শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপিত

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৫ আগস্ট ২০২৬, ৬:৪১ PM ৭ বার পঠিত
কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপিত

“জুলাই চেতনায় গড়ব দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্য ধারণ করে কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ বুধবার (০৫ আগস্ট ২০২৬) জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়, যার মধ্যে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভা অন্যতম।

​দিবসের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহিদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। এ সময় শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি গণঅভ্যুত্থানে আহত ও অংশগ্রহণকারী জুলাই যোদ্ধাদের সুস্থতা, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

​পরে আয়োজিত আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম। জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সোহানা নাসরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান, গুরুদয়াল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. সিদ্দিক উল্লাহ এবং দায়িত্বপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মো. নাজমুল করিম।

​অনুষ্ঠানে স্থানীয় সরকারের উপপরিচালক জেবুন নাহার শাম্মী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেসমিন আক্তার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ এবং সদর উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান মারুফসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, জুলাই শহিদ পরিবারের সদস্য, জুলাই যোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও ছাত্র-জনতা অংশ নেন।

​আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের অসামান্য আত্মত্যাগ এবং জুলাই যোদ্ধাদের সাহসী ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা কেবল একটি ঐতিহাসিক স্মৃতি নয়, বরং ন্যায়, সাম্য, মানবিক মর্যাদা ও জনআকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে আগামী প্রজন্মের জন্য এটি একটি বড় অনুপ্রেরণার উৎস। জুলাইয়ের চেতনাকে ধারণ করে দেশ ও জনগণের কল্যাণে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান বক্তারা।

​অনুষ্ঠান শেষে জুলাই গণঅভ্যুত্থানের শহিদ পরিবারের সদস্য এবং জুলাই যোদ্ধাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা ও শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!