জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক (পাস) ও স্নাতক (সম্মান) শ্রেণির পাঠ্যসূচিতে পুনরায় রোভার স্কাউটিং কোর্স অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, আত্মিক বিকাশ এবং সামাজিক-সাংস্কৃতিক মূল্যবোধের সঙ্গে স্কাউটিংকে যুক্ত করে কোর্সটিকে আধুনিক ও বিশ্বমানের করে তোলার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
আজ শনিবার (২২ আগস্ট ২০২৬) রাজধানীর কাকরাইলে স্কাউটস ভবনে বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কমিটির ১৫৬তম সভায় সভাপতির বক্তব্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ এই কথা জানান। সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য স্কাউটিং বিষয়ে এক ক্রেডিটের কোর্স চালুর বিষয়টি পুনর্বিবেচনা করা হয় এবং এ বিষয়ে একটি কনসেপ্ট পেপার তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় ড. আমানুল্লাহ বলেন, “শিক্ষার্থীদের মোরাল এডুকেশনের সঙ্গে স্পিরিচুয়াল ও সোসিও-কালচারাল শিক্ষার সমন্বয় করে স্কাউটিং কোর্সকে নতুনভাবে সাজানো হবে।” শিক্ষা কার্যক্রমের পাশাপাশি স্বেচ্ছাসেবা ও সহশিক্ষা কার্যক্রমে স্কাউটিংকে নিবিড়ভাবে যুক্ত করার ওপর গুরুত্ব দিয়ে তিনি জানান, ‘প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপে’ স্কাউটদের স্বেচ্ছাসেবক হিসেবে সম্পৃক্ত করা হবে এবং স্কাউটিংয়ের কার্যক্রম আরও দৃশ্যমান বা ‘ভিজিবল’ করতে হবে।
এছাড়া আগামী ডিসেম্বরে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে স্কাউটদের একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান সফলভাবে আয়োজনের প্রস্তুতি নেওয়ার পাশাপাশি মুট ও অ্যাডভেঞ্চার ক্যাম্প নিয়মিত আয়োজনের পরামর্শ দেওয়া হয়। স্কাউটিংয়ের সঙ্গে তৃতীয় ভাষা শিক্ষা (Third Language) যুক্ত করা এবং বিশ্ববিদ্যালয়ের ল্যাংগুয়েজ ক্লাবের কার্যক্রমে রোভার স্কাউটদের সম্পৃক্ত করার দিকনির্দেশনা দেন ভিসি। পরিবেশ সংরক্ষণে দুই কোটি গাছ লাগানোর কর্মসূচিতে স্কাউটদের সম্পৃক্ত করে কেবল চারা রোপণ নয়, বরং সেগুলোর সঠিক পরিচর্যা ও সংরক্ষণে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। স্কাউটিংয়ের বিভিন্ন কার্যক্রমে সরকারের পাশাপাশি বেসরকারি খাত ও সমাজহিতৈষী ব্যক্তিদের সহযোগিতা বাড়ানোর ওপরও জোর দেওয়া হয়।
সভায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের কমিশনার প্রফেসর ড. খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল, জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেনসহ রোভার অঞ্চলের নির্বাহী কমিটির ৩৪ জন সদস্য উপস্থিত ছিলেন।
এসএন/
