ময়মনসিংহ নগরীর মাসকান্দা এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা সৌখিন পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে গেলেও এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
খবর পেয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বা বাকৃবি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শিবিরুল ইসলাম বলেন, রাত সোয়া ১২টার দিকে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়। আগুন দেখে আশপাশের লোকজন নেভানোর চেষ্টা করেন। তবে ততক্ষণে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়।
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী বলেন, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাসটিতে কেউ ইচ্ছাকৃতভাবে আগুন দিয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ ঘটনাস্থল থেকে কিছু আলামত জব্দ করেছে। অধিকতর তদন্তের পর অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে।
ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আগুন লাগার কারণ অনুসন্ধান করছে। এদিকে গভীর রাতে বাসে এমন অগ্নিসংযোগের ঘটনায় ওই এলাকায় সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
