১১ নভেম্বর, ২০২৬
English
Network News BD

না পাওয়া, পাওয়া প্রেম

মোসা: আওরিয়া মিমি
মোসা: আওরিয়া মিমি
প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৬ | ০৫:৫৭ পিএম | ২৪ বার পঠিত

অনেকক্ষণ আগেই রাত হয়েছে। কাইয়া তার সঙ্গীদের সাথে আলোচনায় আছে। কথা বলতে বলতে হঠাৎ সে আনমনা হয়ে গেল। ওয়াইনের পাত্রটা হাতে নাড়তে নাড়তে উঠে দাঁড়াল। পাত্রটি টেবিলে রেখে বলল, “উঠছি রে।”

“কী হলো, কাইয়া?” তার হঠাৎ সঙ্গচ্যুত হওয়ার প্রস্তাবে একজন প্রশ্ন করল।

আরও পড়ুন

আওরিয়া মিমির কবিতা অভাব

“একটা কাজ মনে পড়ে গেল,” সে বলল।

তারা আবার জানতে চাইল, “আমরা কি আসব?”

“না, প্রয়োজন নেই। আমি আসছি,” বলে সে চলে গেল।

বাবা আজও ফেরেননি। বাণিজ্য কাজে তিনি কিছুদিন ধরে অনেক ব্যস্ত আছেন। তাই অনেক রাত পর্যন্ত অপেক্ষা করেও বাবার ফেরার সম্ভাবনা না দেখে কাথা খেতে বসল। যদিও সে মুখে খাবার তুলছে, তারপরও সেদিকে তার খেয়াল নেই। সে খুবই উদাস। খেতে খেতে হঠাৎ করে মনে হলো কেউ যেন তার পাশে এসে বসেছে। সে এতটাই উদাস ছিল যে খেয়ালই করতে পারেনি। যখন তাকাল, কাইয়াকে পাশে দেখল। সে এমনই, কোথা থেকে যে এত নিরাপদে আর নিশ্চুপভাবে প্রবেশ করে বুঝতেই পারা যায় না।

তাকে একবার দেখেই কাথা ভ্রু কুঁচকে ফেলল। মুখ ফিরিয়ে নিল, আর তাকাল না। এবার সে সম্পূর্ণ মনোযোগ খাবারে দিল। তাড়াতাড়ি মুখে খাবার তুলছে। কাইয়া খানিকক্ষণ নীরবে তার দিকে তাকিয়ে রইল। এরপর “কী খাচ্ছ?” বলে তার পাত্র হতে খাবার তুলে মুখে পুরে দিল। তবুও কাথা কিছু বললও না, আর তার দিকে তাকালও না। খাওয়া শেষ না করেই উঠে চলে গেল সে।

কাইয়া পিছে এলো এবং জিজ্ঞেস করল, “কোনো কথা বলছ না যে?”

রুক্ষ মুখে কাথা তার দিকে ফিরল। জিজ্ঞেস করল, “কে তুমি?”

কাইয়া নীরবে উত্তর দিল, “নিজেকেই জিজ্ঞেস কর না।” এরপরই মজা করে আবার বলল, “সময় খারাপ, তাই চিনছ না।”

পরিহাস করে কাথা তাকে বলল, “তুমি আবার খারাপ থাকো নাকি? মানুষকে খারাপ রাখ।”

সে চলে যেতে গেলে কাইয়া তার হাত ধরল। কাথা ব্যস্ত হয়ে হাত ছাড়াতে চাইল কিন্তু পারল না। ব্যর্থ হয়ে সে-ও নীরব হয়ে গেল। নিস্তব্ধ চোখে তার দিকে তাকিয়ে বলল, “এখন আমার খুব ভয় লাগে তোমাকে। কারণ আমাদের মধ্যে আর কোনো ভালোবাসা বেঁচে নেই।”

কাইয়া তার একটা আঙুল কাথার ঠোঁটে ছুঁইয়ে বলল, “চুপ থাক। এ রকম কথা আমায় কখনো বলবে না।” দীর্ঘশ্বাস ছেড়ে অভিযোগ করে বলল, “এমন একটা কথাও নেই যা আমার সাথে ভালো করে বল। কখনো জানতে চাও আমার মনের মধ্যে কী চলে? আর কিছু না হোক, আমি আর এখন স্বস্তিতে ঘুমাতে পারি না।”

কাথার সুরও অসহায় হয়ে গেল। সে বলল, “তাতে আমার কোনো দোষ নেই। কোনো কারণ ছাড়াই তোমায় অনেক বেশি ভালোবেসেছিলাম। কিন্তু তুমি তার যোগ্য নও। সবকিছু মুছে দিয়েছি। আমাদের মধ্যে আর কিছুই বাকি নেই।”

কাইয়া তার আরও কাছে এগিয়ে এলো। বলল, “শেষ বললেই সব শেষ করা যায় না।”

কাথা আবার বলল, “আমি ছাড়াও পৃথিবীতে অসংখ্য মেয়ে আছে। কেন তাদের কাউকে খুঁজে নিচ্ছ না? আমায় কষ্ট দিতে জানি তোমারও ভালো লাগে না।”

“অন্য কোথাও এ মায়া আমি পাব না।” নিজের বুকের বামদিকে দেখিয়ে কাইয়া বলল, “আমার জন্য এখানে যেমন অনুভূতি আছে, আর কোথাও তা তৈরি হওয়া সম্ভব নয়।”

একে অপরের দিকে নিশ্চুপ চোখে তাকিয়ে রইল তারা।

“কথা শুনবে আমার?” কাথা তাকে বলল, “সব কথা শুনে নেব। শুধু যে পথে তুমি চলছ, এ পথটা আমার জন্য ছেড়ে দাও। পারবে কথা রাখতে?”

