১৪ নভেম্বর, ২০২৬
English
Network News BD

শ্রাবণের মেঘ আর জোছনার মায়ায় হুমায়ূন আহমেদ

জয় চক্রবর্তী
জয় চক্রবর্তী
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৬ | ১১:৩৯ এএম | ৫১ বার পঠিত

“প্রতি পূর্ণিমার মধ্যরাতে একবার আকাশের দিকে তাকাই—গৃহত্যাগী হওয়ার মতো জোছনা কি উঠেছে? বালিকা ভুলানো জোছনা নয়। যে জোছনায় বালিকারা ছাদের রেলিং ধরে ছুটাছুটি করতে করতে বলবে—ও মাগো, কী সুন্দর চাঁদ!

নবদম্পতির জোছনাও নয়। যে জোছনা দেখে স্বামী গাঢ় স্বরে স্ত্রীকে বলবেন—দেখো দেখো নীতু, চাঁদটা তোমার মুখের মতই সুন্দর।

আরও পড়ুন

হুমায়ূন আহমেদ: এক অনন্য শব্দকারিগর

কাজলা দিদির সাঁতারের জোছনা নয়। যে জোছনা বাসি স্মৃতিপূর্ণ ডাস্টবিন উল্টে দেয় আকাশে। কবির জোছনাও নয়। যে জোছনা দেখে কবি বলবেন—কী আশ্চর্য! রূপার থালার মতোন চাঁদ।

আমি সিদ্ধার্থের মত গৃহত্যাগী জোছনার জন্যে বসে আছি। যে জোছনা দেখামাত্র গৃহের সমস্ত দরজা খুলে যাবে—ঘরের ভেতর ঢুকে পড়বে বিস্তৃত প্রান্তর। প্রান্তরে হাঁটব, হাঁটব আর হাঁটব—পূর্ণিমার চাঁদ স্থির হয়ে থাকবে মধ্য আকাশে। চারদিক থেকে বিবিধ কণ্ঠ ডাকবে— আয়, আয়, আয়।”

— হুমায়ূন আহমেদ।

সত্তরের দশক থেকে আজ পর্যন্ত প্রতিটি প্রজন্মের মানুষকে জোছনা বা বৃষ্টির প্রেমে পড়তে এইভাবেই বাধ্য করেছেন হুমায়ূন আহমেদ। তাঁর বর্ণনায় জোছনা যেন হয়ে উঠেছিল অলৌকিক স্বর্গীয় কোনো রশ্মিগুচ্ছ। আর বৃষ্টি হয়ে উঠেছিল কোনো রহস্যমানবীর নূপুরের ঝংকার। ‘তেঁতুল বনে জোছনা’, ‘গৃহত্যাগী জোছনা’র মতো আরো অনেক বইয়ে তিনি পূর্ণিমা রাতের অপার্থিব সৌন্দর্যের বর্ণনা করেছেন। ‘শ্রাবণ মেঘের দিনে’, ‘বৃষ্টি বিলাস’, ‘মেঘ বলেছে যাব যাব’ ইত্যাদি বইয়ে গ্রামবাংলার বর্ষাকে তিনি বিশ্বের সবচেয়ে সুন্দর বর্ষা হিসেবে উল্লেখ করেছেন। তাঁর উপন্যাস পড়েছেন, অথচ জ্যোৎস্না বা বর্ষার প্রেমে পড়েননি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। জোছনা বা বৃষ্টি হুমায়ূন আহমেদকে এতোটাই মোহিত করেছিল যে, তিনি নুহাশপল্লীতে টিনের চালের ছাউনিতে বৃষ্টিবিলাস এবং জোছনাবিলাস নামে দুইটি আলাদা ঘরও তৈরি করেন। সেইখানে তিনি প্রায়শই জোছনা প্লাবন উপভোগ করতেন, ভরা বর্ষায় বন্ধুবান্ধবসহ ছুটে যেতেন টিনের চালে বৃষ্টির নূপুর পরে নাচার শব্দ শুনতে। তাঁর গানের কথায় বর্ষার সাথে প্রেমের যোগসূত্রও ফুটে ওঠে।

