শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

রংপুরে ফেসবুকের বিকল্প দেশীয় সামাজিক যোগাযোগমাধ্যম ‘ফ্রিডার’-এর যাত্রা শুরু

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২ আগস্ট ২০২৬, ৯:১২ PM ৯ বার পঠিত
রংপুরে ফেসবুকের বিকল্প দেশীয় সামাজিক যোগাযোগমাধ্যম ‘ফ্রিডার’-এর যাত্রা শুরু

সামাজিক যোগাযোগমাধ্যমের বৈশ্বিক আধিপত্যের যুগে নিজস্ব প্রযুক্তি ও কনটেন্ট নিয়ে নতুন স্বপ্ন দেখাচ্ছে রংপুরের দেশীয় সামাজিক যোগাযোগমাধ্যম ‘ফ্রিডার’। ‘নিজেদের কণ্ঠ, নিজেদের প্ল্যাটফর্ম’ স্লোগানকে সামনে রেখে যাত্রা শুরু করা এই প্ল্যাটফর্মটি বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য নিজস্ব গল্প, সংবাদ ও সৃজনশীলতা তুলে ধরার একটি ডিজিটাল মাধ্যম হিসেবে কাজ করবে।

​সম্প্রতি রংপুরের ধাপ এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে প্ল্যাটফর্মটির কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানানো হয়। উদ্যোক্তারা জানান, বন্ধু সংযোগ, সংবাদ আদান-প্রদান এবং ভয়েস চ্যানেলের মতো সুবিধাসম্পন্ন এই প্ল্যাটফর্মে ব্যবহারকারীদের তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর সিকিউরিটি ব্যবস্থা রাখা হয়েছে। স্থানীয় কনটেন্টকে প্রাধান্য দেওয়ার ফলে দেশের প্রত্যন্ত অঞ্চলের খবর ও সংস্কৃতি সহজে বৃহত্তর দর্শকের কাছে পৌঁছাতে পারবে বলে আশা করা হচ্ছে।

​তরুণ প্রজন্ম ও কনটেন্ট নির্মাতাদের আকৃষ্ট করতে ফ্রিডারে আয়ের বিশেষ সুযোগ রাখা হয়েছে। মাত্র ১ হাজার ফলোয়ার থেকেই মনিটাইজেশনের সুবিধা পাওয়ার ব্যবস্থা থাকায় নতুন নির্মাতারা দ্রুত আয়ের সুযোগ পাবেন। উদ্যোক্তাদের দাবি, এর ফলে বেকার তরুণরা ঘরে বসেই কনটেন্ট তৈরির মাধ্যমে কর্মসংস্থানের পথ খুঁজে নিতে পারবেন।

​ফ্রিডারের প্রতিষ্ঠাতা আখতারুজ্জামান জানান, যাত্রার শুরুতেই দেশ-বিদেশের প্রায় ১০ হাজার ব্যবহারকারী প্ল্যাটফর্মটিতে যুক্ত হয়েছেন। তিনি বলেন, অতীতে সরকারি উদ্যোগে কয়েকটি প্ল্যাটফর্ম চালুর চেষ্টা হলেও প্রত্যাশিত সাফল্য আসেনি, তাই তারা ব্যবহারকারীর চাহিদা, নিরাপত্তা ও প্রযুক্তির সক্ষমতাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। তবে ফেসবুকের মতো বৈশ্বিক প্রযুক্তি জায়ান্টদের সাথে প্রতিযোগিতা করা চ্যালেঞ্জিং উল্লেখ করে তিনি বলেন, এ ক্ষেত্রে সরকারের সমন্বিত উদ্যোগ ও আর্থিক সহযোগিতা প্রয়োজন।

​ফ্রিডারের হেড অব সাপোর্ট রেজাউল করিম জানিয়েছেন, দ্রুতগতির ইন্টারনেট সেবা ও ডেটা আদান-প্রদানের পাশাপাশি অশ্লীল বা বিদ্বেষমূলক পোস্ট থেকে ব্যবহারকারীদের সুরক্ষা দিতে কঠোর মডারেটর ব্যবস্থা রয়েছে। মার্কেটিং প্রধান বাদশা আলম জানান, নামমাত্র মূল্যে পেজ ভেরিফিকেশন ও পোস্ট প্রমোশনের সুযোগ রয়েছে। এছাড়া মনিটাইজেশন ছাড়াও ফ্রিডার অ্যাম্বাসেডর প্রোগ্রামে যুক্ত হয়ে আয়ের সুযোগ রয়েছে।

​বর্তমানে রংপুর নগরীর ধাপ এলাকায় অবস্থিত ফ্রিডারের কার্যালয়ে ১৬ জন কর্মী কাজ করছেন। প্ল্যাটফর্মটির কনটেন্ট মডারেটর ইশরাত জাহান ইশা জানান, শুরুর দিকে অনিশ্চয়তা থাকলেও বর্তমানে ব্যবহারকারীর সংখ্যা এবং কাজের পরিধি দিন দিন বাড়ছে। রংপুরের মাটি থেকে জন্ম নেওয়া ‘ফ্রিডার’ এখন কেবল একটি অ্যাপ নয়, বরং দেশীয় প্রযুক্তি দিয়ে বৈশ্বিক প্ল্যাটফর্মের সঙ্গে প্রতিযোগিতার একটি উচ্চাভিলাষী প্রচেষ্টা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

এসএন/

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!