কাইয়া শুধু তাকিয়েই রইল, কিছুই বলল না। মলিন মুখে কাথা বলল, “তুমি পারবে না।” বলে সে চলে যেতে গেল।

কাইয়া তাকে পেছন থেকে জড়িয়ে ধরল। “আমি এমনিতেই ভীষণ বিক্ষিপ্ত। তারপর ছেড়ে দিয়ে কেন একেবারেই শেষ করে দিতে চাইছ?”

“কতজনই তো শেষ হয়ে গেল। না হয় আমি-ও মরলাম, কী আসে যায়?” দুজনের চোখ দিয়েই টপটপ করে পানি ঝরে পড়তে লাগল।

নয় বছর আগে।

কাইয়া বিদ্যাপীঠ থেকে বেরিয়ে বাইরে অপেক্ষা করছে। কাথা বের হতেই তার হাত ধরল। দুজন পুস্তকসহ ছুটতে শুরু করল। কথা বলতে বলতে কাইয়া তাকে একটি রেস্তোরাঁয় নিয়ে এলো। আজ কাথাকে সে একটি অপরিচিত খাবারের সাথে পরিচয় করাল। সে কিছুতেই নতুন নামটা স্পষ্ট করে উচ্চারণ করতে পারছে না। কাইয়া খণ্ড খণ্ড করে তাকে কথাটি পুরো বলা শেখাল।

এটা আরেক দিন। কাথা বিদ্যাপীঠে রওনা হবে। বাবা ছোটবেলার মতো করে তার চুল আঁচড়ে দিচ্ছেন। এরপর বাবাকে বিদায় জানিয়ে সে বিদ্যাপীঠের উদ্দেশ্যে রওনা হলো।

কাইয়া ও কাথা দুজন বিদ্যাপীঠ থেকে ফেরার সময় কথায় কথায় বাজি ধরল। কাইয়া তার ওপরের পোশাকটি খুলে গাছের ডালে ঝুলিয়ে দিল। ডালটা যথেষ্ট উঁচু, যা কাথার ছোঁয়ার যোগ্য নয়। কাইয়া তাকে সেটি ডাল থেকে নামিয়ে দিতে বলল। কাথা লাফ দিল, কিন্তু হাতের নাগালে পেল না। সে আরও কয়েকবার চেষ্টা করল ও সফল হলো। কাইয়াকে শর্ত দিল, সে যা চায় তাই যদি সে তাকে দেয়, তাহলেই পোশাকটি ফেরত দেবে। না শুনেই কাইয়া রাজি হলো।

শর্তটি হলো—লুকোচুরিতে চোর হয়ে তাকে কাথাকে খুঁজতে হবে। কাইয়া চোখে হাত চাপা দিয়ে দাঁড়িয়ে রইল। কাথা লুকাল। অনেকক্ষণ হয়ে গেল কিন্তু কাইয়া তাকে খুঁজতে এলো না। সে কিছুটা বিভ্রান্ত হলো। হঠাৎ তখনই তার মাথার ওপর গাছের পাতা ঝরে পড়তে লাগল। সে অবাক হয়ে ওপরে চোখ দিতেই গাছের ডালে বসে কাইয়াকে হাসতে দেখল। সে-ও হেসে উঠল। এ খেলাতে দুজনেই অনেক মজা পেল।

এদিন তারা অনেক সময় একসাথে ঘুরল। কাইয়া চোখ ধরে তাকে এক অসম্ভব সুন্দর সোনালি ফুলের বাগানে নিয়ে গেল। যখনই কাইয়া চোখ খুলে দিল, কাথা মুহূর্তের জন্য নির্বাক হয়ে গেল। ফুলগুলোকে দুহাতে আলতো করে ছুঁয়ে ছুঁয়ে গন্ধ নিল, পাপড়িতে মুখ ডোবাল। প্রশান্ত চোখে কাইয়া চুপচাপ দাঁড়িয়ে তাকে দেখতে লাগল।

ফেরার সময় হঠাৎ কাইয়া তার হাত ধরল। কাথা তার চোখের দিকে তাকাল। সে-ও পলকহীন চোখে তাকিয়ে বলল, “আমি তোমার মায়ায় খুব জড়িয়ে গেছি। সবসময় আমার সঙ্গে থেকো।” কাথাও তার হাতটা শক্ত করে ধরে তাকে ছেড়ে না যাওয়ার আশ্বাস দিল।

