ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী দেলোয়ার হোসেনের সমর্থনে আয়োজিত এক নির্বাচনী উঠান বৈঠকে বক্তব্য প্রদান করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-র সহ-সভাপতি প্রকৌশলী রাশেদ প্রধান।
১২ অক্টোবর (সোমবার) দুপুরে রুহিয়া রেলস্টেশন সংলগ্ন এলাকায় আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বক্তব্যে প্রকৌশলী রাশেদ প্রধান বলেন, “১৯৭১ সালের স্বাধীনতা পরবর্তী সময় থেকে আজ পর্যন্ত উত্তরবঙ্গের এই অবহেলিত জনপদের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে অনেক এমপি, মন্ত্রী ও স্পিকার নির্বাচিত হলেও সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা ও জীবনযাত্রার মানোন্নয়নে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আজও সামান্য চিকিৎসার জন্য পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ের মানুষকে রংপুর বা ঢাকায় দৌড়াতে হয়।”
সরকারের বিগত প্রতিশ্রুতি ও সিন্ডিকেট রাজনীতির সমালোচনা করে তিনি বলেন, “নির্বাচনের আগে বড় বড় কথা ও প্রতিশ্রুতি দেওয়া হলেও পরবর্তীতে তার বাস্তবায়ন হয় না। সাধারণ মানুষ আজ পরিবার কার্ড ও কর্মসংস্থান থেকে বঞ্চিত। চাল, তেল, গ্যাস, বিদ্যুৎ এবং সারের দাম বৃদ্ধি পেয়ে সিন্ডিকেট ও চাঁদাবাজির কারণে জনজীবন অতিষ্ঠ। কৃষক সঠিক সময়ে সার পাচ্ছে না।”
দেলোয়ার হোসেনের সততা ও সংগ্রামের কথা উল্লেখ করে জাগপা সহ-সভাপতি বলেন, “দেলোয়ার হোসেন বহু জুলুম, নির্যাতন ও রিমান্ড সহ্য করে আজও জনগণের পাশে দাঁড়িয়েছেন। আল্লাহ তাঁকে বাঁচিয়ে রেখেছেন এই অবহেলিত ঠাকুরগাঁওকে একটি আধুনিক, মানবিক ও ইনসাফভিত্তিক এলাকায় রূপান্তর করার জন্য। আগামী ২৯ তারিখ ন্যায় ও ইনসাফের প্রতীক ‘দাড়িপাল্লা’ মার্কায় ভোট দিয়ে ও গণনা শেষ হওয়া পর্যন্ত কেন্দ্রে থেকে ফলাফল নিশ্চিত করে বিজয় ছিনিয়ে আনতে হবে।”
এছাড়া বক্তব্যে তিনি রাষ্ট্রপতি ও বঙ্গভবনের নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান জানান এবং নির্বাচনী প্রচারণায় সরকারি বা নিরপেক্ষ পদের প্রভাব বিস্তারের তীব্র সমালোচনা করেন।
উক্ত উঠান বৈঠকে জামায়াতে ইসলামীর ঠাকুরগাঁও ১ উপনির্বাচনের সংসদ সদস্য প্রার্থী দেলোয়ার হোসেন সহ জাগপার স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন।
