চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেপুরের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ‘বখতেয়ার ফকির বাড়ি শিশু-কিশোর সংঘ’-এর উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে। শুক্রবার আয়োজিত এই অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মুহাম্মদ রাকিবের সঞ্চালনায় এবং বখতেয়ার ফকির (রহ.) শাহী জামে মসজিদের সভাপতি হাফেজ মুহাম্মদ জাফরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও দানবীর ফরিদ আহমেদ (মুন্সি)।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন সমাজ প্রতিনিধি মুহাম্মদ আবদুল খালেক সওদাগর ও মুহাম্মদ জাফর। বক্তারা বলেন, আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও সমাজের নেতৃত্ব দেবে। তাই ভালো ফলাফলের পাশাপাশি তাদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধে সমৃদ্ধ করে গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জোবরা পশ্চিম পট্টি স্কুল অ্যান্ড কলেজের কো-অর্ডিনেটর ও প্রভাষক মুহাম্মদ আরিফ হোসেন, এলাকার পেশ ইমাম হাফেজ মুহাম্মদ হাবিবুল্লাহসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সংগঠনের প্রতিষ্ঠাতা ইমেরিটাস মো. সাজ্জাদ হোসেনের স্বপ্ন বাস্তবায়নে এবং শিশু-কিশোরদের মেধা ও ব্যক্তিত্ব বিকাশে সংগঠনটি দীর্ঘদিন ধরে বিভিন্ন শিক্ষা ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। অনুষ্ঠান শেষে কৃতী ও মেধাবী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়, যা শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।
এসএন/
