শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

দীঘদিন সংস্কারহীন রুহিয়ার রামনাথ-খুটাখালপাড়া সড়ক

মোস্তাফিজুর রহমান আকাশ

মোস্তাফিজুর রহমান আকাশ

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ AM ২৭ বার পঠিত
দীঘদিন সংস্কারহীন রুহিয়ার রামনাথ-খুটাখালপাড়া সড়ক

ছবি: নেটওয়ার্ক নিউজ বিডি

ঠাকুরগাঁওয়ের নবগঠিত রুহিয়া উপজেলার রামনাথ হাট এলাকার এমপি মোড় থেকে খুটাখালী-পলাশ বাংলা বাজার পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। প্রয়োজনীয় সংস্কারের অভাবে পুরো রাস্তাজুড়ে ছোট-বড় অজস্র খানাখন্দের সৃষ্টি হয়েছে। অনেক জায়গায় পিচ ও পাথর উঠে গিয়ে তৈরি হয়েছে বড় বড় গর্ত, আবার কোথাও সড়কের দুই পাশ ভেঙে চলাচলের পথ অত্যন্ত সংকীর্ণ হয়ে পড়েছে। ফলে প্রতিদিন মারাত্মক দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, ব্যবসায়ী ও চালকদের।

এই সড়কটি খুটাখালপাড়া, পলাশ বাংলা বাজারসহ আশপাশের কয়েকটি গ্রামের মানুষের রুহিয়া সদর ও রামনাথ হাটে যাতায়াতের প্রধান মাধ্যম। অল্প সময়ে যাতায়াত করা যায় বলে এটি এলাকার অন্যতম ব্যস্ত পথ। এছাড়া সড়কের পাশেই অবস্থান করছে ৫ নম্বর রুহিয়া পশ্চিম ইউনিয়ন পরিষদ কার্যালয় এবং একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান। প্রতিদিন দাপ্তরিক কাজ ও সেবার প্রয়োজনে শত শত মানুষ এবং পাঠগ্রহণের জন্য শিক্ষার্থীরা ঝুঁকিপূর্ণ এই রাস্তা ব্যবহার করতে বাধ্য হচ্ছেন।

সরেজমিনে দেখা যায়, বিশেষ করে এমপি মোড় থেকে কালীবাড়ি পর্যন্ত অংশের অবস্থা সবচেয়ে নাজুক। পিচ উঠে গিয়ে মাটির আস্তরণ বের হয়ে এসেছে। সড়ক সরু হওয়ায় বিপরীতমুখী দুটি যানবাহন মুখোমুখি হলে একটিকে ঝুঁকিপূর্ণভাবে পাশ কাটাতে হয়। রাতের অন্ধকারে এসব গর্তে পড়ে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।

স্থানীয় ব্যবসায়ী আলমগীর হোসেন জানান, রামনাথ হাটে যাতায়াতের একমাত্র পথ হওয়ায় প্রতিদিন তাকে মারাত্মক ভোগান্তিতে পড়তে হয়। রাতের বেলায় গর্ত না দেখতে পেয়ে দুর্ঘটনার ভয় সব সময় তাড়া করে। কালীবাড়ি এলাকার বাসিন্দা মির্জা শামীম বলেন, কৃষি পণ্য পরিবহনসহ স্থানীয়দের যোগাযোগের প্রধান সড়ক হলেও বছরের পর বছর এটি অবহেলিত। স্থানীয় এক শিক্ষার্থী জানায়, রাস্তার করুণ দশার কারণে সাইকেল চালিয়ে বিদ্যালয়ে যাওয়া কষ্টকর হয়ে পড়েছে। অটোচালকরা জানান, খানাখন্দের ফলে যানবাহনের যন্ত্রাংশ বারবার নষ্ট হচ্ছে, যা তাদের জীবনযাত্রায় আর্থিক চাপ তৈরি করছে।

দুর্ভোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে রুহিয়া উপজেলা প্রকৌশলী মাবুদ হোসেন জানান, “পলাশ বাংলা বাজার থেকে এমপি মোড় রামনাথ হাট পর্যন্ত সড়কটির বিদ্যমান অবস্থা আমরা সরজমিনে পরিদর্শন করেছি। সংস্কারের জন্য ইতোমধ্যে একটি প্রকল্পের আওতায় প্রস্তাব পাঠানো হয়েছে। প্রকল্পের অনুমোদন মিললেই দরপত্র আহ্বানের মাধ্যমে দ্রুত কাজ শুরু করা হবে।”

গুরুত্বপূর্ণ এই সড়কটি দ্রুত পুনর্নির্মাণ ও সংস্কারের মাধ্যমে জনগণের যাতায়াত সুগম করার জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!