বাণিজ্যে ঘটে যাওয়া ব্যাপক ক্ষতি পোষাতে বাবা এখন ব্যতিব্যস্ত। ঠিকমতো বাড়িতে থাকা-খাওয়াও সম্ভব হচ্ছে না। কিন্তু নিজের একমাত্র মেয়ে কষ্টে আছে, তিনি তা বুঝতে পারেন। তাই সময় হলেই তার সাথে থাকেন। তার মন অন্যদিকে নেওয়ার, যা হয়েছে তা ভুলে যাওয়ার চেষ্টা করান।

বাবা বাড়ি নেই। কাথাকে একদিন হঠাৎ মুখোশধারীরা অজ্ঞান করে নিয়ে গেল।

যখন জ্ঞান এলো, কাথার মাথাটা ভারী বোধ হলো। আস্তে আস্তে যখন সে উঠে বসল আর ভালো করে চোখ মেলল, পাশে কাইয়াকে বসে থাকতে দেখল। তাকে দেখামাত্রই সে বিরক্ত হলো। কিন্তু কাইয়া নির্লিপ্ত; যেন আগে থেকেই সে প্রস্তুতি নিয়ে আছে এ পরিস্থিতির জন্য।

ক্ষুব্ধ কাথা থমথমে গলায় বলল, “কোন অধিকারে আমায় এভাবে তুলে নিয়ে এসেছ? তুমি এখন আমার চোখে একটা অচেনা পথের মাস্তানের থেকে বেশি কিছু নও।”

চুপ করে কাইয়া শুনল। সে শান্ত হলে বলল, “তুমি আমার কোনো দায় নও, আমার দায়িত্ব। তুমি এমন নও যাকে প্রত্যাখ্যানের সুযোগ খুঁজব, আর সুযোগ পেলেই নিজের মতো পথে চলতে শুরু করব।”

অন্যদিকে মুখ ফিরিয়ে কাথা বলল, “আমায় যেতে হবে। আমি চাই না আমার বাবা জানুক একটা দস্যুর সাথে তার মেয়ের সম্পর্ক আছে, আর এই নিয়ে সে কষ্ট পাক।”

সে নেমে দরজা পর্যন্ত যেতেই কাইয়া তার পথ আটকাল। কাথা দরজা খুলতে যেতেই সে তার দুহাত ধরে নিজের মুঠোয় নিল। কাথা “ছাড়ো ছাড়ো” বলে চেঁচামেচি করতে শুরু করলে কাইয়া রেগে গেল। কঠিন চোখে তাকিয়ে বলল, “আমায় নিয়ে এত সমস্যা কেন তোমার?”

এতদিনে এক মহা অভিযোগ সে করে বসল। কাথা কেঁদে ফেলল এবং বলল, “সব দোষ তুমি করেছ। সব তোমার দোষ।”

কাইয়া অন্যদিকে ফিরে একটা দীর্ঘশ্বাস ফেলল। মলিন সুরে বলল, “শুধু শুধু কেন আমার সাথে ঝগড়া করছ? মাথা ঠান্ডা করে একটু তো আমার কথা শুনতে পার। তুমি ছাড়া এই কটা দিনেই আমি খুব অগোছালো হয়ে গেছি। তুমিই পার শুধু আমায় গুছিয়ে রাখতে। এই পৃথিবীতে আমার কেউ নেই। কাউকে নিয়ে আমার কিচ্ছু যায় আসে না। আমার শুধু আর শুধুই তোমাকেই দরকার। তুমি আমায় এ ভয়ংকর পৃথিবীতে একা ছেড়ে দিও না।”

কাথা বলল, “আমি যাকে ভালোবেসেছি সে তুমি নও। সে হারিয়ে গেছে। এখন যাকে দেখছি, সে আমার অচেনা।”

কাইয়া তার চোখ দিয়ে নামা কাতর অশ্রু মুছিয়ে দিতে গেলে সে সরে গেল আর দরজার বাইরে চলে গেল। কাইয়া বারবার তার হাত টেনে ধরতে লাগল, তাকে বুঝতে অনুরোধ করল। কিন্তু সে কোনো কথাই শুনতে চাইল না। এই বোঝাবুঝিতে বাড়াবাড়ি হয়ে গেল, আর না বুঝে কাথা তার মুখে থাপ্পড় দিল। সঙ্গে সঙ্গে কাইয়াও তার ঠোঁটে চুমু খেল। কাথা দুহাতের সব শক্তি দিয়ে তাকে ঠেলে দূরে সরানোর চেষ্টা করল, কিন্তু প্রতিবারই ব্যর্থ হলো। কাইয়া তাকে আঁকড়ে ধরে ততক্ষণ চুমু খেল যতক্ষণ না সে শান্ত হলো।

কাইয়া তাকে ছেড়ে দিল। কিন্তু কাথা বিস্ময়ে ডুবে গেল; এত দুঃসাহস সে দেখাবে কখনো চিন্তা করেনি। কাইয়া আঙুলে ঠোঁট মুছে তার কাছে এগিয়ে এলো। মুখের কাছে মুখ নিয়ে বলল, “যা আমার অধিকার তা আমি অন্য কাউকে দেব না। তোমার বাবা সমস্ত রাত জরুরি কাজে বাইরে কাটাবেন, তাই তোমাকে একা থাকতে হবে। আর আমি সব জেনে-শুনেও কীভাবে তোমায় একা ফেলে রাখতে পারি? আমার দায়িত্ব কখনো বেখেয়ালে মরে না।”

