লক্ষ্মীপুর সদর থানাধীন লামছড়ি এলাকায় আট বছরের এক কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগে ১২ বছরের এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার ৮ নভেম্বর রাত ৯টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে শিশুটির বাবার ফোন পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে।
প্রাথমিকভাবে জানা যায় ভুক্তভোগী শিশুর বাবা মা ও ভাইবোন চিকিৎসার জন্য হাসপাতালে যাওয়ায় শিশুটি বাসায় একা ছিল। এই সুযোগে অভিযুক্ত কিশোর খেলার কথা বলে শিশুটিকে তার বাসায় ডেকে নিয়ে ধর্ষণ করে। এ সময় ভুক্তভোগী শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে অভিযুক্ত কিশোরকে একটি কক্ষে আটকে রাখে। এরপর শিশুটির বাবা ৯৯৯ নম্বরে ফোন করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।
৯৯৯ নম্বরে কলটি রিসিভ করেন কলটেকার কনস্টেবল জান্নাতুল ফেরদৌস সোহাগী। তিনি তাৎক্ষণিকভাবে লক্ষ্মীপুর সদর থানায় বিষয়টি অবগত করেন। এরপর ৯৯৯ পুলিশ ডিসপাচার এসআই জয়ন্ত চৌধুরী অভিযোগকারী এবং সংশ্লিষ্ট থানার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখেন।
খবর পেয়ে লক্ষ্মীপুর সদর থানার পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। ভুক্তভোগী শিশুটিকে চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।
