কিশোরগঞ্জের কুলিয়ারচরে কাবাডি খেলা নিয়ে বিরোধের জেরে এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যার দিকে উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের লক্ষ্মীপুর বুধাইবাড়ি গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
নিহত যুবকের নাম জুয়েল মিয়া (২০), তিনি লক্ষ্মীপুর বুধাইবাড়ি গ্রামের কুদ্দুছ মিয়ার ছেলে। তুচ্ছ এক খেলাকে কেন্দ্র করে অকালে প্রাণ ঝরে যাওয়া এই তরুণের মৃত্যুতে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একটি হাসিখুশি প্রাণ এভাবে নিভে যাবে, তা মেনে নেওয়া দায়। পরিবারের একমাত্র সম্বলকে হারিয়ে বাবা-মায়ের আর্তনাদ যেন আকাশ-বাতাস ভারী করে তুলছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ৪/৫ দিন আগে লক্ষ্মীপুর বুধাইবাড়ি ও বড়চরা গ্রামের ছেলেদের মধ্যে কাবাডি খেলা নিয়ে ঝগড়া হয়। এর জেরে আজ শুক্রবার সন্ধ্যার দিকে বড়চরা গ্রামে জুয়েলকে একা পেয়ে পিটিয়ে গুরুতর জখম করা হয়। পরে স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে বাজিতপুর উপজেলার একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশের একটি দল নিয়ে তিনি নিজেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এসএন/