কাইয়া তাকে জোর করে কোলে তুলে আবারও সেই কক্ষে নিয়ে গেল। বিছানায় তাকে শুইয়ে দরজা বন্ধ করে বেরিয়ে গেল। নিজে পাশের কক্ষে শুল।

এ অপ্রত্যাশিত চুম্বনে কাথা এখনো শিহরিত। কাইয়ার কথা মনে পড়লে একটু লজ্জা পেল। যতটা সময় তারা একসাথে বিদ্যাপীঠে আসা-যাওয়া করেছে তাদের সাক্ষাৎ নিয়মিত ছিল। কিন্তু পারিবারিক কারণে যখন থেকে কাইয়ার পড়া বন্ধ হয়েছে, চাইলেও নিয়মিত তাদের দেখা হয় না। তবে তাতে তাদের ভালোবাসা এতটুকু কমে যায়নি।

কাথার বাবা একজন ব্যবসায়ী। এক রাতে তাঁর বহুমূল্যের মালবাহী জাহাজগুলো গভীর সমুদ্রে স্রোতের সাথে ভাসতে ভাসতে আসছে। তিনি এবং আরও কয়েকজন বণিক জাহাজের মধ্যে আছেন। অকস্মাৎ তারা একটা আওয়াজ শুনতে পেলেন এবং এটার মানে বুঝতে পেরে অত্যন্ত শঙ্কিত হলেন। তারা দেখলেন, দস্যুদের জাহাজ চারদিক দিয়ে তাদের ঘিরে দাঁড়িয়েছে। প্রতিরোধের কোনো উপায় নেই। তারা বুঝতে পারলেন, তারা শুধুই তাকিয়ে দেখতে পারবেন, কিছু করতে পারবেন না।

তারা দেখলেন, একটা তরুণ নেতৃত্ব দিচ্ছে। তার সঙ্গীরা জাহাজে থাকা সকল সম্বল লুট করে নিজেদের পথে পাড়ি জমাল। দস্যু দলপতির সাহস আর কৌশলী ব্যক্তিত্বের বাইরে কাথার বাবা তার চেহারাটাকে খুব খেয়াল করলেন। বারবার চেনা মনে হলো। ঠিক করে কুয়াশা কাটিয়ে মনে আনতে পারছেন না।

অন্য বণিকদের মতো তাঁরও অপূরণীয় ক্ষতি হলো। কিন্তু এই মহা বাণিজ্যিক ক্ষতির চেয়ে ওই অস্পষ্ট মনে ভাসা চেহারাটাই তাঁর কাছে জরুরি হয়ে উঠল। অনেক মনে করতে করতে তিনি নিশ্চিত হলেন, কাথার আঁকা একটা ছবিতে তিনি একে দেখেছিলেন। ঘরে ফিরে যখন তিনি ঘুমন্ত মেয়ের কক্ষে এলেন, তাঁর কাছে সব স্পষ্ট হয়ে গেল।

সকালে একসাথে নাশতা করার সময় বাবা তাকে প্রশ্ন করলেন সেই ছবিটা নিয়ে। একটুক্ষণের জন্য সে থমকে গেলেও বাবাকে মিথ্যা বলা তার অভ্যাস নয়। তাই সবকিছুই তাঁকে বলল। বাবা তাকে জানালেন গত রাতের সমুদ্রযাত্রার কথা। সব শুনে সে চুপ হয়ে গেল, কিছু বলতে পারল না। খাওয়া শেষ না করেই উঠে গেল।

সারাদিন লুকিয়ে লুকিয়ে অনেক কান্না করল। এরপরই কাইয়ার সাথে দেখা করল। কাথা তাকে প্রথমে কিছুই বুঝতে দিল না। হঠাৎ চোখে চোখ রেখে বলল, “আমি জানি তুমি আমায় মিথ্যা বলতে পার না।” আচমকা এ অপ্রত্যাশিত কথাতে কাইয়া বিভ্রান্ত হলো, তবে কিছুই বলল না।

“দুদিন আগে রাতে তুমি কোথায় ছিলে?”

সে যেন বজ্রাহত হলো। আর কাথার চোখে চোখ রাখতে পারল না।

“আমার চোখে চোখ রাখতে পারছ না?” বলে সে উপহাসের নিষ্ঠুর হাসি হাসল। তারপরই মুহূর্তে তার কণ্ঠ ক্ষীণ হয়ে এলো। কাইয়াকে কাথা বলল, “আমাদের দেখা আর কখনো হবে না। আমি তোমায় নিয়ে আর কখনো আঁকব না। অপূর্ণ রূপকথা পৃথিবীর পাতাতে বহু আছে, আর একটা না হয় যোগ হলো।” কান্নায় তার গলা ভেঙে এলো। আর কিছু বলতে পারল না। শুধু ঝাপসা চোখে একবার তাকে দেখে চলে গেল।

