তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলা ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান রাজু।
রোববার (১ নভেম্বর) ফুলবাড়ীয়া উপজেলার তালতলা বাজার এলাকায় স্থানীয় তরুণদের সঙ্গে সময় কাটান তিনি। এ সময় তাদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে উপহার হিসেবে খেলাধুলার সামগ্রী তুলে দেন।
এ সময় স্থানীয় তরুণদের সঙ্গে কুশল বিনিময় ও খেলাধুলার বিভিন্ন বিষয়ে কথা বলেন রাজু। তিনি তরুণদের অবসর সময় মোবাইল ফোন বা অনর্থক কাজে ব্যয় না করে মাঠমুখী হওয়ার আহ্বান জানান।
মাহমুদুল হাসান রাজু বলেন, ‘তরুণরাই সমাজ ও দেশের ভবিষ্যৎ। তাদের সঠিক পথে পরিচালিত করতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা শুধু শারীরিক সুস্থতাই নিশ্চিত করে না, বরং শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সম্প্রীতি গড়ে তোলে। মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে তরুণদের জন্য খেলার পরিবেশ তৈরি করা জরুরি। আমি চাই, আমাদের তরুণ সমাজ মাদক নয়, খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে এগিয়ে যাক।’
স্থানীয় তরুণরা এ উদ্যোগে উৎসাহ প্রকাশ করেন। তাদের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে এলাকার তরুণদের মধ্যে খেলাধুলার আগ্রহ বাড়বে এবং সুস্থ বিনোদনের পরিবেশ গড়ে উঠবে।
