অমর একুশে বইমেলা ও বর্তমান সময়ের পাঠকদের চাহিদাকে সামনে রেখে প্রকাশিত হয়েছে তরুণ প্রজন্মের জনপ্রিয় কবি সালমান হাবীবের তিনটি নতুন কাব্যগ্রন্থ। এবারের বইমেলা উপলক্ষ্যে ‘বই আঙ্গন’ প্রকাশনী থেকে প্রকাশিত এই বইগুলো ইতোমধ্যেই কবিতাপ্রেমীদের নজর কেড়েছে।
সালমান হাবীব বরাবরই সহজ সাবলীল ভাষায় কবিতার গল্প বলতে পছন্দ করেন। এবারের তিনটি বইয়েও তার ব্যত্যয় ঘটেনি। বই তিনটি হলো— ‘আমি তার নিদারুণ অবহেলা’, ‘আজ তার মন খারাপ’ এবং ‘আমারে ভুইলা যাইয়েন না’।
নতুন এই তিনটি বই প্রসঙ্গে সালমান হাবীব বলেন, “মানুষের অনুভূতিগুলো বিচিত্র। কখনো সে নিদারুণ অবহেলায় পুড়ে, কখনো প্রিয় মানুষের মন খারাপ তাকেও বিষাদগ্রস্ত করে, আবার কখনো সে বিস্মৃতির অতলে হারিয়ে যাওয়ার ভয়ে কাতর হয়। আমার এই তিনটি বই মূলত প্রেম, বিরহ, অবহেলা আর স্মৃতির দস্তাবেজ। আশা করি পাঠক নিজেদের অব্যক্ত কথাগুলো আমার কবিতার পঙক্তিতে খুঁজে পাবেন।”
বইগুলোর দৃষ্টিনন্দন প্রচ্ছদ ও বাঁধাই পাঠকদের আকৃষ্ট করছে। ‘আমি তার নিদারুণ অবহেলা’ এবং ‘আজ তার মন খারাপ’ বইটির প্রচ্ছদ এঁকেছেন আহমাদ বোরহান এবং ‘আমারে ভুইলা যাইয়েন না’ বইটির প্রচ্ছদ এঁকেছেন পরাগ ওয়াহিদ।
মানুষের অবহেলা ও উপেক্ষার যন্ত্রণাকে উপজীব্য করে লেখা হয়েছে কবিতাগুলো নিয়ে সাজানো হয়েছে ‘আমি তার নিদারুণ অবহেলা’ বইটি। বিষণ্ণতা, দূরত্ব আর প্রিয়জনের মন খারাপের মুহূর্তগুলো উঠে এসেছে ‘আজ তার মন খারাপ’ কাব্যগ্রন্থে। বিস্মৃতি ও হারিয়ে যাওয়ার হাহাকার নিয়ে মলাটবন্দি হয়েছে ‘আমারে ভুইলা যাইয়েন না’ বইটি।
প্রকাশক জানায়, বইমেলার স্টল ছাড়াও রকমারি ডটকম এবং বুকমার্ক-সহ দেশের সকল অনলাইন বুকশপ থেকে পাঠকরা সহজেই বইগুলো ইতোমধ্যে অর্ডার করতে পারছেন।
উল্লেখ্য, সালমান হাবীবের প্রকাশিত অন্যান্য জনপ্রিয় কাব্যগ্রন্থগুলোর মধ্যে রয়েছে ‘অতটা দূরে নয় আকাশ’, ‘ভালোবাসি একটি কবিতার নাম’, ‘বিরামচিহ্ন’, ‘বিষাদের ধারাপাত’ এবং ‘মনে পড়ে মনও পুড়ে’।