মাথা নিচু করে কাইয়া দাঁড়িয়ে রইল। ছলছল করে চোখ দিয়ে পানি ঝরে তার সারা মুখ ভরে গেল। কাইয়া কেমন অসার হয়ে গেল। কাথার প্রতিটা বাক্য তার মনে বিষবাণের মতো বিঁধছে। কাথাও মনকে কত কিছু বোঝাতে চেষ্টা করছে, কিন্তু কাইয়ার খেয়াল কোনোভাবেই মিটছে না। ঘুরেফিরে তার ওপর একটাই অভিযোগ আসছে, কেন সে তাকে জোর গলায় বলে দিতে পারল না—না, সে রাতে সে সমুদ্রে ছিল না। প্রতিদিনই কোনো না কোনোভাবে তাকে ভুলতে চেষ্টা করে, কিন্তু তত বেশিই নানাভাবে সে মনে আসে। মাঝে মাঝে বুকের চাপা যন্ত্রণায় তার চিৎকার করে কাঁদতে ইচ্ছা করে।

পরদিনই কাইয়া তাকে বাড়ি পৌঁছে দিল। সে জানতে পারল তার বাবা সত্যিই কাজে খুবই ব্যস্ত, তিনি এখনো ফেরেননি। যাই হোক, বাবাকে ঠকালেও কষ্ট যে দেয়নি এটা ভেবে কিছুটা স্বস্তি পেল। কিন্তু কাইয়ার গতকাল রাতের এ আচরণ মনে করে তার জন্য আর কোনো ইতিবাচকতা তার মনে অবশিষ্ট রইল না।

কিছুদিন বাদে।

কাথা বিদ্যাপীঠে চিত্র আঁকছে, এমন সময় একটা ছোট ছেলে তাকে কাইয়ার নামে একটা চিরকুট দিল। ছেলেটি যেতেই সে হাত থেকে সেটা ফেলে দিল। এরপর থেকেই সারাটা দিন বিক্ষিপ্তভাবেই গেল।

রাত অনেক হয়েছে। সে বাবার জন্য বসার ঘরে অপেক্ষা করছে। শুয়ে শুয়ে কাইয়া আর তার বিদ্যাপীঠের হাসি-আনন্দের দিনগুলো মনে করছে। হঠাৎই তার মনে হলো কেউ যেন এখানে এসেছে। তাড়াতাড়ি উঠে মোমবাতিটি জ্বালল আর যা প্রত্যাশা করেনি তাই দেখল। কাইয়া বসে আছে।

সে ব্যস্ত হয়ে জিজ্ঞেস করল, “তুমি এত রাতে কী করছ এখানে? দেখো, আমার বাবা এখনো আসেননি। আমি চাই না তিনি তোমাকে এখানে দেখুন। এমন কিছু কোরো না যেন সারাজীবনই তোমাকে শুধু ঘৃণা করে যেতে হয়।”

কাইয়া হাসল। “ভালোবেসে ভুলে যাওয়ার থেকে ঘৃণা করে মনে রাখাই তো বেশি ভালো, তাই না বলো?” ছোট ছোট পায়ে কাইয়া তার দিকে এগিয়ে এলো। “আমি যে তোমায় যেতে বলেছিলাম। এতক্ষণ অপেক্ষা করলাম, গেলে না কেন?”

“তোমার সঙ্গে আমি কোনো কথা বলব না,” বলে সে তার ঘরের দিকে যেতে গেলে কাইয়া তার হাত টেনে ঘরের মধ্যে নিয়ে গিয়ে দরজা আটকে দিল।

“আর কত খারাপ তুমি আমার কাছে হবে?” তাকে বলতে গিয়ে কাথা কেঁদে ফেলল।

সে আরও কাছে এগিয়ে এসে বলল, “আমি এ কারণেই তোমার কাছে ফিরে আসি। তুমি সব খারাপের মধ্য দিয়েও সেই আমায়ই খুঁজে ভালোবাস। যার যা করার করুক, আমি যা করার তোমায় নিয়েই করব।”

কাথার বাবা ফিরে এলেন। দুদিন কাইয়ার দেখা কোথাও না পেয়ে কাথা মনে শান্তি পেল। তৃতীয় দিন সব শান্তি ধ্বংস হয়ে মন দারুণ উতলা হয়ে উঠল। যেখানেই গেল তার দৃষ্টি শুধু কাইয়াকেই খুঁজল, কিন্তু সে কোথাও নেই। হঠাৎ এদিক-ওদিক চেয়ে তাকে দেখতে পায়, পরে দেখে না, সে নয়।

আবার একদিন কোথা থেকে হুট করে কাইয়া এলো। তাকে সম্মতি ছাড়া বাজের মতো তুলে নিয়ে গেল। কাইয়া তাকে টেনে আসনে বসাল। সামনে গত রাতের আধ-আঁকা ছবির কাগজখানা এবং রং-তুলি এগিয়ে দিয়ে বলল, “আর আমার ছবি আঁকবে না, তাই না? এটা কি কাল রাতেও আঁকছিলে?”