“বরষার প্রথম দিনে ঘন কালো মেঘ দেখে, আনন্দে যদি কাঁদে তোমার হৃদয়, অকারণে যদি আসে চোখে জল, তবে জেনে নিও—তুমি আমারই মতো…”

কিংবা,

“যদি মন কাঁদে, তবে চলে এসো এক বর্ষায়…”

গানগুলোয় বৃষ্টির দিনে উদাসী মনের নিজের প্রেয়সীকে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা প্রকাশ পায়।

প্রকৃতির প্রতি এত প্রেম থাকার পরও হুমায়ূন আহমেদকে মূলত নগরজীবন-কেন্দ্রিক কথাসাহিত্যিক বলা হয়। তাঁর বর্ণনায় যেমন স্নিগ্ধ জোছনা, স্বর্গীয় সৌন্দর্যের বর্ষার অবারিত বারিধারার রূপ প্রস্ফুটিত হয়েছে, তেমনি গ্রীষ্মের তপ্ত রোদে পোড়া পিচঢালা রাস্তা কিংবা কোনো এক শহুরে ঘিঞ্জি গলির শেষ প্রান্তের ছোট বাসায় একটি পরিবারের নাগরিক জীবন প্রবাহের বর্ণনাও ফুটে উঠেছে। হিমু, মিসির আলি কিংবা শুভ্রর মতো চরিত্রগুলোর মূলত শহরেই বেড়ে ওঠা। ‘নন্দিত নরকে’, ‘শঙ্খনীল কারাগার’, ‘অপেক্ষা’, ‘কোথাও কেউ নেই’ ইত্যাদি উপন্যাসগুলো নগরকেন্দ্রিক জীবনকে দৃশ্যমান করে তোলে।

গ্রামবাংলার চিরায়ত জীবন, শহুরে নাগরিক জীবন ছাড়াও তিনি ইতিহাসনির্ভর বেশ কিছু উপন্যাস রচনা করেছেন। মুক্তিযুদ্ধ নিয়ে লেখা ‘জোছনা ও জননীর গল্প’, ‘আগুনের পরশমণি’ (যা পরবর্তীতে সিনেমায় রূপান্তরিত হয় এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে), ‘১৯৭১’, ‘শ্যামল ছায়া’, ‘অনিল বাগচীর একদিন’ উপন্যাসগুলো হুমায়ূন আহমেদের লেখার বহুমুখী দিককে প্রকাশ করে। এছাড়াও মোগল সম্রাট হুমায়ুনকে নিয়ে লেখা ‘বাদশাহ নামদার’ উপন্যাসটি বাংলা সাহিত্যের ইতিহাসনির্ভর সবচেয়ে সেরা উপন্যাসগুলোর মধ্যে একটি। ১৯৭২ থেকে ১৯৭৫ সালের প্রেক্ষাপটে রচিত ‘দেয়াল’ উপন্যাসটি বাংলা সাহিত্যের আরো একটি শ্রেষ্ঠ উপন্যাস। ইতিহাসের সাথে নিজের সৃষ্ট চরিত্রগুলোর মেলবন্ধন কতটা নিখুঁত হতে পারে হুমায়ূন আহমেদের এই সকল উপন্যাস তার প্রকৃষ্ট উদাহরণ।

