টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলেছে সরকারি-বেসরকারি অফিস ও ব্যাংক|
এদিকে অবকাশকালীন ছুটি শেষে শুরু হয়েছে আদালতের নিয়মিত কার্যক্রম|
দুর্গাপূজা উপলক্ষে গত ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত সরকারি ছুটি ছিল| সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২০ অক্টোবর মঙ্গলবার দুর্গাপূজার নবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়| ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে ছিল সাধারণ ছুটি| এছাড়া ২২ অক্টোবর বৃহস্পতিবারও নির্বাহী আদেশে ছুটি দেওয়া হয়|
এর সঙ্গে ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় টানা পাঁচ দিন বন্ধ ছিল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস|
ছুটি শেষে আজ থেকে আবারও শুরু হলো স্বাভাবিক কর্মচাঞ্চল্য |
রাজধানীসহ সারা দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে কর্মচাঞ্চল্য দেখা গেছে| সচিবালয়ে সকাল থেকেই বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের আগমন দেখা গেছে| সচিবালয়ের গেটে রয়েছে দর্শনার্থীদের ভিড়|
এদিকে অবকাশকালীন ছুটি শেষে আজ রোববার স্বাভাবিক বিচারিক কার্যক্রমে ফিরলো দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট|
গত ১৬ সেপ্টেম্বর থেকে গতকাল ২৪ অক্টোবর পর্যন্ত অবকাশ ও সরকারি ছুটির কারণে সুপ্রিম কোর্টে নিয়মিত বিচারিক কার্যক্রম বন্ধ ছিল| আজ থেকে হাইকোর্ট বিচারকার্য পরিচালনার জন্য সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে ৫৭টি বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী|