তার সোজাসুজি বসল। গা থেকে পোশাক খসাল। গভীর ক্ষতের দাগগুলো দেখে কাথা শিউরে উঠল। সে বলল, “ভালো করে এঁকো। এ প্রত্যেকটা ক্ষতের আলাদা আলাদা অর্থ রয়েছে।”

হাতের তালু দুটো আগুনে পুড়ে লাল হয়ে আছে। বুকের, পেটের ওপর জখমের গাঢ় চিহ্ন। আঘাত সেরেছে, কিন্তু চিহ্ন আর স্মৃতি আজও অক্ষত। নিবিষ্ট, নিঃসাড় চোখে কাইয়া তার দিকে তাকিয়ে আছে। মোমবাতির দুপাশে শিল্পী আর ভক্তের এক অসাধারণ চিত্র, যা আলো-আঁধারি দেওয়ালে আঁকছে। রাত গভীর হচ্ছে। স্থবির দৃষ্টিতে কাথা কাইয়াকে দেখছে আর অনুভূতির সাথে মিশিয়ে কাগজে ফোটাচ্ছে।

রাত শেষ হতে চলল। কাইয়া তাকে আজকের জন্য থামাল। পোশাক পরতে পরতে বলল, “সকলে যত্ন নিয়ে জন্মায় না। ধরে নিও আমিও তেমনি—যে তোমার থেকে এ পুরো পৃথিবীর সমস্ত চাওয়া-পাওয়া মেটাতে চায়। আমি তোমায় কথা দিচ্ছি, যতই দূরে সরাতে চাও না কেন, আমায় ভালো না বেসে থাকতে পারবে না।”

সে তার হাত ধরে হাঁটু মুড়ে পায়ের কাছে বসে পড়ল। কাথার বুকটাও হু হু করে উঠল। কাইয়া কাঁদো কাঁদো হয়ে বলল, “আমায় তুমি বুক থেকে টেনে পথের ধুলায় ফেলো না। তুমি ছাড়া আমি বাঁচা ভুলে গেছি। আমায় তুমি কখনো একা ফেলো না। যত পাপই আমি করি না কেন, তার একটা বিন্দু নিয়েও তোমার কাছে আসি না। জানি আমি খুব খারাপ, কিন্তু যদি সে রাতে সত্যি না বলতাম তবে? আজীবন আমার সাথে তুমি থেকে যাও।”

কখন যেন দুটো কপাল ছুঁয়ে গেল। নীরবে তারা চোখের পানি ঝরাল। কাইয়া কাথার চোখ সযত্নে মুছে দিল। বুকের ওপর বোতাম আটকাতে আটকাতে মজা করে বলল, “বাকিটা শিল্পী কখনো আমার বুকে শুয়ে শুয়ে এঁকো।” কাথা কিছু বলল না। সে চলে গেল।

মাত্র দুবার সামান্য ক্ষণের জন্য কাইয়ার দিকে তাকিয়েই কাথার চোখ ব্যথায় ফেটে পড়ল। সেই প্রথম দিনের দেখা থেকে আজ পর্যন্তের প্রতিটা দিন তার মনে পড়তে লাগল। বুক কাঁপল, হাতটা মাঝে মাঝে নড়ে গেল, তবু সে থামল না। যে যার মতো তার নিজের ভূমিকা পালন করে চলল। যখন রাতের প্রহর অনেক পার হলো, কাথার হাত থামল। কাইয়া এখনো সেভাবেই বসে আছে। কাগজটি তুলে কাথা তার হাতে দিল। কাইয়া যেন সম্পূর্ণ তাকেই খুঁজে পেল।

কাথার কাজ শেষ, সে চলে যেতে গেল। কাইয়া হাতটা ধরল আর কান্নায় ভেঙে পড়া সুরে বলল, “আমায় একটু জড়িয়ে ধরতে পার?” কাথা বুঝতে পারল না কখন সে দুহাতে হৃদয়ের সবটুকু যত্ন ঢেলে তাকে বুকে চেপে ধরল।

কাইয়া ও কাথা জাহাজের ওপর শুয়ে আছে। কাথার মাথা কাইয়ার হাতের ওপর। কেউ কিছুই বলে না, দুজনেই খোলা আকাশের দিকে তাকিয়ে আছে, যেন কত কিছু ভাবনা। হঠাৎ কাইয়া তার দিকে ফিরল। কাথাও নীরবে তাকাল। মৃদু হেসে কাইয়া বলল, “বলা হয়নি, তোমায় অসম্ভব অপূর্ব লাগছে।” কাথা তাকিয়েই রইল, কিছু বলল না।

কাথা তাকে ফেরায়, আবার নিজেই ফিরে পেতে চায়। সে সূত্রটা কাইয়ারও জানা, তাই তো তার এই নির্লজ্জতা।

কাইয়ার সবচেয়ে বড় শত্রু, ইরে একদিন আঘাত হানল তার সবচেয়ে কোমল জায়গায়। একজন বিত্তবান বণিক ও চরিত্রবান হিসেবে ইরে বিয়ের প্রস্তাব নিয়ে গেল কাথার বাবার কাছে। বিভিন্ন দিক বিবেচনা করে, কিছু খোঁজখবর নিয়ে বাবাও কাথাকে জিজ্ঞাসা ছাড়াই সম্মতি দিয়ে দিলেন। তিনি এ ব্যাপারে কোনো জানাজানি করেননি, এমনকি কাথাও জানেনি।

