শিরোনাম:
Network News BD
সোমবার, ১২ অক্টোবর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

রাতে অন্তর্বাস পরে ঘুমালে কি স্তন ক্যানসারের ঝুঁকি বাড়ে?

রকমারি ডেস্ক

প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৬, ১১:১৫ PM ২৪ বার পঠিত
রাতে অন্তর্বাস পরে ঘুমালে কি স্তন ক্যানসারের ঝুঁকি বাড়ে?

ছবি: সংগৃহীত

নারীদের স্বাস্থ্য ও দৈনন্দিন জীবনযাপন নিয়ে আমাদের সমাজে নানা ধরনের প্রচলিত ধারণা রয়েছে। এর মধ্যে অন্যতম একটি বিষয় হলো অন্তর্বাস ব্যবহারের নিয়মকানুন এবং তার সাথে স্তন ক্যানসারের সম্পর্ক। অনেকেই মনে করেন, নির্দিষ্ট কোনো রঙের অন্তর্বাস পরলে ক্যানসার হতে পারে। আবার কারো ধারণা, রাতে অন্তর্বাস পরে ঘুমানো কিংবা খুলে ঘুমানোর অভ্যাসের সাথে এই মরণব্যাধির সরাসরি যোগসূত্র রয়েছে। এমনকি অন্তর্বাসের মাপ নিয়েও নানা ভীতিকর কথা শোনা যায়। বহু বছর ধরে চলে আসা এসব ভ্রান্ত ধারণার পালে নতুন করে হাওয়া দিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম। ফেসবুক বা ইনস্টাগ্রামের বিভিন্ন রিল ও ভিডিওতে একেকজন একেক রকম তথ্য দিচ্ছেন, যা সাধারণ নারীদের মধ্যে অহেতুক বিভ্রান্তি ও আতঙ্ক ছড়াচ্ছে।

চিকিৎসাবিজ্ঞান অবশ্য এসব প্রচলিত ধারণাকে একেবারেই সমর্থন করে না। স্তন ক্যানসার বিশেষজ্ঞদের মতে, অন্তর্বাসের রং, ধরন কিংবা রাতে সেটি পরে ঘুমানোর অভ্যাসের সাথে স্তন ক্যানসারের ঝুঁকি বাড়ার কোনো বৈজ্ঞানিক ভিত্তি আজ পর্যন্ত পাওয়া যায়নি। তাই সামাজিক যোগাযোগমাধ্যমের গুজবে কান দিয়ে অন্তর্বাস নিয়ে অযথা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। বরং ক্যানসার প্রতিরোধে নারীদের উচিত নিজেদের স্তনের স্বাভাবিক স্বাস্থ্য এবং যেকোনো ধরনের শারীরিক পরিবর্তনের দিকে নিয়মিত নজর রাখা।

রাতে ঘুমানোর সময় অন্তর্বাস পরে থাকা উচিত নাকি খুলে ফেলা ভালো, তা নিয়ে অনেকের মনেই দ্বিধা থাকে। চিকিৎসকরা বলছেন, বিষয়টি সম্পূর্ণ ব্যক্তিগত পছন্দ এবং শারীরিক আরামের ওপর নির্ভর করে। কেউ যদি রাতে অন্তর্বাস পরে ঘুমাতে স্বস্তি বোধ করেন, তবে তাতে কোনো ক্ষতি নেই। আবার কেউ যদি খুলে ঘুমাতে পছন্দ করেন, সেটিও পুরোপুরি স্বাভাবিক। রাতে অন্তর্বাস পরে ঘুমালেই ক্যানসার হবে, এমন কথার কোনো সত্যতা নেই। তবে একটি বিষয়ে খেয়াল রাখা জরুরি। খুব আঁটোসাঁটো অন্তর্বাস পরে ঘুমালে ত্বকে ঘষা লাগতে পারে, শরীরে চাপের দাগ বসতে পারে কিংবা স্তনে ব্যথা হতে পারে। যাদের স্তনে ব্যথার সমস্যা রয়েছে, তারা আরামের জন্য নরম কাপড়ের ঢিলেঢালা অন্তর্বাস বেছে নিতে পারেন।

সঠিক মাপের অন্তর্বাস ব্যবহার না করার কারণে অনেক সময় শারীরিক অস্বস্তি তৈরি হয়। ভুল মাপের অন্তর্বাস পরলে ত্বকে জ্বালাপোড়া, ঘষা লেগে ক্ষত হওয়া কিংবা চাপের দাগ পড়ার মতো সমস্যা দেখা দিতে পারে। তবে এই সাধারণ শারীরিক অস্বস্তিগুলোকে কখনোই স্তন ক্যানসারের লক্ষণ ভেবে ভুল করা উচিত নয়। অন্তর্বাস কেনার সময় কেবল আকর্ষণীয় নকশা বা রঙের দিকে না তাকিয়ে সেটি শরীরের মাপের সাথে মিলছে কি না এবং আরামদায়ক কি না, সেদিকে প্রাধান্য দেওয়া দরকার। বিশেষ করে গর্ভাবস্থায় বা সন্তানকে বুকের দুধ খাওয়ানোর সময় নারীদের শরীরের গঠনে পরিবর্তন আসে। এই সময়গুলোতে শারীরিক পরিবর্তন অনুযায়ী নতুন মাপের অন্তর্বাস বেছে নেওয়া প্রয়োজন।

অন্তর্বাস নিয়ে দুশ্চিন্তা না করে স্তন ক্যানসারের প্রকৃত লক্ষণগুলো চিনে রাখা প্রতিটি নারীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্তন বা বগলের নিচে হঠাৎ কোনো চাকা বা মাংসপিণ্ড অনুভব করা, যেকোনো একটি স্তনের আকার বা আকৃতিতে অস্বাভাবিক পরিবর্তন আসা এবং স্তনের ত্বকে টোল পড়া বা চামড়া কুঁচকে যাওয়া এই রোগের প্রাথমিক লক্ষণ হতে পারে। এ ছাড়া স্তনবৃন্তে কোনো ধরনের অস্বাভাবিক পরিবর্তন দেখা দিলে বা স্তনে একটানা অস্বস্তি ও ব্যথা থাকলে তা অবহেলা করা উচিত নয়।

শরীরে এ ধরনের কোনো লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। রোগীর বয়স, শারীরিক উপসর্গ এবং প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে চিকিৎসক প্রয়োজন অনুযায়ী আলট্রাসাউন্ড, ম্যামোগ্রাফি কিংবা বায়োপসি করার পরামর্শ দিতে পারেন। স্তন ক্যানসার নিয়ে অহেতুক গুজবে কান না দিয়ে সঠিক স্বাস্থ্যসচেতনতা এবং সময়মতো চিকিৎসকের পরামর্শ নেওয়াই পারে যেকোনো বড় বিপদ থেকে সুরক্ষা দিতে।

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!