ময়মনসিংহের ফুলবাড়িয়ায় তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে এবং মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখার প্রত্যয়ে শুরু হয়েছে মরহুম আসাদুজ্জামান আসাদ স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে উপজেলার নাওগাঁও ইউনিয়নের সন্তোষপুর বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে চমৎকার এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
সন্তোষপুর কান্দুর বাজার স্পোর্টস ও সাংস্কৃতিক একাডেমির আয়োজনে অনুষ্ঠিত এই উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় ত্রিশালের মঠবাড়ী একতা স্পোর্টিং ক্লাব এবং ঘাটাইলের সাগরদিঘী ফুটবল একাদশ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও সাধারণ দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা যায়। আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে সুস্থ ও সুন্দর জীবনযাপনে উদ্বুদ্ধ করতে এবং স্থানীয় পর্যায়ে ক্রীড়া প্রতিভার বিকাশে মরহুম আসাদুজ্জামান আসাদের স্মরণে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এই আয়োজনের সার্বিক তত্ত্বাবধান ও সুষ্ঠুভাবে পরিচালনায় সহযোগিতা করছেন মরহুমের ছোট ভাই সাবেক ইউপি সদস্য মাসুদ রানা এবং যুবদল নেতা আকরাম হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সন্তোষপুর কান্দুর বাজার স্পোর্টস ও সাংস্কৃতিক একাডেমির সভাপতি মো. তোফায়েল আলম সভাপতিত্ব করেন। আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাওগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ইউসুফ আলী এবং টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পলাশীটা স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ নাজমুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য মো. আব্দুল মান্নান ও শামছুর রহমান সুমন, সন্তোষপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মো. মফিজ উদ্দিন, নাওগাঁও ইউনিয়ন যুবদলের সভাপতি মো. আব্দুর রহিম ও সাধারণ সম্পাদক মো. আব্দুল খালেক, ইউনিয়ন শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি মো. কালাম এবং ধনবাড়ী আলিম মাদরাসার প্রভাষক মো. রফিকুল ইসলাম রফিক। এছাড়া স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা সেখানে উপস্থিত ছিলেন।