বিয়ের আগের দিন বাবা তাকে জানালেন। সে কিছু বলল না। দরজা আটকে সে নিজেকে বন্দী করে নিল। রাতে ইরে কিছু উপহার নিয়ে হবু স্ত্রীর সাথে দেখা করতে এলো। কাথার মন জানে, কাইয়া ছাড়া কাউকে তার মন সম্মতি দিতে পারবে না। তবু বাবার সম্মানে ইরের সঙ্গে সাক্ষাৎ করল।

সদা সাবধানী ইরের চোখ কথা বলতে বলতে হঠাৎ টেবিলে থাকা চিত্রগুলোর ওপর গেল। ভালো করে দেখে বুঝতে পারল এটা কাইয়াই। পানি পানের বাহানায় সে কাথাকে বাইরে পাঠাল। সুযোগমতো উল্টে-পাল্টে সে কাগজগুলো দেখল। সেখানে অসংখ্য দিনের স্মৃতি তুলে রাখা। কাথা ফেরার আগে সে সবকিছুই আগের মতো করে রাখল। ফিরে কাথা তাকে পানি দিল। একটুখানি খেয়ে রেখে দিল সে। তাকে বলল, “তুমি খুব সুন্দর আঁকো নাকি? কোনোদিন আমায় নিয়েও এঁকো।” কাথা কিছু বলল না, মৃদু হাসল।

ইরে প্রস্থান করল। কাথা আবার দরজা বন্ধ করে ছবিগুলো নিয়ে বসল। ছবিগুলো বুকে চেপে অনেক রাত পর্যন্ত সে কাঁদল। যে কাইয়াকে সবসময় দূরে সরায়, তার থেকে দূরে যাওয়ার ভয় তাকে ক্ষণে ক্ষণে গভীরতর আঘাত দিতে লাগল।

পরদিন বরপক্ষ, আত্মীয় সকলে চলে এলো। কাথাকে খুঁজে কোথাও পাওয়া গেল না। তার বাবা দুশ্চিন্তায় কাহিল হয়ে পড়লেন। ইরে তার ঘরে গেল এবং সেই চিত্রগুলোর দিকে খেয়াল দিল। প্রথম ছবির কাগজটা উল্টানো। সে সোজা করল। কাথার বসে থাকা সাধারণ একটি ছবি। কাইয়া তাকে সেই রেস্তোরাঁয় নিয়ে গেল, আবার একটা নতুন খাবারের সাথে তাকে পরিচয় করাল। সেই সোনালি ফুলবাগানে ঘোরাল, একটা ফুল দিয়ে প্রেম নিবেদন করল—যদিও কাথা তা নিজে থেকে গ্রহণ করল না। আগের মতো তার হাত ধরে সেই রাস্তা দিয়ে দুজন চলল—যদিও দুতরফা খুশি নেই।

এটা আরেকটা সন্ধ্যা। কাইয়া তাকে সঙ্গে করে নিয়ে গেল সমুদ্রে তার জাহাজে। জাহাজ চলতে শুরু করল। কাইয়া তাকে একটা আসনসজ্জিত কক্ষে নিয়ে এলো। হাত ছেড়ে দিয়ে একটা আসন টেনে বসতে দিল। কাথা বসল। টেবিলের ওপরের মোমবাতিটি জ্বালল। সেই আলোতে টেবিলে সুসজ্জিত অপূর্ণ সেই ছবিখানা, রং, তুলি সবকিছু সুস্পষ্ট হলো। কাইয়া সামনাসামনি বসল। কাইয়া তার পোশাকের আড়ালের জখম বের করল। কাথা দেখল আরও কিছু নতুন জন্মানো ক্ষত।

“তোমার বাকি কাজ সম্পন্ন কর।”

কাথা জখমের দিকে চেয়ে কাগজ তুলে নিল। স্থির চোখে তার দিকে তাকাল। তুলি দিয়ে আঁচড় কাটতে শুরু করল। কাইয়া তার দিকে অপলক তাকিয়ে রইল। খানিক পরে চোখ দিয়ে অঝোরে অশ্রু গড়াতে শুরু করল।

কিন্তু নিচে দুটো বাক্য—”আমায় বৃথা খুঁজো না। তোমরা আমায় কেউ পাবে না।”

ইরে কাথার বাবাকে দেখাল। তিনি নিথর চোখে সেদিকে তাকিয়ে কেঁদে ফেললেন।

কাইয়া তার কাজ নিয়ে ব্যস্ত। সঙ্গীদের সাথে ব্যবসার জটিল আলোচনা করছে। অপ্রত্যাশিতভাবে সেখানে ইরে ঢুকে পড়ল। কাইয়া ও তার সঙ্গীরা তাকে দেখে খুবই ক্ষিপ্ত হলো।

কাইয়া নিরস আওয়াজে জিজ্ঞাসা করল, “কী প্রয়োজন এখানে?”