হুমায়ূন আহমেদ নিজের লেখা উপন্যাসগুলোকে পর্দায় ফুটিয়ে তোলা শুরু করেন ১৯৮০-এর দশক থেকেই। ‘প্রথম প্রহর’ তাঁর পরিচালিত প্রথম নাটক। এরপর অসংখ্য কালজয়ী নাটক তিনি নির্মাণ করেন। ‘কোথাও কেউ নেই’, ‘এইসব দিনরাত্রি’, ‘বহুব্রীহি’, ‘নক্ষত্রের রাত’, ‘আজ রবিবার’, ‘উড়ে যায় বকপক্ষী’সহ আরো অজস্র নাটকের পরিচালক ও লেখক তিনি। তাঁর নাটক এতোটাই জনপ্রিয় ছিলো যে, ‘কোথাও কেউ নেই’ নাটকের বাকের ভাই চরিত্রের ফাঁসি আটকানোর জন্য ঢাকায় মিছিলও হয়েছে। তৎকালীন প্রধানমন্ত্রী পর্যন্ত বাকেরের ফাঁসি না দেওয়ার জন্য হুমায়ূন আহমেদকে অনুরোধ করেছিলেন। ভারতীয় চ্যানেলগুলোতে হিন্দি ভাষায় ডাবিং করে হুমায়ূন আহমেদের নাটক প্রচারিত হয়েছে সেই সময়। এমনকি এতো বছর পরও হুমায়ূন আহমেদের নাটকের কদর এতটুকু পর্যন্ত কমেনি। করোনাকালে মানুষকে ঘরে রাখতে বিটিভিতে ২০২১ সালেও প্রচারিত হয়েছে নাটকগুলো। ‘আগুনের পরশমণি’, ‘শ্রাবণ মেঘের দিনে’, ‘দুই দুয়ারী’, ‘আমার আছে জল’, ‘শ্যামল ছায়া’, ‘চন্দ্রকথা’, ‘ঘেটুপুত্র কমলা’সহ অনেকগুলো চলচ্চিত্রও নির্মাণ করেন হুমায়ূন আহমেদ। ‘ঘেটুপুত্র কমলা’ সিনেমার জন্য শ্রেষ্ঠ পরিচালক পুরস্কার লাভ করেন তিনি।

আজ ১৩ই নভেম্বর। হুমায়ূন আহমেদের ৭৯তম জন্মদিন। জোছনার প্রতি এত মমত্ব থাকলেও ১৯৪৮ সালের এই দিনে অমাবস্যা তিথিতে তিনি নেত্রকোনার কেন্দুয়ায় জন্মগ্রহণ করেন। যতদিন এই বাংলার আকাশে শ্রাবণের মেঘ জমবে, টিনের চালে রিমঝিম শব্দে বৃষ্টি নামবে, কিংবা কোনো এক নিঝুম রাতে ভরা পূর্ণিমার জ্যোৎস্নায় পৃথিবী ভেসে যাবে, ততদিন প্রতিটি বাঙালির হৃদয়ে হিমু বা রূপা হয়ে বেঁচে থাকবেন আমাদের প্রিয় জাদুকর। কালের সীমানা পেরিয়ে তাঁর সৃষ্ট মায়ার জগৎ আমাদের বারবার ফিরিয়ে নিয়ে যাবে এক অদ্ভুত, বিষণ্ণ অথচ সুন্দর জীবনের কাছে। লাখো পাঠককে বইপ্রেমী করা জাদুকর শান্তিতে ঘুমান নুহাশপল্লীর বৃক্ষছায়ায়।

শুভ্র/

ফলো করুন

লিখতে পারেন আপনিও!

আপনার এলাকার ঘটে যাওয়া ঘটনা, মতামত, ফিচার বা সৃষ্টিশীল সাহিত্য পাঠাতে পারেন আমাদের ঠিকানায়। নিয়ম ও শর্তাবলি জানতে কন্ট্রিবিউটর গাইডলাইন দেখুন।

ফটো কার্ড প্রিভিউ

Logo
১৩ নভেম্বর ২০২৬
News Image
Watermark

শ্রাবণের মেঘ আর জোছনার মায়ায় হুমায়ূন আহমেদ

networknewsbd.com
বিস্তারিত কমেন্টে
News Image
Watermark

শ্রাবণের মেঘ আর জোছনার মায়ায় হুমায়ূন আহমেদ

১৩ নভেম্বর ২০২৬
networknewsbd.com
ফটোকার্ড জেনারেটর
Network News BD
শ্রাবণের মেঘ আর জোছনার মায়ায় হুমায়ূন আহমেদ
শব্দশৈলী | ১৪ নভেম্বর, ২০২৬
📰 বিস্তারিত কমেন্টে দেখুন