস্যাগ্রস্ত ব্যক্তিকে এমনভাবে সাহায্য করেন যাতে ওই ব্যক্তি নিজের কাছে থাকা সামান্য সম্পদ ব্যবহার করেই নিজের সমস্যার সমাধান করতে পারেন।

দেশের মানুষের সমস্যা সমাধান এবং অর্থনৈতিক কাঠামো সুদৃঢ় করার জন্য সমাজকর্মকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করা এখন সময়ের দাবি। এটি নিশ্চিত করা গেলে দেশে প্রতিনিয়ত ঘটে চলা পারিবারিক ভাঙন দাম্পত্য কলহ এবং আত্মহত্যার মতো সামাজিক সমস্যাগুলোর প্রবণতা অনেকটাই কমে আসবে। সামাজিক সমস্যাগুলো দূর করতে সমাজকর্মকে পেশা হিসেবে স্বীকৃতি দিয়ে দক্ষ সমাজকর্মীদের মাধ্যমে কার্যকরী পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে গুরুত্বের সঙ্গে ভাবলে দেশের সার্বিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।

লেখক পরিচিতি: শামীমা নাসরীন লোবনা, শিক্ষার্থী (সমাজকর্ম বিভাগ), মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ, ময়মনসিংহ

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!