ইরে একটুও রাগ দেখাল না। বরং তার হাতটা হাতে নিয়ে করমর্দন করে তাকে জড়িয়ে ধরল। আস্তে কানের কাছে মুখ নিয়ে বলল, “তুই অনেক ভাগ্যবান।”

বুঝতে না পেরে কাইয়া জিজ্ঞাসু চোখে তার দিকে তাকাল। “বোস,” ইরে তাকে বলে নিজে বসল ও তাকে বসাল। কাইয়া ও তার সঙ্গীরা এ অহেতুক আলাপে বিভ্রান্ত হলো।

ইরেই পরিষ্কার করে বলল, “কেন এসেছি ভাবছিস তো? এই নে, দেখ।” কাগজটি তাকে দিল, সাথে বাকিগুলোও।

প্রথম কাগজটায় চোখ পড়তেই কাইয়া স্তম্ভিত হয়ে গেল। তার দিকে একটু তাকিয়েই আবার ছবিতে মনোযোগী হলো। তাদের একসাথে কাটানো প্রতিটা দিন সেখানে সুন্দর করে গুছিয়ে রাখা। দেখা শেষে ইরেকে প্রশ্ন করল, “এগুলো তুই কীভাবে পেলি?”

ইরে কথা শুরুর আগে একটা দীর্ঘশ্বাস ফেলল। তার চোখে চোখ রাখল। “জানিস তোর সাথে আমার মূল শত্রুতা কী বিষয়ে? দুটো জাহাজের সংঘর্ষে যাত্রীবাহী জাহাজটা একেবারে ডুবে গেল…”

দুজনের চোখই স্পষ্ট তা দেখতে পেল। কাইয়া অত্যন্ত ব্যথিত হয়ে বলল, “তোকে আমি আগেও বলেছি, ওটা একটা দুর্ঘটনা ছাড়া কোনো পরিকল্পনা ছিল না।”

ইরে হঠাৎ ভীষণ উদাস হয়ে বলল, “জানিস তাতে আমার কী ছিল? আমরা ছেলেবেলার বন্ধু ছিলাম। ও পড়া শেষ করে আমার সঙ্গে সারাজীবন থাকার জন্য ফিরছিল। কিন্তু আমাদের আর একসাথে থাকা হলো না। তুই নাকি পাগলের মতো ভালোবাসিস কাউকে শুনে পরিকল্পনা করলাম, আমার কষ্টটা তোকে উপলব্ধি করাব। কিন্তু কাথার সঙ্গে যখন দেখা হলো, ওর চোখে আমি আমার জন্য কোনো আবেগ খুঁজে পাইনি। কেননা সেখানে শুধু তুই-ই আছিস। তবু তোকে হারিয়ে প্রতিশোধ নেওয়ার জন্য পিছপা হলাম না। কিন্তু বলতে দ্বিধা নেই, তুই সত্যি ভাগ্যবান। সে এ পৃথিবীর অজুহাত না দিয়ে ভালোবাসা বাঁচাতে যা করা উচিত তাই করেছে। এখন যা, আর তোর দায়িত্ব পালন কর। সে বলেছে তাকে আর কেউ পাবে না, তুই ছাড়া।”

ছবিটা আর একবার দেখে ইরে এবং সঙ্গীদের জড়িয়ে ধরে কাইয়া ছুটে চলে গেল। সকলে তাদের জন্য শুভকামনা জানাল।

কাইয়া ছুটতে ছুটতে সোনালি ফুলের বাগানে এলো। খুঁজতে খুঁজতে তাকে পেয়ে গেল। একটা বেঞ্চের ওপর মুখ ভার করে বসে আছে। আস্তে আস্তে এসে তার পায়ের কাছে বসল। দুজনের কোনো কথা হলো না। পরস্পরের দিকে নির্নিমেষ দৃষ্টিতে চেয়ে রইল।

কাইয়া হঠাৎ বলল, “একদিন বলেছিলে তুমি যেতে গিয়ে ফিরে আসবে যদি আমি সেই অবস্থান তৈরি করি। আমি গড়তে পেরেছি, তাই না?”

কাথা তাও কিছু বলল না, শুধু চেয়ে রইল।

কাইয়া তার অনেক কাছে চলে এলো। আস্তে আস্তে তার ঠোঁটে ঠোঁট ছোঁয়াল। “এখনো আমার অনেক পাওনা বাকি, তাই না বলো?”

কোলের ওপর থেকে কাথার নিঃসাড় হাতটি তুলে নিয়ে কাইয়া হাঁটতে শুরু করল। আজ তাকে কেউ বাধা দিল না, কাথাও না। সে-ও নিশ্চিন্তে সেদিকেই চলল যেদিকে কাইয়া নিয়ে চলল।

ফলো করুন

লিখতে পারেন আপনিও!

আপনার এলাকার ঘটে যাওয়া ঘটনা, মতামত, ফিচার বা সৃষ্টিশীল সাহিত্য পাঠাতে পারেন আমাদের ঠিকানায়। নিয়ম ও শর্তাবলি জানতে কন্ট্রিবিউটর গাইডলাইন দেখুন।

ফটো কার্ড প্রিভিউ

Logo
১১ নভেম্বর ২০২৬
News Image
Watermark

না পাওয়া, পাওয়া প্রেম

networknewsbd.com
বিস্তারিত কমেন্টে
News Image
Watermark

না পাওয়া, পাওয়া প্রেম

১১ নভেম্বর ২০২৬
networknewsbd.com
ফটোকার্ড জেনারেটর
Network News BD
না পাওয়া, পাওয়া প্রেম
শব্দশৈলী | ১১ নভেম্বর, ২০২৬
📰 বিস্তারিত কমেন্টে দেখুন